ভারসাম্যহীন দল নিয়ে নির্বাচকদের হাস্যকর ও স্ববিরোধী কথা
নির্বাচকদের যুক্তি মেনে নিলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ জনের দলে কোনো স্পেশালিস্ট উইকেটকিপার নেই। এবং সেটা নাকি করা হয়েছে টিম কম্বিনেশনের স্বার্থেই!
মঙ্গলবার দুপুরে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার সংবাদ সম্মেলনে এমন সব কথাই শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। কোচ ডেভ হোয়াটমোর, অন্য দুই সতীর্থ আতহার আলী খান এবং গোলাম নওশের প্রিন্সকে নিয়ে বসে অবশ্য সব কথা একাই বললেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তার ভাষায় এটাই বাংলাদেশের সম্ভাব্য সেরা দল, কিন্তু সেই দল নিয়ে বিতর্কে উত্তপ্ত পরিবেশে মাঝে মাঝেই কথার খেইও হারাতে হলো বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে।
এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বস্ততার সঙ্গে বাংলাদেশের উইকেট সামলানো খালেদ মাসুদকে ছেঁটে ফেলেই বিতর্কের জ্বালামুখ খুলে দিয়েছেন তারা। মাসুদের পরিবর্তে নিয়েছেন অনভিজ্ঞ হলেও তাদের দৃষ্টিতে ‘পারফরমার’ মুশফিকুর রহিম। মানছেন,“মাসুদ এখনো দেশের সেরা উইকেটকিপার।” কিন্তু পরক্ষণেই ফারুক বলছেন,“আমরা ওকে পারফরম্যান্স বিবেচনায় বাদ দিয়েছি। যদিও অনেক অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু আমরা কেবল ওর কিপিংই নয়, ব্যাটিংটাও চেয়েছি। ওর সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে রান করে ওই দাবিটা মেটানোর। কিন্তু ও সেটা পারেনি। অনেক লম্বা আলোচনা হয়েছে আমাদের। কিন্তু দলের সেরা কম্বিনেশনের স্বার্থে ওকে বাদ দিতে হয়েছে।”
মাসুদকে বাদ দিয়ে যাকে নেয়া হয়েছে সেই মুশফিকের অন্তর্ভূক্তির ব্যাখ্যায় ‘ব্যাটিং'য়ের ওপরেই জোর দিলেন ফারুক,“মুশফিককে আমরা জিম্বাবুয়েতে তিন, চার ও পাঁচে খেলিয়েছি। প্রতিটা জায়গাতেই ও রান করেছে। তাছাড়া ওয়ানডেতে ছয় ও সাত নাম্বার (কখনো বললেন সাত ও আট, হয়তো প্রশ্নে জর্জরিত প্রধান নির্বাচকের কথার খেই হারানোর ফল) জায়গাটা খূব গুরুত্বপূর্ণ। এ জায়গাটাতে মাসুদের চেয়ে আমরা মুশফিককেই যোগ্য মনে করেছি।”
ব্যাটিং যোগ্যতাকে প্রাধান্য দিতে গিয়ে উইকেটকিপারের মতো বিশেষায়িত কাজও তাদের কাছে উপেক্ষিত হয়েছে বলেই প্রমাণ করলেন প্রধান নির্বাচক। এক প্রশ্নের জবাবে বললেন,“উইকেটকিপার ব্যাটসম্যান নয় আমরা মুশফিককে ব্যাটসম্যান উইকেটকিপার হিসেবে নিয়েছি।” অনেক দলে দুইজন করে উইকেটকিপার। দীর্ঘ সফরে এই জায়গাটায় বিশাল শূণ্যতা নিয়ে ফারুকের “আমরা অস্ট্রেলিয়া নই” ঢালও অভেদ্য থাকলো না তার নিজের কথাতেই,“প্রয়োজনে রাজিন উইকেটকিপিং করবে।” হাসির রোল উঠলো কিছুটা এ কথা শুনে। ঘরোয়া ক্রিকেটে রাজিন কখনো উইকেটকিপিং করেছেন বলে মনে করতে পারলেন না সংবাদ সম্মেলনে উপস্থিত কেউই। আর দেশের বাইরে? রাজিনেরও মনে করতে কষ্ট হল, “বাংলাদেশের ইংল্যান্ড সফরে খূব সম্ভবত একটা প্রস্তুতি ম্যাচে করেছিলাম।” কিন্তু ফারুকদের এই চিন্তা তো আপৎকালীন ব্যবস্থার।
