২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার চেয়েও বড় চমক নিউজিল্যান্ড দলে

বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় যারা ছিল সবচেয়ে এগিয়ে, তারাই কি চূড়ান্ত দল ঘোষণার সময় পিছিয়ে পড়ল সবচেয়ে বেশি? অস্ট্রেলিয়ার হালের পারফর্ম্যান্স আর মঙ্গলবার ঘোষিত ১৫ জনের দল দেখলে প্রশ্নটাকে কিন্তু হেসে উড়িয়ে দেয়া যাবে না। সিবি সিরিজ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এখন অনেক প্রতিপক্ষের কাছেই হয়তো অস্ট্রেলিয়া আর অজেয় দলের মর্যাদা পাবেনা। বিশ্বকাপে যদি আগের দু আসরের দুর্দান্ত পারফর্মার ওয়ার্ন, ড্যামিয়েন মার্টিনরা না থাকেন ; যদি সাইমন্ডস ইনজুরি কাটিয়ে উঠতে না পারেন, গিলক্রিস্টও মিস করেন প্রথম দিকের ম্যাচগুলো --- তাহলে ‘উইনিং কম্বিনেশন’-- এর লেজটুকুও কি থাকে অস্ট্রেলিয়ার?

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মঙ্গলবার নিউজিল্যান্ডও জানিয়ে দিয়েছে তাদের বিশ্বকাপের ১৫ জনের নাম। সেখানে অবাক করা সংযোজন একটাই  ---- প্রায় দুবছর পর দলে ফিরে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন ড্যারিল টাফি।

ওয়ার্ন আগেই ওয়ানডে থেকে আর মার্টিন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাদের ছাড়াই বিশ্বকাপ পরিকল্পনা চূড়ান্ত করছিল অস্ট্রেলিয়া। সে পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস আর অ্যাডাম গিলক্রিস্ট। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ খেলতে পারবেন -- এ আশায় তাকে দলে রাখার সিদ্ধান্ত একরকম নিয়েই রেখেছিল অস্ট্রেলিয়া। ইনজুরি তাকে না ছাড়লে শেষ মূহুর্তে তার জায়গায় কাউকে দলে নেয়ার অনুমতিও নেয়া ছিল আইসিসির কাছ থেকে। তাই ১৫ জনের দলে তার নাম দেখে অবাক হওয়ার কিছু নেই।

এ মুহুর্তে অস্ট্রেলিয়ার যত দুশ্চিন্তা উইকেটকিপার -- ব্যাটসম্যান গিলক্রিস্টকে নিয়ে। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে দলের সঙ্গে এক্ষুনি ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছেন না গিলক্রিস্ট। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ তো বটেই, এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচটাও মনে হয় খেলা হবে না তার। তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ওপেনার এবং উইকেটকিপারের ভূমিকায় তাকে দেখা যেতে পারে পরের রাউন্ড থেকে। তাই তার অনুপস্থিতির ক্ষতি পোশাতে দলে নেওয়া হয়েছে  উইকেটকিপার ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিনকে। গিলক্রিস্ট ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর আগে হ্যাডিনও ইনজুরিতে পড়লে কিপিং গ্লাভস পরতে হবে মাইক হাসিকে।

এভাবে ম্যাচউইনার ‘গিলি’র শূন্যস্থান সাময়িকভাবে পূরণ করতে গিয়ে ক্যামেরন হোয়াইটকে  ডোবানো হয়েছে হতাশার অতলে। ভিক্টোরিয়ার এই অলরাউন্ডার সীমিত সুযোগে দারুণ সম্ভাবনার আলো দেখালেও এই বিশ্বকাপে তার আর খেলা হচ্ছে না।

ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ককেও রাখা হয়নি দলে। ম্যাকগ্রা, ব্রেট লি, ব্র্যাকেনদের সঙ্গে ফাস্ট বোলার হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শন টেইট।

তো সব মিলিয়ে কেমন হলো অস্ট্রেলিয়া দল? অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচমন্ডলীর সভাপতি অ্যান্ড্রু হিলডিচ মনে করেন এই দলেরও বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে, “ দলে অভিজ্ঞতা ও তারুন্যের ভারসাম্য লক্ষ্য করার মতো। তাই বলছি, এ দলের নিশ্চয়ই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে।” অধিনায়ক রিকি পন্টিংও এ ব্যাপারে সমান আশাবাদী। তবে দুশ্চিন্তাও আছে, আছে নিজেকে নিয়েও একটা দুশ্চিন্তা। মঙ্গলবার পন্টিং জানিয়েছেন পিঠের পুরোনো ব্যাথার জন্য সিবি সিরিজে নাকি তাকে খেলতে হয়েছে ইনজেকশন নিয়ে। বিশ্বকাপের আগেই তার এ ইনজুরি দূর হওয়ার কথা। না হলে অস্ট্রেলিয়ার কী হবে!

নিউজিল্যান্ড দলের তেমন কোনো সমস্যা বা দুশ্চিন্তা নেই। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক করতে যাচ্ছেন স্টিভেন ফ্লেমিং। এটা নিঃসন্দেহে দারুণ সম্মানের, অতুলনীয় আনন্দের। তারপরও তুলনা এসেই যায়। ফ্লেমিংয়ের আনন্দ কি টাফির চেয়ে বেশি? কাইল মিলসের জায়গায় হঠাৎ সুযোগ পাওয়ার ঘটনাটা ড্যারিল টাফি যেভাবে বলেছেন তাতে অন্যরকম ধারনাই জন্মে,“ ফোনটা যখন পেলাম তখন আমি ঘরে বসে আছি। ভেবেছিলাম ফোন করা হয়েছে শুধু আমি যে বিশ্বকাপে যেতে পারছি না এই তথ্য জানানোর সৌজন্য দেখাতে। আসলে তা নয়, রিচার্ড হ্যাডলি ফোন করেছিলেন আমি বিশ্বকাপ দলে আছি -- এ খবরটা জানাতে। আমি দারুণ খুশি!”

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ জনের দল : রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মাইক হাসি, ব্র্যাড হজ, শেন ওয়াটসন, অ্যান্ড্রূ সাইমন্ডস, ব্র্যাড হ্যাডিন, ব্র্যাড হগ, ব্রেট লি, মিশেল জনসন, শন টেইট, নাথান ব্র্যাকেন, গ্লেন ম্যাকগ্রা।

নিউজিল্যান্ডের ১৫ জনের দল : স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক), ড্যানিয়েল ভেট্টোরি, ড্যারিল টাফি, শেন বন্ড, জেমস ফ্র্যাঙ্কলিন, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রেইগ ম্যাকমিলান, মাইকেল ম্যাসন, জ্যাকব ওরাম, জীতেন প্যাটেল, স্কট স্টাইরিস, রস টেলর, লু ভিনসেন্ট।