দেশে ফিরেই ডোপ টেস্টের মুখোমুখি ক্রিকেটাররা
বিদেশ সফর শেষে দেশে ফেরার পর এয়ারপোর্ট থেকে সোজা যে যার বাসায় চলে যাবেন ক্রিকেটাররা। এমনই হয়ে আসছে বরাবর। কিন্তু সোমবার দুপুরে নির্ধারিত সময়ের চার ঘন্টা পর ঢাকায় পৌঁছেই তাদের ছুটতে হল ক্রিকেট বোর্ড অফিসে। বিশ্বকাপের আগেই ক্রিকেটারদের ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে জন্য খেলোয়াড়দের মূত্র নমুনা সংগ্রহ করতে বিসিবির উদ্যোগেই তাদের নিয়ে যাওয়া হয় গুলশানের ম্যানেজমেন্ট অফিসে।
সংগৃহিত মূত্র নমুনার পরীক্ষাটা অবশ্য বাংলাদেশে হবে না। নিয়ম অনুযায়ী তা করতে হবে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) অনুমোদিত ল্যাবরেটরিতে। কিন্তু বাংলাদেশে তো বটেই, ভারতীয় উপমহাদেশেই তেমন কোনো পরীক্ষাগার নেই। সবচেয়ে কাছাকাছি যেখানে আছে, সেখানেই এই নমূনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম,“আমাদের খুব কাছে বলতে মালয়েশিয়াতে ওয়াডা অনুমোদিত ল্যাব আছে। আমরা সেখান থেকেই পরীক্ষা করাচ্ছি।” বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট নিয়ন্ত্রিত জীবন যাপন করেন এবং সেজন্য ডোপ টেস্টের ফল কোনো খারাপ খবর বয়ে আনবে না বলেই বিশ্বাস করেন কর্মকর্তারা। তবুও নিষ্কলুষতার সার্টিফিকেট নিয়ে বিশ^কাপে খেলতে যাওয়ার চিন্তা থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের ডোপ টেস্ট করানো হচ্ছে বলে জানিয়েছেন মাহবুব।
