২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপেম্যাচ জিতলেই হাবিবুলদের জন্য লোভনীয় অঙ্কের বোনাস

ইদানীং ক্রিকেট কমিটির সভায় উপস্থিত থাকেন জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশারও। বাবা --- মার আশীর্বাদ নিতে তিনি এখন কুষ্টিয়ায়। তাই বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটির সভায় তার প্রতিনিধিত্ব করলেন হাবিবুলের ডেপুটি শাহরিয়ার নাফীস। এবং ওই সভাতেই তাকে জানানো হয়েছে, বিশ্বকাপে সাফল্য কেবল তাদের জন্য অপার আনন্দের উৎসই হবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্টকেও স্ফীত করবে যথেষ্ট। প্রতিটা জয়ের জন্য লোভনীয় অঙ্কের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 10:35 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

একটা ওয়ানডে জেতার জন্য বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটার এখন এক হাজার ডলার করে বোনাস পান। কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডে একেকটা জয় তাদের এনে দেবে এর দ্বিগুণ বোনাস। আর হাবিবুল দ্বিতীয় রাউন্ডে খেলার যে লক্ষ্যের কথা বলে আসছেন, সেটা পূরণ হলে তো কোনো কথাই নেই। মাথাপিছু পাঁচ হাজার ইউএস ডলার করে পাবেন হাবিবুল বাশাররা। এখানেই শেষ নয়, এ রাউন্ডে প্রতিটা জয়ের জন্য থাকবে তিন হাজার ডলার করে। ক্রিকেট কমিটির সভায় ক্রিকেটারদের বিশ্বকাপ বোনাসের এসব অঙ্ক চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির এক বিশ্বস্ত সূত্র। অবশ্য ২৪ ফেব্র“য়ারি অনুষ্ঠেয় বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এটা অনুমোদনের জন্য তুলতে হবে।