২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-দুঃস্বপ্ন মুছে ফেলতে চান হাসি

এর আগেও এক বারই অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছিলেন মাইক হাসি। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে রিকি পন্টিংয়ের ইনজুরির কারণে সুযোগ পাওয়া হাসির অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে অভিষেকটা অবশ্য ভাল হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে সেই ম্যাচে ৩ উইকেটে হেরে গিয়েছিল তার দল। সেদিনের দুঃখজনক স্মৃতিকে মুছে ফেলার সুবর্ণ সুযোগ এখন হাসির সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বভার তার কাঁধেই। এবং কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে ইংল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার যন্ত্রণা এই সিরিজ দিয়েই ভুলতে চাইছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কাজটা খুব সহজ হবে না। এমনিতেই ইংল্যান্ডের কাছে টানা তিন ম্যাচে পরাজয়ের ঘা এখনো শুকায়নি। তার ওপরে ‘প্রতিবেশী’ নিউজিল্যান্ডের মাটি সব সময়ই অস্ট্রেলিয়ার জন্য বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। সেটা যে কতটা কঠিন সে কথা  তারা বুঝতে পেরেছিল ২০০৫এর ১০ ডিসেম্বর। সেদিন ক্রাইস্টচার্চে ৩৩১ রানের বিশাল স্কোর গড়েও  অস্ট্রেলিয়া জিততে পারেনি। তখনকার বিশ্ব রেকর্ড গড়ে ১ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছিল কিউইরা। তাছাড়া বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেয়া হয়েছে রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টকে। সব মিলিয়ে অস্ট্রেলীয়দের বেশ অস্বস্তিতেই থাকার কথা।

 তবে হাসি তা মানতে রাজি নন। বুধবার নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে বরং আত্মবিশ্বাসই প্রতিধ্বনিত হয়েছে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠে,“আমার বিশ্বাস সেখানে (নিউজিল্যান্ডে) বিপজ্জনক একটা দল হিসাবেই নিজেদের প্রমাণ করবো আমরা। ভাল খেলার জন্য দলের প্রত্যেকেই দারুণ উজ্জীবিত।” যদিও ইংল্যান্ডের কাছে হারের যন্ত্রণা কিছুতেই ভুলতে পারছেন না হাসি। তবে সেই পরাজয় থেকেই অনুপ্রেরণা খুঁজে নিতেও সমস্যা হচ্ছে না তার,“ইংল্যান্ডের কাছে টানা পরাজয়ে আমরা হতাশ। ব্যাপারটা আমাদের কষ্টও দিচ্ছে। তবে সেই হতাশা মুছে ফেলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই সঙ্গে বিশ্বকাপটা আত্মবিশ্বাস নিয়েই শুরু করতে চাই আমরা।” অধিনায়কত্বের নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতেও মুখিয়ে আছেন তিনি,“এটা দারুণ সম্মানের ব্যাপার। আমি সত্যিই চ্যালেঞ্জটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি।”

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার, ওয়েলিংটনে। পরের ম্যাচ দুটো ১৮ ও ২০ ফেব্র“য়ারি।