মুশফিকও আছেন নির্বাচকদের চিন্তায়
জিম্বাবুয়ে থেকে সিরিজ জেতার স্বস্তি নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরছে সোমবার সকালে। তাদের সঙ্গে ফিরছেন নির্বাচক গোলাম নওশের প্রিন্সও। কোচ ডেভ হোয়াটমোরও নির্বাচকমন্ডলীর অন্যতম সদস্য । আর অধিনায়ক হাবিবুল বাশারও দল নির্বাচনী সভার নিয়মিত সদস্য। এদের সবার অপেক্ষাতেই এখন আছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ১৩ ফেব্র“য়ারি ---- চূড়ান্ত দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া ডেডলাইন। তার আগে সোমবারই বাংলাদেশের বিশ্বকাপ দল ঠিক করে ফেলবেন বলে জানালেন ফারুক,“কাল (সোমবার) সবাই আসছে। তাদের সঙ্গে বসে এদিনই দলটা ঠিক করে ফেলবো। তবে ঘোষণা হবে ১৩ তারিখ।”
পাশাপাশি এটাও যোগ করে দিচ্ছেন,“ফিজিওর রিপোর্টও পেতে হবে আমাদের।” কারণ, মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ শরীফের ইনজুরি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভুসিমুজি সিবান্দার হেলমেটের সঙ্গে লেগে নাকে আঘাত পান রফিক। আর তৃতীয় ম্যাচে উরুর চোট কাবু করে ফেলে শরীফকে। ওই চোটই শেষপর্যন্ত তার কপাল পোড়ায় কিনা কে জানে! তাহলে হোয়াটমোরের ভীষণ পছন্দ ডলার মাহমুদের জন্য বিশ্বকাপের দরজা খূলে যেতেও পারে।
তবে মুশফিকুর রহিমের জন্য বিশ্বকাপের দরজা খুলেই আছে, এমন ইঙ্গিত পাওয়া গেল খোদ প্রধান নির্বাচকের কথায়,“একটা ছেলে ভালো করার পর তাকে বাদ দেয়াটা কঠিন।” খালেদ মাসুদের ইনজুরিতে জিম্বাবুয়ে সফরে উইকেট কিপিং করা মুশফিকের ব্যাটিংটাও দৃষ্টি কাড়ছে ফারুকের। দ্বিতীয় ম্যাচে দলের বিপদের সময়ে তার মূল্যবান ২৭ রানে বাংলাদেশের মান রক্ষা হয়েছিল। পরের দুই ম্যাচেও করেছেন ৪২ ও ৫৭ রান। সুতরাং ব্যাট হাতে মুশফিক ধারাবাহিকভাবেই মোটা সফল।
তবে মাসুদও বিশ্বকাপ দলে থাকছেন। তাহলে কি ১৫ জনের দলে দুই জন উইকেটকিপার? “আমি এর উত্তর দেব না”--- বলে পাশ কাটালেন ফারুক। তবে যতদূর জানা গেছে, স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেই অন্তর্ভূক্ত হতে যাচ্ছেন মুশফিক। সেক্ষেত্রে জিম্বাবুয়েতে মাত্রই একটা ম্যাচ খেলার সুযোগ পেয়ে কোনো রান করতে না পারা তুষার ইমরান বোধহয় ছিটকে পড়বেন দল থেকে।
জিম্বাবুয়ে সফরের দল ঘোষণার সময়ই নির্বাচকরা বলে দিয়েছিলেন,“এই দলের সঙ্গে বিশ্বকাপ দলের খুব একটা পার্থক্য থাকবে না।” রোববার বললেন,“দুই তিনটা পরিবর্তন হবে।” এর মধ্যে একটা পরিবর্তন বোধহয় ওপেনিংয়ে। মেহরাব হোসেন জুনিয়রের ব্যর্থতায় অভিজ্ঞ জাভেদ ওমর এবং রাজিন সালেহরাও বিবেচনায় চলে আসতে পারেন। যদিও গোটা দলের ব্যাটিং নিয়েই উদ্বিগ্ন ফারুক,“এটা দুশ্চিন্তার বিষয় যে জিম্বাবুয়েতে ব্যাটসম্যানরা বিচ্ছিন্নভাবে রান করেছে। গত এক বছর কিংবা ছয় মাসে আমরা অনেক কিছুই তো চেষ্টা করে দেখলাম। এর মধ্যে থেকেই সেরা দলটা বাছতে হবে আমাদের।”
