ক্রীড়াঙ্গনের যত ‘অনেক কাজের কাজী’ এবং তাদের বিদায়বার্তা
নড়াইল ও ঢাকার দূরত্ব শূন্য ! অবাক হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু আশিকুর রহমান মিকুর কর্মকান্ড দেখলে তাই মনে হবে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এই সাধারন সম্পদক যখন ঢাকায় বসে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কাজ চালান তখন কয়েকশ কিলোমিটারের দূরত্বে আর কী আসে যায়!
ক'দিন আগেও জাতীয় ক্রীড়া পরিষদ যেন এমনই ভাবতো। সেই ‘বিকারগ্রস্ত’ জাতীয় ক্রীড়া পরিষদ এখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে পড়ে কিছুটা সুস্থ, স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এবং অনেক পরে হলেও তাদের পরিষদ কর্মকর্তাদের মনেও প্রশ্ন জেগেছে, একজন লোক জাতীয় ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়ে কী করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কার্যক্রমও চালান। তাই ক্রীড়াঙ্গনে এক ব্যক্তি যাতে দু জায়গার গুরুত্বপূর্ণ পদে আসীন হতে না পারেন, সেই ব্যাবস্থা নিশ্চিত করার পরিকল্পনা প্রনয়ণ করছে পরিষদ। তবে এ ব্যাপারে পরিষদের কোনো কর্মকর্তাই মুখ খুলতে চান না।
ক্রীড়াঙ্গনে এরকম দ্বৈত সত্তার অধিকারী লোকের অভাব নেই। বিশেষ করে ফেডারেশনগুলোর সর্বশেষ নির্বাচনের পর সংখ্যাটা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী ইমাম তপন হয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বুলবুল বসেছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক পদে। নড়াইলের আশিকুর রহমান ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক হয়েও দিব্যি চালিয়ে যাচ্ছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কাজ। মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হয়ে গেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সজল আসীন হয়েছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে।
আলী ইমাম তপনের টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ভীষণ বেহাল অবস্থা। গত দুবছর ক্রীড়া সংস্থা জেলায় ফুটবল ও ক্রিকেট লিগ আয়োজন করতে পারেনি। খোঁজ নিয়ে জানা গেছে, তপন সংস্থার সাধারন সম্পাদক হয়েও বেশিরভাগ সময় থাকেন ঢাকায়। তার বিরুদ্ধে ক্রীড়া সংস্থার হাউজির অর্থ তসরুপের অভিযোগও উঠেছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই কমিটির দেওয়া রিপোর্টে স্পষ্টভাবে ৬ লাখ ৯৯ হাজার ৯৪৩ টাকা তসরুপের কথা বলা হয়েছে। এ ব্যাপারে সংস্থার কোষাধ্যক্ষ কাজী জাকেরুল মওলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। কোনো বিল----ভাউচার কিংবা চেকেও আমার স্বাক্ষর নিতেন না তপন সাহেব। সমস্ত টাকা --- পয়সা তিনিই নাড়াচাড়া করতেন।” যিনি নিজের এলাকায় জেলা ক্রীড়া সংস্থা চালাতে ব্যর্থ সেই তপনই এখন জাতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক !
