নির্বাচকদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে : ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে খালেদ মাসুদের বাদ পড়ার খবরটাই শুধু নয়। এই সাবেক অধিনায়ক নির্বাচকদের ব্যক্তিগত প্রতিহিংসারও শিকার --- এমন অভিযোগও বুধবার প্রায় সব পত্র --- পত্রিকাতেই ছাপা হয়েছে। এটা নজর এড়ায়নি তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীরও। বুধবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে এব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। তার ভাষায়, “নির্বাচকদের বিরুদ্ধে অভিযোগের কথা আমিও জেনেছি। এটা বলতে পারি এই অভিযোগ খতিয়ে দেখা হবে।”
অবশ্য এক্ষেত্রে তিনি চট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিতে চান,“ দেখুন আজকে সকালেই মাত্র পত্র --- পত্রিকাতে বিষয়টা এসেছে। এটা নিয়ে আমি প্রথমে ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
তদন্ত সাপেক্ষে প্রতিহিংসার প্রমাণ মিললে ফারুক আহমেদদের জন্য খারাপ কিছু অপেক্ষা করে আছে বলেই মনে হল তার কথায়, “খতিয়ে দেখার পর যদি প্রমাণিত হয় যে মাসুদকে বাদ দেওয়ার পেছনে তাদের (নির্বাচকরা) অন্য কোনো উদ্দেশ্য ছিল, তাহলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
তার আগে আপাতত নির্বাচকদের সিদ্ধান্তেই আস্থা রাখতে চান ক্রীড়া উপদেষ্টা। তাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মাসুদকে দলে ফেরানোর জন্য তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে জানানোর পরও বললেন, “না, এ ব্যাপারে আমি কোনো উদ্যোগ নেব না। দল গড়ার জন্য একটা নির্বাচক কমিটি আছে। তারা তাদের কাজটা করেছেন। এবং সবদিক বিবেচনা করে দলের ভালোর জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে আমি বিশ্বাস করতে চাই।”
