২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ের সমস্যা মেনেই বাঁচা - মরার ম্যাচে নামছে ভারত

এমনিতেই প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে তারা এখন সিরিজে পিছিয়ে। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আবার অনিল কুম্বলেকে পাচ্ছে না ভারত। ব্যক্তিগত কারণে ব্যাঙ্গালোরে নিজের বাড়িতে ফিরতে হচ্ছে এই লেগ স্পিনারকে। আর সেটাই ৪ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে তার না থাকার কারণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 06:33 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৫ রানে হেরে যাওয়া ভারতের জন্য এটাই একমাত্র দুঃসংবাদ নয়। বিশ্বকাপের আর মাত্র এক মাস বাকি। অথচ এখনো কাঁধের ইনজুরিটা  কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না ইরফান পাঠান। বুধবারও তাই মাঠের বাইরে থাকতে হচ্ছে এই বাঁ --- হাতি অলরাউন্ডারকে। এছাড়া      শ্রীশান্তকেও এই ম্যাচে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই দুজনকে দলের বাইরে রাখা এবং কুম্বলেরও অনুপস্থিতি সম্পর্কে ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়ের মন্তব্য,“ইরফান (পাঠান) ১০০ ভাগ ফিট নয়। আর তাই আগামীকালের (বুধবারের) ম্যাচে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না আমরা। ১২ জনের শ্রীশান্ত ও কুম্বলেও নেই।”

কোলকাতার প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বুধবার হারলেই সিরিজ শেষ হয়ে যাবে ভারতের। শেষ দুই ম্যাচ জিতে সিরিজটা মুঠোবন্দী করার পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতিটাও তাই ভালো মতো করতে চাইছেন দ্রাবিড়,“এই ম্যাচ দুটো আমাদের প্রস্তুতি ও দল নিয়ে চিন্তা--ভাবনায় যথেষ্ট সাহায্য করবে। বিশ্বকাপের জন্য পরিকল্পনা করতেও সাহায্য করবে আমাদের। আমরা জানি আমাদের ঘুরে দাঁড়াতেই হবে, জিততে হবে দুটো ম্যাচেই।”

জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে একটা দুশ্চিন্তাও ঘোরাফেরা করছে ভারতীয় দলে। দুশ্চিন্তাটা বীরেন্দর শেবাগের অব্যাহত বাজে ফর্মকে নিয়ে। গত ১১ ম্যাচে মাত্র একটি ফিফটি করা শেবাগ রাজকোটেও কিছু করতে পারেননি, মাত্র ১৯ রান করেই আউট হয়ে গেছেন। তবে দ্রাবিড়ের বিশ্বাস খুব শিগগিরই ‘বীরু’ ফর্মে ফিরবেন, “আমরা সবাই তার (শেবাগের) জ্বলে ওঠার প্রত্যাশায় আছি। আমার ধারণা, ফর্মে ফেরা থেকে মাত্র এক ইনিংস দূরে দাঁড়িয়ে আছে সে। যদি সেটা আগামীকাল (বুধবার) হয়, তাহলে তো দারুণ। আর যদি সে তা না পারে তাহলে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে আমাদের।”

অন্যদিকে এই ম্যাচের আগে কুমার সাঙ্গাকারাকে নিয়ে খানিকটা চিন্তিত শ্রীলঙ্কান শিবির। দ্বিতীয় ম্যাচে ম্যাচ জেতানো এক সেঞ্চুরি করা এই উইকেট কিপার--ব্যাটসম্যান পেটের পীড়ায় ভুগছেন। তবে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সাঙ্গাকারার অসুস্থতাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না,“সে (সাঙ্গাকারা) পেটের পীড়ায় আক্রান্ত। অবশ্য আগামীকালের (বুধবারের) মধ্যেই তার সুস্থ হয়ে যাওয়া উচিৎ।”