২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তফা মামুনের বিশ্লেষন

মঙ্গলবার ঘোষিত হলো বাংলাদেশের বিশ্বকাপ দল। তাতে অনেক চমক। অনেক বিতর্কের উপাদানও তাতে। সেই দলটাকে বিশ্লেষন করেছেন আমাদের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

প্রিয় নির্বাচকবৃন্দ

এবার না হয় আমাদের ক্ষমা করে দিন

দিনটা পহেলা ফাল্গুন না হয়ে পহেলা এপ্রিল হলে সমস্যা ছিল না। আমরা মনে করতাম যে দলটা  ঘোষিত হলো সেটা আসলে ‘এপ্রিল ফুল’।  একটু পরে ভুল সংশোধন হবে। নির্বাচকরা হেসে বলবেন, আমরা আসলে একটু রসিকতা করলাম। কিন্তু  দেখা গেলো রসিকতা নয়, এটাই তাদের আসল কথা। এটাই তাদের দল। যে দল হাতে পাওয়ার পর এক উত্তেজিত টিভি সাংবাদিক বললেন, দেখুন। পুলিশও আছে। এই দল দেওয়ার পর নিরাপত্তার অভাব হতে পারে ভেবে আগে-ভাগেই...।

এটাও রসিকতা। কিন্তু নির্বাচকদের ইতিহাসের অন্যতম সেরা এই রসিকতার পর কোনটা রসিকতা আর কোনটা আসল কথা সেই বোধটাই যেন ‘নাই’ হয়ে গিয়েছিল। ফাল্গুনের প্রথম দিনে দল দিয়ে এমন আগুনই ধরিয়ে দিলেন নির্বাচকরা যে উত্তেজনায় শীতের মধ্যেও যেন সবাই ঘামছেন। তার চোটে সাংবাদিকদের প্রশ্নও মাঝে ---- মধ্যে গতি হারালো। সীমা ছাড়ালো!

বিশ্বকাপের দল ঘোষণার সময় এলেই আমাদের নির্বাচকদের মাথায় কী যেন হয়ে যায়! ৯৯ বিশ্বকাপ দলে মিনহাজুল আবেদীনকে বাদ দিয়ে পরে তখনকার প্রধান নির্বাচক এনায়েত হোসেন সিরাজ নিজেই বাদ পড়েন! গতবারও অভিন্ন ঘটনা। ৩০ জনের দল থেকে আকরামকে বাদ দেয়া হলেও পরে বিপদগ্রস্থ দলকে উদ্ধারের জন্য আকরামকে নিয়ে যেতে হয়। এই পথচ্যুতির কথা খানিকটা ভেবেই আমরা নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে সাবেক ৬ অধিনায়কের কাছে তাদের বিশ্বকাপ দল জানতে চেয়েছিলাম। পরামর্শগুলো হয়তো তাদের পথচ্যুতি ঠেকাবে। কিন্তু যারা পথ হারাতে চায়, তাদের পথপ্রদর্শক হতে যাওয়াই তো আসলে ঝুঁকির কাজ। রকিবুল হাসান, গাজী আশরাফ লিপু, আকরাম খান, আমিনুল ইসলাম, শফিকুল হক হীরা এবং নাঈমুর রহমান দুর্জয়  --- এই ৬ অধিনায়কের প্রত্যেকের তালিকায় অপরিহার্য উইকেটরক্ষক খালেদ মাসুদ, কিন্তু নির্বাচকদের ১৫ জনেও তার জায়গা নেই। ঠিক যে খালেদ মাসুদের ব্যাটিংটা প্রত্যাশামতো হচ্ছিল না, কিন্তু কিপিংয়ে তার সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় উইকেটরক্ষকের ব্যবধান ত্রিনিদাদ --- ঢাকার ব্যবধানের মতোই। সঙ্গে এক যুগের অভিজ্ঞতা, বিপদাপন্ন বাংলাদেশকে ব্যাট হাতে উদ্ধারের একরাশ ঘটনা, সেসব তিন নির্বাচকের এক মিটিংয়ে ‘নাই’ হয়ে যাবে!

মনে রাখা উচিত এই খালেদ মাসুদের ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও একটা সেঞ্চুরি আছে। মনে রাখতে না চাইলে অবশ্য কিছু করার নেই। এবং মনে হচ্ছে তারা ইচ্ছে করে এসব মনে রাখতে চাননি। এক সাংবাদিক প্রশ্নটা করতেই ফারুক বললেন,‘হ্যা। ওটা টেস্টে।’ এমন ভঙ্গি যেন টেস্টের রান ওয়ানডের ক্ষেত্রে বিবেচনা করা নাজায়েজ। আরেকজন করলেন মোক্ষম প্রশ্নটা,‘আপনার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যা আছে। সেটা কি কোনো কারণ?’ এই প্রশ্নও হবে জানতেন, কাজেই উত্তরও তৈরি করা। ‘না। সেটা কোনো কারণ নয়।’ এবং তারপর যে ব্যখ্যা দিলেন সেটা আরও হাস্যকর। তারা নাকি মুশফিকুরকে নিয়েছেন যেহেতু ও ভালো ব্যাটসম্যান, আর সঙ্গে যেহেতু কিপিংটাও পারে! একটা বিশ্বকাপ দল হচ্ছে কী জোড়াতালির চিন্তা দিয়ে! উইকেটকিপারের আগে লাগবে ব্যাটিং! গিলক্রিস্ট অসাধারণ ব্যাট করেন, কিন্তু মনে রাখা উচিত গিলক্রিস্ট কিপিংয়েও বিশ্বসেরাদের দলের। ভারত দীনেশ কার্তিককে দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে দলে রেখে, তাকে বাদ দিয়ে নয়। আসলে বাদ দেয়াটা যখন প্রথম উদ্দেশ্য, তখন তো যুক্তির অভাব হয় না। আর হাস্যকর যুক্তিকেও যারা চালিয়ে দিতে চান তাদেরকে লজ্জা দিতে গিয়ে নিজেদেরই লজ্জা পেতে হয়!

