২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীতে এসেই আশার বাণী শোনালেন ক্রুসিয়ানি

পুরনো তিক্ততা ভুলে ক্রুসিয়ানি আবার বাংলাদেশে। এবার আর বাংলাদেশ দল নয়, তার নতুন চ্যালেঞ্জ আবাহনী। এই চ্যালেঞ্জের সার্থক রূপায়নের জন্য আর্জেন্টাইন কোচ সঙ্গে করে নিয়ে এসেছেন তিন আর্জেন্টাইন ফুটবলারকে। “স্থানীয় খেলোয়াড় ও এই তিন আর্জেন্টাইনের সমন্বয়ে আবাহনী এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো একটি দল হয়েছে বলেই মনে হয়। আমি চেষ্টা করবো তাদের শিরোপা উপহার দিতে ”----- ধানমন্ডির আবাহনী ক্লাব ভবনে পা রেখেই নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন আবাহনীর নতুন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এ দেশে এটা তার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। প্রথম চাকরি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, বাংলাদেশ দলের দায়িত্বে। তাতে তিনি সফল হননি। পরিনামে এক বছরের ওই চাকরি জীবনের শেষের দিকে নিজের বেতনের টাকাও খোয়াতে হয়েছিল তাকে। এ নিয়েই বাফুফের সঙ্গে তিক্ততার জন্ম এবং শেষমেশ অনেক অপমান ---- লাঞ্ছনা সয়ে দেশে ফিরে গিয়েছিলেন গত অক্টোবরে।

বৃহস্পতিবার সকালে আবার ক্রুসিয়ানি বাংলাদেশে এসেছেন নতুন দায়িত্ব নিয়ে।  এসে জানিয়েছেন আগেরবারের ঘটনাগুলো  আর মনে করতে চান না, “বাফুফে কর্মকর্তাদের আচরনে মনে হয়তো ক্ষোভ জমে আছে, কিন্তু ওসব নিয়ে আর ভাবতে চাই না, এখন শুধু আবাহনী নিয়েই ভাবতে চাই।” এই ভাবনার মধ্যে লুকিয়ে থাকা চাপা ক্ষোভ, জেদ মিলিয়ে তার মধ্যে আবাহনীকে প্রথম পেশাদার লিগের শিরোপা উপহার দিয়ে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকাটাই স্বাভাবিক।

সেজন্যই সঙ্গে করে নিয়ে এসেছেন তিন আর্জেন্টাইন ফুটবলার, যাদের প্রশংসায় তিনি উচ্চকন্ঠ। ফুটবল ক্যারিয়ারের দিকে তাকালে তিনজনের মধ্যে হেক্টর হার্নান পেরোডিকেই এগিয়ে রাখতে হয়। ২০০৪ সালে আর্জেন্টিনার প্রিমিয়ার লিগের ক্লাব দল রেসিংয়ে খেলার অভিজ্ঞতা আছে এই স্ট্রাইকারের। এছাড়া ফ্রান্স আর কোস্টারিকাতেও খেলেছেন। তবে কোস্টারিকা থেকে ফিরে গতবছর ভালো কোনো দল না পেয়ে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দলে খেলতে হয়েছে পেরোডিকে। সেই দলের হয়ে গত মৌসুমে ২১ গোল করা এই স্ট্রাইকার সম্পর্কে ক্রুসিয়ানির মূল্যায়ন, “সে বাংলাদেশের আলফাজ ---- এমিলিদের চেয়ে অনেক ভালো স্ট্রাইকার।” বাকি দুজনের মধ্যে মিডফিল্ডার মারিয়ানো সিজার সানচেজকে খেলাবেন তিনি জিদান ও রিকুয়েলমের মতোই। ক্রুসিয়ানির প্রিয় ৪---৩----১---২ ছকে মাঝখানের ফ্রি মিডফিল্ডার হিসেবে থাকবেন সানচেজ।

কিন্তু মাঠের নেতা মানছেন তিনি মারিয়ানো কার্লোস ক্যাপোরালেকে, “এই ডিফেন্ডার খেলে নেতার মতোই। পেছন থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে তার।” গত দুই মৌসুম অর্জেন্টিনা ও মেক্সিকোয় খেলা এই ডিফেন্ডারকে পেয়ে আবাহনী অনেকটাই নিশ্চিন্ত। কারণ, দেশের সেরা ডিফেন্ডার মোহাম্মদ সুজনকে দলে নিলেও তার ইনজুরি এখনো সারে নি। তার বিকল্প পাওয়া মানে তো বড় একটা মুশকিল আসান!

সঙ্গে নিয়ে আসা তিন আর্জেন্টাইনকে বাংলাদেশীদের মানের চেয়ে এগিয়ে রাখলেও  প্রত্যাশা পূরণে তাদেরকেও কিছুটা সময় দিতে হবে বলে মনে করেন ক্রুসিয়ানি, “তারা (বিদেশী) স্থানীয়দের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে বলে আশা করছি। তবে প্র্যাকটিসের সময়টা কম হয়ে গেছে।” আবার সেটাকে উতরে যাওয়ার উপায় হিসেবে আর্জেন্টাইন কোচ এখানকার চেনা পরিবেশ ও চেনা ফুটবলারাদের ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখছেন, “এখানকার ফুটবলারদের আমি ভালামতোই জানি। তারাও আমার প্র্যাকটিসের ধরন ও স্টাইলের সঙ্গে পরিচিত। তাই খুব সমস্যা হবে বলে মনে হয় না।”

ফুটবলারদের অবস্থা দেখে নিতে বৃহস্পতিবার বিকেলেই ক্রুসিয়ানি প্র্যাকটিসে নেমে পড়ছেন। তার আগে সকালে ঢাকা আবাহনীর পরিবেশ দেখে তাকে বেশ সন্তুষ্টই মনে হয়েছে। এর রেশ শেষ পর্যন্ত থাকবে কি---না সেটাই এখন বড় প্রশ্ন।

আর্জেন্টাইন কোচ অবশ্য সব তুচ্ছ করে অগ্রাধিকার দিচ্ছেন সাফল্যের জন্য নিজের একশ ভাগ উজাড় করে দেয়াকে, “আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবো। আর আবাহনী অনেক টাকা-----পয়সা খরচ করে যে দল গড়েছে তা নিয়ে প্রথম পেশাদার লিগ জিততে পারলেই খুশি হবো আমি ।”