২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটামোদীরা মাসুদকে ফেরানোর দাবি তুললেও ক্রিকেট বোর্ড বলছে 'না'

খালেদ মাসুদের নিজ শহর রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন তার ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের সংগঠন ‘বেঙ্গল টাইগার্স’ রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সাবেক অধিনায়ককে দলে ফেরানোর পাশাপাশি নির্বাচকদের পদত্যাগ পর্যন্ত দাবি করেছে। আর বুধবার সকালে পত্র --- পত্রিকায় চোখ বুলিয়ে নির্বাচকরাও নিশ্চয়ই বুঝে গেছেন তারা এখন ‘ভিলেন’। মাসুদের দুঃখে সমব্যথীরাও ঈর্ষা করতে পারেন তার জনসমর্থন দেখে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া জাভেদ ওমর যেমন বলছেন, “পাইলটের কী সৌভাগ্য দেখেছেন! কতো মানুষ তার পাশে আছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এই দলে আছেন এমনকি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীও। “একদম সাধারণ ক্রীড়ামোদী হিসেবে আমারও মনে হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে তার সুযোগ পাওয়া উচিত ছিল”--- বুধবার নফহবংি২৪.পড়সকে বলেছেন তিনি। মাসুদকেই দেশের সেরা উইকেটকিপার মানলেও তিনি অবশ্য খানিকটা কূটনীতিকের ভাষাতেই বললেন, “নির্বাচকরা নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে দলে রাখেননি তাকে।”

তবে জনসমর্থন যতই থাকুক, মিনহাজুল আবেদীন নান্নুর মতো ভাগ্যে শিঁকে ছিঁড়ছে না মাসুদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম নিশ্চিতই করে দিলেন, “১৫ জনের দলে যারা আছে, তারাই বিশ্বকাপে যাবে। এখন কাউকে বাদ দিয়ে কাউকে দলে ঢুকানোর কোনো সুযোগই নেই।”

১৯৯৯-র বিশ্বকাপে প্রথমে ঘোষিত দলে না থেকেও পরে বিশ্বকাপে খেলেছিলেন মিনহাজুল। তবে মাহবুব বলছেন এবার আর তেমনটা করার সুযোগ নেই, “বুঝতে হবে আইসিসির তখনকার আর এখনকার আইন এক নয়। এখন নিয়ম অনেক কঠিন। আমরা ১৫ জনের দল আইসিসিতে পাঠিয়ে দিয়েছি। তাই লোকজন মাসুদকে দলে ফেরানোর কথা ভাবতে পারলেও আমরা পারছি না।” উপায় এখন একটাই, “কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লেই কেবল আমরা তার জায়গায় আরেকজনকে নিতে পারবো।” ২০০৩ র বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকা আকরাম খানকে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে  নেওয়া সম্ভব হয়েছিল এ ভাবেই, মাশরাফি বিন মর্তুজার বিকল্প হিসেবে।

কিন্তু সেভাবে নয়। মাসুদের নিজ যোগ্যতাতেই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হয়েছেন ক্রিকেটামোদীরা। কারো পক্ষে সেটাকে মিছিলে রূপ দেওয়া সম্ভব হচ্ছে। আবার আরো অনেকের নীরব সমর্থনও প্রকাশ্যে আসতে দেখেছেন মাসুদ নিজেই। মন খারাপ করে ঘরবন্দী হয়ে থাকার মতো লোক নন তিনি। আগেরদিন দল থেকে বাদ পড়ার খবর জানার পরপরই লং ড্রাইভে চলে গিয়েছিলেন। একান্তই নিজের মাঝে ডুবে যাওয়া মাসুদ সেদিন খুব কম লোকের ফোনই রিসিভ করেছেন। এরপর রাতে মোবাইলের কললিস্ট চেক করতে গিয়ে তাকে নিয়ে অন্যদের ব্যাগ্রতাটাও আঁচ করতে পেরেছেন বলেই মনে হল, “প্রায় ২০০টা মিসকল দেখলাম।”

সেদিন নিজেকে দূরে সরিয়ে রাখলেও বুধবার সকাল থেকে অন্যদের কাছে আসতে দিলেন। তার প্রতিক্রিয়া জানার জন্য ব্যাকুল হয়ে থাকা ইলেকট্রনিক মিডিয়া বিকেল চারটায় ধানমন্ডি চার নাম্বার মাঠে তার ইন্টারভিউ নেওয়ার সম্মতি পেল। তবে তার আগে দুপুর নাগাদই ঘর থেকে বেরিয়ে মাসুদ গিয়েছিলেন ধানমন্ডির স্টার রেস্তোরায়। সেখানে গিয়ে বসতে না বসতেই তাকে কেন্দ্রে রেখে একটা ছোটোখাটো ভিড়  লেগে যায়। অনেকে অটোগ্রাফ নিতে আসলেন। আরে, একজন ক্রিকেটারের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার দুঃখের সময় কেউ অটোগ্রাফ নিতে আসে নাকি! প্রথম এমন ভাবনা কাজ করলেও পরে ভুলটা ভাঙ্গল। বোঝা গেল অটোগ্রাফ নেওয়াটা অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য মাসুদের কাছাকাছি আসা এবং তাকে বিশ^কাপ দলে না দেখার মনোবেদনা জানিয়ে যাওয়া।  সেসব ক্রিকেটামোদীদের মনের কথা বাঁক নিয়ে কখনো কখনো খুব আক্রমণাতœক রুপও নিয়ে ফেলল। একজন যেমন নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেললেন, “আপনাকে যারা বাদ দিয়েছে তাদের আসলে লজ্জা পাওয়া উচিত।”

লজ্জাটা এজন্য যে মাসুদকে দেশসেরা উইকেটকিপারের স্বীকৃতি দেওয়ার পরও তাকে দলে না রেখে নির্বাচকরা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করেছেন বলেই অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও আছে সেটারই উল্লেখ। তাই তারা দেশের ক্রিকেটের সন্মান রক্ষার্থে মাসুদকে দলে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

অথচ অবাক করার মতো ব্যাপার যাকে নিয়ে মন পুড়ছে এতো লোকের, সেই ‘লড়াকু’ মাসুদ মোটেই শোকে পাথর হচ্ছেন না। হলে বুধবার সকালেই ব্যাট --- বল নিয়ে নেমে পড়ার জন্য ব্যাকুল হয়ে উঠতেন না। এদিন জাতীয় ক্রিকেট লিগে তার বিভাগীয় দল রাজশাহীর চারদিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে তা একদিন পিছিয়ে যাওয়ায় নিজে থেকেই মাসুদকে বলতে শোনা গেল, “ভাবছি এই ম্যাচটাতে খেলবো কিনা।”

উপেক্ষার জবাব দেওয়ার জন্য মাঠই যে তার সেরা মঞ্চ। কিন্তু তৃতীয়বারের মতো তাকে বিশ্বকাপের মঞ্চে উঠতে না দেওয়া নিয়ে ক্রিকেটামোদী ও ক্রিকেট বোর্ডের মতের সংঘাতই বুঝিয়ে দিচ্ছে মাসুদকে বাদ দেওয়ার পেছনে অন্যকিছু ছিল।