জাভেদের সঙ্গে তামিমও আছেন নাঈমুরের দলে
কেমন হওয়া উচিত বাংলাদেশের বিশ্বকাপ দল? ১৩ ফেব্র“য়ারি যে দলটি ঘোষিত হবে তাতে কাদের থাকা উচিত? এসব প্রশ্ন নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। বাংলাদেশের সাবেক অধিনায়করা নফহবংি২৪.পড়স - কে জানাচ্ছেন তাদের বিশ্বকাপ দল। সাবেক অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের দল সম্পর্কে জানাচ্ছেন স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। নাঈমুর রহমান দুর্জয়ের বিশ্বকাপ দল দিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক।
ক্রিকেট মাঠে অভিজ্ঞতার বিকল্প নেই বলে মানেন। কিন্তু জিম্বাবুয়ে থেকে সিরিজ জিতে ফেরা দলে ব্যাপক পরিবর্তনেও তার মন সায় দেয় না। তাই বিশ্বকাপের জন্য দল সাজাতে গিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য আনার চেষ্টাই করলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
শুধুই অভিজ্ঞতার জন্য কাঙাল হয়ে থাকার বিপদটা তিনি বোঝাতে চাইছেন এভাবে,“যদি ঠিক করি অভিজ্ঞদেরই নেব, তাহলে অনেক পারফরমারের প্রতি অবিচার করা হবে।” আবার কেউ পারফর্ম করতে না পারলে তার জায়গায় অভিজ্ঞ একজনকে ঢোকানোর সুযোগও হাতছাড়া করতে চান না। যেমন করলেন না ওপেনার মেহরাব হোসেন জুনিয়রের ব্যর্থতায়,“সবকিছুর পরও ব্যাটিংয়ে পরিপক্কতার ছাপ থাকা দরকার। তাই আমি মেহরাবের জায়গায় অভিজ্ঞ জাভেদ ওমরকে নিতে চাই।” আর মেহরাবকে থাকতে বলছেন পরিণত হয়ে আগামীর অপেক্ষায়,“তরুণ খেলোয়াড়দের তো খুব তাড়া নেই যে তাদের এখনই বিশ্বকাপে খেলাতে হবে। সময় নিয়ে তৈরী করে নিলেই না ফলটা আরো ভালো পাব।”
মেহরাবের তুলনায় তামিম ইকবাল আরো নতুন। তবু এই বাঁহাতি ব্যাটসম্যানের তার দলে টিকে যাওয়াটাকে নাঈমুরের স্ববিরোধিতা মনে হতে পারে। কিন্তু নাঈমুর তামিমের মাঝে বিশ্বকাপ মাতানোর রসদ খুঁজে পেয়েছেন বলে দাবি করলেন,“এই পর্যায়ে ওকে সুযোগ দেওয়া হলে একটা কিছূ ঘটিয়ে ফেলতে পারে। আশা করি তামিম সেটা পারবেও। আরে এত রান হল কখন! এই প্রশ্ন আপনার মনেও জাগবে তামিম ব্যাটিংটা ওর মতো করে করতে পারলে। বলতে চাইছি দ্রুত রান তুলতে পারাটা ওর সহজাত ক্ষমতা। খুব জোরে বল পেটাতে পারে, এটা নিয়েও আলোচনা করতে শূনি অনেককে। এপ্রসঙ্গে আরেকটা কথা বলতে হয়। গায়ের জোর অনেকেরই আছে। তাই বলে সবাই কিন্তু ওর মতো রান করতে পারে না। এজন্য টাইমিং থাকতে হয়। তামিমের টাইমিংটা খুবই ভালো।”
শাহরিয়ার নাফীসের সঙ্গে এই ‘টাইমার’ এর ওপেনিং জুটি না জমলেই কেবল ‘গ্রাফটার’ জাভেদকে একাদশে জায়গা দেবেন নাঈমুর। জিম্বাবুয়েতে ৩-১ এ সিরিজ জিতে আসা দলের আরো দুটো জায়গায় পরিবর্তন চান নাঈমুর, উইকেটের পেছনে মুশফিকুর রহিমের জায়গায় খালেদ মাসুদ আর পেসার তাপস বৈশ্যকে বাদ দিয়ে সৈয়দ রাসেল। মাসুদকে দেশের সেরা কিপার বলে মানেন তিনি, মুশফিকুরের ব্যাটিংটা একটু ভালো হলেও তাই মাসুদকেই পছন্দ তার। আর রাসেলকে নেয়ার পক্ষে যুক্তিটা এ রকম, “ভালো লাইন আর লেন্থের জন্যই শুধূ নয়। দলে একজন বাঁহাতি বোলার রাখলে বোলিংয়ে বৈচিত্র্য আসবে।” তবে একাদশ সাজাতে গিয়ে মাশরাফির পাশে আপাতত তার প্রথম পছন্দ শাহাদাত হোসেন। রফিক আর রাজ্জাক, দুজন স্পেশালিস্ট স্পিনারকেই খেলানোর পক্ষে তিনি। অবশ্য উইকেট দেখে বাড়তি একজন পেসার খেলানোর প্রয়োজন মনে করলে এদের যে কোনো একজনের জায়গায় আসবেন রাসেল অথবা শরীফ।
আর নাঈমুরের দলে ব্যাটিংয়ের ‘সমন্বয়ক’ হবেন আশরাফুল। চার নাম্বারে তাকে খেলিয়ে পাঁচে হাবিবুল। এবং চারে খেলে আসা সাকিবকে পাঠাবেন ছয়ে। এতোদিন আশরাফুলকে এই জায়গাটায় খেলানো মোটেও পছন্দ হয়নি নাঈমুরের, “আশরাফুলের জায়গা ছয় নাম্বার নয়। ওকে চারে খেলালে দুটো সুবিধা। ওর যেমন ইনিংস ধরে খেলার ক্ষমতা আছে, তেমনি আক্রমণও করতে জানে। ধরুন শুরুতে আমরা ব্যাটিং বিপর্যয়ে পড়লাম। তখন আশরাফুল অন্যদের নিয়ে বিপর্যয় সামাল দেবে প্রথমে। আর ভালো শুরু পেলে ওর স্ট্রোক প্লেটাও দেখতে চাইবো আমি।”
আর দেখতে চাইবেন তিন (আফতাব) থেকে পাঁচ পর্যন্ত সবাই দলের সংগ্রহে কিছু না কিছু অবদান রাখুন,“তিন, চার ও পাঁচ¬Ñ এদের থেকে রান না আসলে ওয়ানডে জেতা কঠিন। তাই এই জায়গাগুলোতে আমি পরিণত ব্যাটসম্যানদেরই রাখলাম।”
নাঈমুর রহমানের গড়া বাংলাদেশের বিশ্বকাপ দল : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, জাভেদ ওমর, মোহাম্মদ শরীফ, তুষার ইমরান এবং সৈয়দ রাসেল।
নাঈমুর রহমানের দৃষ্টিতে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী) : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, সাকিব আল হাসান, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক এবং শাহাদাত হোসেন।