ফারুকদের এমনি ‘ঠেকার কাজ’ চালানোর চিন্তা বাংলাদেশের গোটা বিশ্বকাপ দলেই নিয়ে এসেছে ভারসাম্যহীনতা। এই দলে চারজন ওপেনার। কিন্তু মিডল অর্ডারে কোনো বিকল্প ব্যাটসম্যানই নেই। আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও অধিনায়ক হাবিবুল বাশার --- এদের নিয়েই মিডল অর্ডার। অথচ শাহরিয়ার নাফীসের সঙ্গে ওপেনার হিসেবে তামিম ইকবাল ছাড়াও আছেন জাভেদ ওমর এবং রাজিন সালেহও। “তামিম জিম্বাবুয়েতে যাওয়ার আগে প্রিমিয়ারে সাত ম্যাচে চারশোর মতো রান করেছে। আমাদের মনে হয়েছে নিজের দিনে ও যে কোনো দলকে চমকে দিতে পারে” --- ফারুক অন্য দুজনের অন্তর্ভূক্তির ব্যাখ্যাও দিচ্ছেন,“জাভেদ আর রাজিন অভিজ্ঞ। তাছাড়া গত কিছুদিনে ঘরোয়া ক্রিকেটেও তো পারফরম করেছে ওরা।” অভিজ্ঞতার জোরে বাড়তি দুই ওপেনার দলে ঢুকে যেতে পারেন। কিন্তু মাসুদের অভিজ্ঞতার কোনো মূল্যই নেই ফারুকদের কাছে। স্ববিরোধিতার এই অভিযোগের জবাবে যুক্তি একটাই, “আমরা তো জাভেদ --- রাজিনের পারফরম্যান্সের কথাও বলেছি।” হ্যাঁ, তারা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের কথা বলেছেন। সেখানে তো এবার জাতীয় দলের অনেক ব্যাটসম্যানেরই দীর্ঘ রানখরা গেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কী তারা রান পাচ্ছেন না? না কি নির্বাচকরা তাদের কাউকে বাদ দেয়ার কথা ভেবেছেন?
প্রধান নির্বাচকের এই ব্যাখ্যায় আস্থা রাখতে দিচ্ছে না তাদের নিজেদেরই কর্মকাণ্ড। এই কদিন আগেও যে মেহরাব জুনিয়রকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, তাকে এবার বাদ দিয়ে বলছেন,“মেহরাব খারাপ না। কিন্তু এখনই বাংলাদেশ দলে খেলার মতো নয়।” বাহাতি পেসার সৈয়দ রাসেলও আছেন এই দলে,“আমরা রাসেলের চেয়ে আরো ভালো কাউকে চাচ্ছিলাম। পাইনি।” কিন্তু মিডল অর্ডারে বিকল্প না পাওয়ার কোনো কারণ নেই। তবুও তারা চারজনেই সন্তুষ্ট,“রাজিন আছে। মুশফিক আছে। রাজিন তো মিডল অর্ডারে আগেও খেলেছে।” আবার সেই আপৎকালীন চিন্তা। কারণ এবার প্রিমিয়ার লিগে যে পারফরম্যান্সের জোরে দলে ফিরলেন রাজিন, তার পুরোটাতেই যে ওপেনার হিসেবে! অথচ মিডল অর্ডার নিয়ে ভাবনায় রাজিন আছেন। কিন্তু নেই গত কিছুদিনে কালেভদ্রে একটা করে ম্যাচ খেলার সুযোগ দিয়ে দেখা তুষার ইমরান। তাকে বাদ দিয়ে অবশ্য কোনো অনুশোচনা নেই নির্বাচকদের।
যেমন নেই মাসুদকে বাদ দেয়ার পরও। গত ডিসেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের শেষ দুই ম্যাচে মাসুদকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল। এরপর তার বিশ্রাম চলছিল স্কটল্যান্ড সিরিজেও। আবার জিম্বাবুয়ে যাওয়ার আগে আঙ্গুলের চোটের জন্য ঝুঁকি নিতে না চাওয়ার কথা বলেছিলেন স্বয়ং ফারুকই। অথচ বিশ্বকাপের আগে হুট করে বলা হচ্ছে পারফরম্যান্সের কথা। তাহলে কী আড়ালে এতোদিন ব্যক্তিগত বিরোধের ঝাল মেটানোর প্রস্তুতিই নিচ্ছিলেন নির্বাচকরা? দল নিয়ে অনেক প্রশ্নের মাঝে মঙ্গলবার এই প্রশ্নটাও উচ্চারিত হয়েছে ক্রিকেটাঙ্গনের কমবেশি সবার মুখে!
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তূজা, শাহাদাত হোসেন, তাপস বৈশ্য, সৈয়দ রাসেল, রাজিন সালেহ এবং জাভেদ ওমর।
