জাভেদের ব্যাটিং বিনোদন এবং অশরীরে মাসুদ!
খালেদ মাসুদের বাদ পড়া তো বিতর্কিত অবশ্যই। অতোটা না হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্বকাপ দলে জাভেদ ওমরের অন্তর্ভূক্তিও। ধীরলয়ের ব্যাটিংয়ের জন্য আমজনতার কাছেও নিজের অ ---জনপ্রিয়তার খবর এখন আর তার অজানা নয়। শনিবার নেটে ব্যাটিং করতে নামার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে উৎসাহী দর্শকদের ভিড় নিশ্চয়ই তার নজর এড়ায়নি। সুতরাং নেমেই তার ধুমধাড়াক্কা শুরুর সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা যেতে পারে!
অবশ্য তাতে বিনোদনের খোরাক যোগানো গেছে বেশ। নেট টানানো ‘হোম অব ক্রিকেট’ --- এর উইকেট থেকে অনেকবারই বল গ্যালারিতে আছড়ে ফেলেছেন এই ওপেনার! কৃতিত্ব দাবি করার সুযোগ কম, কারণ, একেবারেই অনিয়মিত বোলার হাবিবুল বাশারের বিপক্ষেই অমন তোপ বেশি বেশি দাগাচ্ছিলেন তিনি। এর প্রথমটা গ্যালারিতে এসে পড়ার সময়ই রব উঠলো,“ ইতিহাসে জাভেদের প্রথম ছক্কা।”
উপস্থিত লোকদের মাঝে হাসির ফোয়ারা বইলো তাতে! চীৎকার করে বলা কথাটা জাভেদের কানে যাওয়াটাও বিচিত্র নয়। তাই যেন চলতেই থাকলো তার তান্ডব। এবং সেই সঙ্গে সবার মুখে লেগে থাকলো সেই হাসিটাও। এই হাসি বিশ্বকাপের আসরে জাভেদের মুখে কতোটা থাকবে, তা নিয়েও আছে সংশয়। শনিবার নেট প্র্যাকটিসের ব্যাটিং অর্ডারটা যদি হয় বিশ্বকাপের ম্যাচগুলোর কথা মাথায় রেখেই, তাহলে তার একাদশে জায়গা হওয়ার কারণ নেই। কোনো ওপেনার ব্যর্থতার শেষে গিয়ে পৌঁছালে অবশ্য ভিন্ন কথা। নেটে বোলারদের ব্যাটিংয়ের ঠিক আগে সুযোগ পেলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটেই শুধু নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা আছে জাভেদের। কিন্তু তার বল নষ্ট করার বদনাম এমন হয়ে গেছে যে, সাধারণ দর্শকদের স্মৃতির সীমায় সেগুলো আর আসতে পারে না। তাই একাদশে জাভেদকে না রাখলে সাধারণ ক্রীড়ামোদীদের অনেকে হয়তো তা পছন্দই করবেন।
অথচ এর ঠিক উল্টো চিত্র খালেদ মাসুদ পাইলটের ক্ষেত্রে। তাকে বাদ দেওয়া নাড়া দিয়েছে সাধারণ্যের মনকেও। পত্র --- পত্রিকা অফিসে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তারাও নির্বাচকদের দিকে আঙ্গুল তুলে আসছেন। জাভেদকে নেওয়ার জন্য যতোটা, তার চেয়ে অনেক, অনেক বেশি। সেসব দেখে এই সেদিনও ঈর্ষায় পুড়েছেন জাভেদ নিজেও,“কতো মানুষ ওর পাশে আছে .....!”
মাসুদের বাদ পড়া সাধারণ মানুষের মাঝেই যখন এত প্রভাব ফেলেছে, তখন তার দীর্ঘদিনের সতীর্থদের মাঝেও তার ছাপ পড়াটাই হবে স্বাভাবিক। এক সঙ্গে খেলতে খেলতে অনেকের সঙ্গেই মাসুদের সম্পর্কটা হয়ে গিয়েছিল ঘনিষ্ঠতারও বেশি কিছু। তাই হাবিবুল বাশারের ভাষায় ‘বিশ্বকাপের যাত্রা শুরু’র প্র্যাকটিস সেশনে মাশরাফি --- আশরাফুলদের মাঝে না থেকেও হয়তো থাকবেন খালেদ মাসুদ। এতদিন পাশে পেয়েছেন, কিন্তু এবার নেই! বিতর্কিত এই সিদ্ধান্তের প্রভাব তাই দলে পড়ছে কিনা, বাংলাদেশ অধিনায়ককে এ প্রশ্নেরও জবাব দিতে হলো। কথাটাকে একেবারে উড়িয়ে দিতে পারলেন না। “আশা করি পড়বে না” বলেই তাকে স্বীকার করতে হলো,“একটু তো প্রভাব পড়তেই পারে। পাইলট আমাদের অনেকদিনের পুরনো টিমমেট। দলে যারা ছিল বা আছে, তারা সবাই ঘনিষ্ঠ। হ্যাঁ, একটু পড়তেই পারে।”
পেশাদারিত্বের বর্মটা ভেদ হয়েই যাচ্ছিল প্রায়। হাবিবুল সামলে উঠলেন,“কিন্তু আমরা সবাই পেশাদার। আমাদের প্রথম কাজ মাঠে পারফর্ম করা। আমরা একটা জিনিষ বিশ্বাস করি, যখনই যে দল পাওয়া যায় সেটাই আমাদের পরিবার। এখন এটা আমাদের সেরা দল। যখন খেলা শুরু হবে তখন এটা অবশ্যই মাথায় থাকবে না। যেহেতু আমরা পেশাদার, আমাদের মূল কাজ তাই দেশের হয়ে সর্বোচ্চ পারফর্ম করা।”
মাথায় না থাকাটাই জরুরী। তবে এই প্র্যাকটিস সেশনে কিন্তু মাসুদ ঠিকই থাকলেন। সশরীরে না হলেও অশরীরে!