তারা তিনজন। ফারুক আহমেদ, জিএম নওশের প্রিন্স এবং আতহার আলী। তিনজনই খ্যাতিমান ক্রিকেটার ছিলেন, কিন্তু তিনজেনর ক্ষেত্রেই বিশেষ দ্রষ্টব্য আছে। ফাস্ট বোলার প্রিন্সের গুরুত্বপূর্ণ ম্যাচ  এলেই বিচিত্র বিচিত্র ইনজুরি হাজির হতো; এ নিয়ে তার সতীর্থ ক্রিকেটারদের কাছেই অনেক গল্প আছে। আতহার আলীও ছিলেন অসময়ে সরব, সময়ে নীরব টাইপের ক্রিকেটার। আর ফারুক আহমেদের ক্রিকেট --- প্রজ্ঞা এবং চিন্তাকে আমরা যতোই সম্মান করি, এটা তো ঠিক যে তার অধিনায়কত্বেই ’৯৪ --র আইসিসিতে ব্যর্থ হয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছিল ’৯৬ বিশ্বকাপ থেকে এবং ক্রিকেট মহল মনে করে তাতে ফারুক আহমেদের বাজে পারফরম্যান্সের দায় সমধিক।

সেই তিনজন দীর্ঘদিন ধরেই নির্বাচক, সাবেক ক্রিকেটার হিসাবে মিডিয়ার ব্ল্যাংক চেকও পেয়েছিলেন। কিন্তু তার  যে এমন অমর্যাদা  হবে, ভাবা যায়নি! খালেদ মাসুদ সবসময়ই একটু বিপ্লবী ধরনের মানুষ; ক্রিকেটাঙ্গনের দুর্নীতি, মোসাহেবী নিয়ে তিনি সদাসোচ্চার। আর তাই রিবকের স্পনসর কেলেংকারিতে এক নির্বাচকের জড়িত থাকার খবরটা তিনিই মিডিয়াকে দিয়েছেন বলে ধারণা করে বসে আছেন নির্বাচকরা। এবং আশরাফুলের ইংল্যান্ডে খেলার যোগাড়যন্ত্র করে দেওয়ার বিনিময়ে প্রধান নির্বাচক কমিশন নিয়েছেন বলে যে খবর, সেটাও মাসুদের সরবরাহকৃত বলেই ওদের বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই মাসুদ তাদের ঘোষিত-অঘোষিত শত্র“। এবং তারই শোধ বোধহয় নিলেন মোক্ষম সময়ে। এই এরাই তো জিম্বাবুয়ে সফরের আগে বলছিলেন, ‘‘মাসুদ এখনও বাংলাদেশের অবিসংবাদিত সেরা কিপার। ইনজুরির কারণে ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে।’’  আর এখন....! একজন ক্রিকেটারকে ব্যক্তিগত স্বার্থ এবং সন্দেহের ভিত্তিতে পেশাগত শত্র“ বানিয়ে তার সুযোগ নেয়ার মতো নীচুতা আর হয় না! সেটাই কি করা হলো না?

ফারুক আহমেদ যা -- ই বলুন ক্রিকেটাঙ্গনের স্থির বিশ্বাস ব্যক্তিগত প্রতিহিংসারই ফল --- বিশ্বকাপ দলে মাসুদ নেই! এই প্রতিহিংসার জায়গাটুকু বাদ দিলে যে দল, সেখানেও হাস্যকর কাণ্ড। ১৫ জনের দলে ওপেনার চারজন, অথচ মিডল অর্ডারে কোনো বিকল্প ব্যাটসম্যানই নেই। এর মধ্যে গত ৬ মাস ধরে উপেক্ষিত জাভেদ ওমর হঠাৎ করে কীভাবে এত আদৃত হয়ে গেলেন সে প্রশ্নেরও কোনো উত্তর নেই। মুশফিকুর রহিমকে দিয়ে ওরা কিপিং করাবেন, কোনো সমস্যা হলে কিপিং করবেন রাজিন! বিশ্বকাপে বাংলাদেশ দলের কিপিং করছেন রাজিন, এমন দৃশ্যের সম্ভাবনা তৈরি করে তারা আবার বলছেন, এটা নাকি বাংলাদেশের সম্ভাব্য সেরা দল!

না, ফারুক আহমেদ। ফাগুনের দিনে আমাদের গায়ে আগুন জ্বালানোর কাজটা তো আপনার হয়ে গেছে। হয়ে গেছে খালেদ মাসুদ নামের এক সংগ্রামী --- নিবেদিতপ্রাণ ক্রিকেটারের মান মর্যাদাকে ধুলিতে লুটানোর কাজও। এবার বরং আপনি আরেকটু কষ্ট  করে আমাদের ক্ষমা করুন।

বিশ্বকাপে হাস্যকরতম দল বানানোর কাজটাই তো আপনার শেষ কাজ হওয়া উচিত! আপনি নিজে কী মনে করেন!