দলে ফিরেই অবজ্ঞার জবাব দিলেন বেকহাম
অপমানের জবাবটা এর চেয়ে ভালো আর কিভাবে দেয়া যেতো! জানুয়ারিতে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই তিনি ফ্যাবিও ক্যাপেলোর কাছে উপেক্ষিত, অপাঙক্তেয়।
ডেভিড বেকহামকে আর মাঠে নামানো সম্ভব নয়” Ñ এমন কথা পর্যন্ত বলে ফেলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। সেই মনোভাব অবশ্য ধরে রাখতে পারেননি, টানা দু ম্যাচ হেরে বেকায়দায় পড়ে যাওয়ায় শনিবার স্প্যানিশ লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অনেকটা বাধ্য হয়েই বেকহামকে প্রথম একাদশে রেখেছিলেন। এবং সেই বেকহামই জবাবটা দিলেন ক্যাপেলোকে। সারা ম্যাচে নজরকাড়া পারফর্ম করে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান দলকে। আর এতেই অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে রুড ফন নিস্টলরয়ের গোলে ম্যাচ (২ --- ১ গোলে ) জিতেই গেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠের এই জয় দিগ্ভ্রান্ত রিয়ালকে আগামী দিনগুলোতে যে দারুণভাবে অনুপ্রাণিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন লিগের তৃতীয় স্থানে দাঁড়িয়ে।
অনুপ্রেরণার এই ব্যাপারটাই এখন সেভিয়ার মধ্যে অনুপস্থিত। গত মৌসুমের উয়েফা বিজয়ীদের জন্য মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। বার্সেলোনাকে ৩ --- ০ গোলে উড়িয়ে উয়েফা সুপার কাপ জেতা দলটি এক সময় উঠে গিয়েছিল স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শীর্ষেও। সেখান থেকে পতন তো হয়েছেই, তারপর বছরটাই যেন দুঃস্বপ্ন হয়ে গেছে তাদের জন্য। শনিবার প্রতিবেশী রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সেভিয়া। ২০০৭ --- এ ৬টি লিগ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পাওয়া সেভিয়ার সংগ্রহ ৪৩ পয়েন্ট। বার্সেলোনার পয়েন্টও তা--ই। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা একটি ম্যাচ কম খেলেছে। এই রাউন্ডে রোববার ‘বার্সা’র প্রতিপক্ষ রেসিং সান্তানদার।
সোসিয়েদাদের মাঠে সপ্তম মিনিটে রিয়াল পিছিয়ে পড়েছিল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ভুলে। জাবি প্রিয়েতোর ক্রস ক্যাসিয়াস ঠিক মতো ফেরাতে ব্যর্থ হওয়ায় বল পড়ে মিকেল আরানবুরুর সামনে। সোসিয়েদাদ মিডফিল্ডারের হেড সহজেই খুঁজে পায় স্প্যানিশ ‘জায়ান্ট'দের ফাঁকা পোস্ট।
৩৭ মিনিটে রিয়াল ম্যাচে ফেরে বেকহামের দারুণ বুদ্ধিদীপ্ত এক ফ্রি -- কিকে। প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া ইংল্যান্ডের সাবেক অধিনায়কের চিপটা বুঝতেই পারেননি সোসিয়েদাদ গোলকিপার ক্লদিও ব্রাভো। এবারের ‘প্রিমেরা লিগা’য় এটা বেকহামের তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মিগুয়েল টরেসের ক্রসে মাথা ছুঁইয়ে রিয়ালকে এগিয়ে দেন নিস্টলরয় (২--১)। পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝড় বইয়ে দিয়েও আর কিছু করতে পারেনি সোসিয়েদাদ। ক্যাসিয়াস দারুণ এক সেভ করে ভুলের প্রায়শ্চিত্ত করে দলকেও বাঁচিয়ে দেন পয়েন্ট খোয়ানো থেকে।
স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন ছিল এই ম্যাচেও হারলে চাকরি হারাবেন ক্যাপেলো। অতটা না হলেও রিয়াল কোচ যে ভীষণ চাপের মধ্যে ছিলেন তা বলাই বাহুল্য। হতোদ্যম হয়ে পড়া রিয়ালের এই দুর্দান্ত জয়ের পর স্প্যানিশ পত্রিকাগুলো স্বাভাবিকভাবেই মেতে উঠেছে বেকহাম --বন্দনায়। সে সব প্রশস্তির সঙ্গে ক্যাপেলোকে ব্যাঙ্গ করার সুযোগটাও তারা ছাড়েনি। ক্রীড়া দৈনিক ‘মার্কা’ যেমন লিখেছে,“বেকহাম তাঁর জল্লাদের আয়ু বাড়িয়ে দিলেন!” ‘এল পেইস’ও রিয়াল কোচকে বিদ্রুপ করেছে ভালোমতোই,“ক্যাপেলোকে দেয়া বেকহামের উপহার।” আর ক্যাপেলো? এত দিন যে চক্ষুশূল হয়ে পড়েছিল তার কাছে, ম্যাচশেষের সংবাদ সম্মেলনে সেই বেকহামেরই প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি,“ও (বেকহাম) ফ্রি--কিক থেকে গোল করায় আমি দারুণ খুশি হয়েছি। কারণ এই মৌসুমে সে খুব বেশি গোল করেনি। আজ (শনিবার) ও অসাধারণ খেলেছে।”
পৃথিবীটা সত্যিই খুব অদ্ভূত জায়গা। ক’দিন আগেও যাকে দলে না রাখার ঘোষণা দিয়েছিলেন সেই ক্যাপেলোর কণ্ঠেই এখন বেকহামের প্রশংসা! ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচের এমন অভিজ্ঞতা বোধহয় খুব বেশি হয়নি!
