রাইকার্ডের অভিযোগের জবাব দিলেন এ'তো
তারা যা খুশি বলতে পারেন, কিন্তু আমি সব সময়ই আমার সতীর্থদের কাছে দায়বদ্ধ। আসলে কি ঘটেছে তা জানতে চাইলে আপনাদের উচিৎ রাইকার্ডকে প্রশ্ন করা ” ---- স্যামুয়েল এ'তোর কণ্ঠ থেকে যেন ঠিকরে বেরোতে চাইছে ক্ষোভ আর যন্ত্রণা। প্রায় ৪ মাস পর মাঠে ফিরতে না ফিরতেই তাকে বিতর্কে জড়িয়েছেন বার্সেলোনা কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড! ক্যামেরুনের এই তারকা স্ট্রাইকার ক্ষুব্ধ তো হবেনই!
বিতর্কিত ঘটনাটার জন্ম রোববার, স্প্যানিশ লিগে রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচে। রাইকার্ডের ভাষ্যমতে সেদিন এ'তোকে বদলি হিসাবে মাঠে নামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু গত মৌসুুমের সর্বোচ্চ গোলদাতা নাকি নামতে চাননি! “এ'তো ওয়ার্মআপ করছিল। কিন্তু হঠাৎই সে (অ্যাসিস্ট্যান্ট কোচ) ইউসেবিওকে বললো যে সে মাঠে নামতে চায় না” Ñ রাইকার্ডের মন্তব্য। পর্তুগিজ কিংবদন্তীকে এমন কথা বলায় এ'তোকে ভর্ৎসনা করতেও ছাড়েননি ‘বার্সা’ কোচ,“এটা একটা লজ্জাজনক ঘটনা। কারণ, একটি ম্যাচে প্রত্যেক মিনিট, প্রত্যেকটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আমি তার সঙ্গে এ নিয়ে এখনো কোনো কথা বলিনি। তবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলার জন্য আমি সব সময়ই প্রস্তুত।”
বলা বাহুল্য, কোচের এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন এ'তো। সব সময়ই তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অতীতে এ নিয়ে ঝামেলাও কম পোহাতে হয়নি তাকে। তবে এবারের বিতর্কিত ঘটনার পেছনে ষড়যন্ত্রের গন্ধও খুঁজে পাচ্ছেন এ'তো। তার ধারণা বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার প্রতিপক্ষরা ঘটনাটার জন্ম দিয়েছে,“এমন একটা যুদ্ধের মাঝখানে নিজেকে দেখতে পাচ্ছি, যেটা আমার যুদ্ধ নয়। বার্সেলোনায় দুটো গ্র“প আছে আর তাদের দ্বন্দ্বের মাঝখানে পড়তে হয়েছে আমাকে। এ ব্যাপারে কাউকে কোনো কৈফিয়ত দেয়ার নেই আমার। যদি তা দিতে হয়, তাহলে শুধু ক্লাবকেই দেবো আমি। অবশ্য যদি তারা আমাকে কিছু জিজ্ঞেস করে তবেই।”