এছাড়া আলী ইমাম তপন ২০০৪ সালে আওয়ামী লীগ নেতা বাপ্পী ও মতিন হত্যা মামলারও আসামী। তহবিল তসরুপ এবং সাংগঠনিক ব্যার্থতার অভিযোগ অস্বীকার করে হত্যা মামলা প্রসঙ্গে টাঙ্গাইল যুবদলের সভাপতি আলী ইমাম তপনের বক্তব্য, “রাজনীতি করতে গেলে তো এরকম মামলা থাকতে পারে। তবে এই মামলার চার্জশিট হয়নি, অভিযোগও প্রমাণিত হয়নি।”
ভলিবলের আশিকুর রহমান মিকু তপনের মতো হত্যা মামলার আসামী নন। তিনিও আছেন অনেক গুরত্বপূর্ন পদে। ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক নিজেই সগর্বে জানিয়েছেন, “আমি ৭ বারের নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আর দ্বিতীয়বারের মতো ভলিবলের সাধারণ সম্পাদক হয়েছি। এছাড়া তিন----তিন বার সহ----সভাপতি হয়ে আছি কুস্তি ফেডারেশনে।” এসব কৃতিত্বের সুবাদে তিনি হকি স্টেডিয়ামে দোতলায় একটা রুম দখল করে সেখানেই থাকেন। পরিবার থাকে নড়াইলে। এভাবে কি সব কাজ ঠিকমতো করা যায় ? “সদিচ্ছা থাকলে করা যায়। একটু তো চাপ পড়েই”---- বলেছেন আশিকুর রহমান মিকু।
ব্যাডিমন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বুলবুল সপরিবারে ঢাকায় থাকেন। এখানে থেকে ফেনী জেলা ক্রীড়া সংস্থায়ও নজর দিতে গেলে ‘একটু বাড়তি চাপ’ পড়ে বলে তিনিও স্বীকার করেছেন।
মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অবশ্য থাকেন মুন্সীগঞ্জেই। সেখান থেকে এসেই তিনি কাবাডি ফেডারেশনের ‘সম্পাদকগিরি’ করেন।
ওদিকে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সজল বেশিরভাগ সময়ই পড়ে থাকেন বগুড়ায়। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হয়েও সেখানে না থাকলে কি তার চলে? অভিযোগ আছে, তিনি নাকি টেলিফোনেই চালান সাঁতার ফেডারেশন। অভিযোগটি সজল অস্বীকার করলেন এভাবে, “যখন মিটিং থাকে, তখন আমি ঢাকায় আসি।” কিন্তু সাঁতার ফেডারেশনের সম্পাদক পদ পাওয়ার ব্যাপারে ফেডারেশনের সহ---সভাপতি শাহাবুদ্দিন আহমেদের অভিযোগ, “হাওয়া ভবনের ‘ভাইয়া’-র বদৌলতে সে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছে। নির্বাচনের সময় ফোরামের নেতা মোল্লার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আমাকে ওই পদের দাবি ছেড়ে দিতে বলেন। তার মতে, সজলকেই নাকি সম্পাদক করার চাপ ছিল।” হাওয়া ভবনের ‘ভাইয়া’ মানে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক জিয়া, তার আশীর্ব্বাদেই নাকি ক্রীড়াসংগঠক না হয়েও ক্রীড়াঙ্গনে ক্ষমতাধর হয়ে উঠেছেন অনেকে।
‘ফোরাম নেতা মোল্লা’-র পুরো নাম গোলাম রসুল মোল্লা। এই নেতা আছেন তিনটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে------- ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবির সহ---সভাপতি এবং ফুটবল ফেডারেশনের সদস্য। কিন্তু এই গুনধর (!) সংগঠককে সবাই চেনে ‘ফোরামের নাটের গুরু’ হিসেবেই। ফেডারেশনগুলোর নির্বাচনের সময় যার নেতৃত্বে দাপিয়ে বেড়ায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ফোরাম সদস্যরা। নানান অপ---কৌশলে ফেডারেশনগুলোতে ঢুকে পড়েন তারা। গত পাঁচ বছর ফোরামের দৌরাত্ম্য এতই বাড়-----বাড়ন্ত ছিল যার কু ----প্রভাবে আজ ক্রীড়াঙ্গনের এই বেহাল অবস্থা।
এই বেহাল অবস্থার ভুক্তভোগী ক্রীড়া সংগঠক, স্থপতি মোবাশ্বের হোসেন। ফোরামের ভূমিকায় তিনি ভীষণ ক্ষুব্ধ, “জনসভায় মানুষ সরবরাহ করার মতোই এই ফোরামের কাজ হচ্ছে ক্রীড়াঙ্গনে লোক সরবরাহ করা। তাদের মূল কাজ ফেডারেশনের নির্বাচনে টাকার বিনিময়ে ভোট কেনা ---- বেচা করা এবং ফেডারেশনে ঢুকে নিজেদেরও যত খুশি বিদেশ সফরের স্বপ্ন পূরণ করা। সবসময় তাদের কোপানলে পড়েছে ঢাকার ক্রীড়া সংগঠকরা।”
তবে তাদের দিন বোধহয় শেষ হতে চলেছে। ক্রীড়াঙ্গনের এই ‘অনেক কাজের কাজীদের’ অনেকেই কাটা পড়তে যাচ্ছেন ক্রীড়া পরিষদের শুদ্ধি অভিযানে।
