২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হীরার ‘সারপ্রাইজ চয়েস’ অলক কাপালি

কেমন হওয়া উচিত বাংলাদেশের বিশ্বকাপ দল? ১৩ ফেব্র“য়ারি যে দলটি ঘোষিত হবে তাতে কাদের থাকা উচিত? এসব প্রশ্ন নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। বাংলাদেশের সাবেক অধিনায়করা নফহবংি২৪.পড়সকে জানাচ্ছেন তাদের বিশ্বকাপ দল। সাবেক অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের দল সম্পর্কে আপনাদের জানাচ্ছেন আমাদের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। এবার থাকছে শফিকুল হক হীরার বিশ্বকাপ দল। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

তার স্কোয়াডে একজনের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। শফিকুল হক হীরা সেই প্রশ্নের জবাব দিতে শুরু করলেন পাল্টা প্রশ্ন দিয়েই,“পাকিস্তান তাহলে এতোদিন পর আজহার মেহমুদকে দলে নিল কেন?”

পাকিস্তানি এই অলরাউন্ডারের তিনটি টেস্ট সেঞ্চুরির সবগুলোই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথমটা রাওয়ালপিন্ডিতে তার টেস্ট অভিষেকেই। পরের দুটো জোহানেসবার্গ ও ডারবানে। ২০০১ সালের পর আর কোনো টেস্ট না খেলা মেহমুদ ওয়ানডে দল থেকেও হারিয়ে গিয়েছিলেন। দুই বছর পর যে তাকে আবার খুঁজে নিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলতি ওয়ানডে সিরিজের দলে ঢুকিয়ে দিল পাকিস্তান, বাংলাদেশের সাবেক অধিনায়ক এর একমাত্র কারণ ধরছেন এটাকেই,“অভিজ্ঞতা।”

এর জোরেই তার গড়া বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে গেছেন বাংলাদেশ দল থেকে হারিয়ে যাওয়া নাম অলক কাপালি। গত বছর আগস্টে জিম্বাবুয়েতে সর্বশেষ ওয়ানডে খেলা অলককে ১৫ জনের দলে রাখার ব্যাখ্যায় হীরা বলছেন,“অলরাউন্ডার হিসেবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে আমি নিচ্ছি। মনে রাখতে হবে ওর অভিজ্ঞতায় একটা বিশ্বকাপও আছে। তাছাড়া ভারতীয় উপমহাদেশের উইকেটেই ওর ভালো করার সম্ভাবনা বেশি। ওয়েস্ট ইন্ডিজের উইকেট এর প্রায় কাছাকাছি। বলতে পারেন অলক আমার সারপ্রাইজ চয়েস।”

ঘরোয়া ক্রিকেটে ফর্মহীন হয়েও হীরার দলে থাকা সারপ্রাইজ তো বটেই। তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক অন্য এক যুক্তিতে এটাকে খারিজ করে দিতে চাইছেন,“জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দলের অনেকেই কিন্তু এবার ঘরোয়া ক্রিকেটে জিরো ছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটেও কী তারা ব্যর্থতার ভেতরই আছে? কে বলতে পারে, বিশ্বকাপে গিয়ে ভালো করবে না অলক!”

অবশ্য মিডল অর্ডারে কেউ ব্যর্থ হলেই অলককে একাদশে জায়গা দেবেন হীরা। সেক্ষেত্রে তার লেগস্পিনও কাজে লাগানো যাবে। দুর্দান্ত ফিল্ডিং তো আছেই। নিজের দলে এমন ‘বহুমুখী’ ক্রিকেটারদেরই সমাবেশ ঘটিয়েছেন সাবেক এই উইকেটকিপার,“ওয়ানডেতে আজকাল ভালো করতে হলে বেশি বেশি অলরাউন্ডারের বিকল্প নেই বলেই মনে করি আমি। আফতাব আর সাকিবকে আমি অলরাউন্ডারই ধরছি। একাদশে আমি দুজন পেসারকে (মাশরাফি ও শাহাদাত) রাখবো। তৃতীয় পেসার হিসেবে ব্যবহার করবো আফতাবকে। আর উইকেট দেখে প্রয়োজনে স্পেশালিস্ট স্পিনার একজন কমিয়ে দেব। বাড়তি একজন পেসার ওই জায়গাটা নেবে। এক্ষেত্রে আমার প্রথম পছন্দ শরীফ। বেশি অলরাউন্ডার রাখার সুবিধার কথা বলছিলাম না? এই দেখুন শরীফকে খেলালে দলের ব্যাটিং শক্তিও বাড়ছে।”

শরীফ প্রসঙ্গ উঠতেই তার স্মৃতির অ্যালবামও খুললেন বাংলাদেশ দলের সাবেক ম্যানেজার,“২০০২ সালে চট্টগ্রামে পাকিস্তানি ব্যাটসম্যানরা ওকে খেলতেই পারছিল না। দুদিকে বল সুইং করাচ্ছিল। পাকিস্তান মাত্র ২০২ রান করেছিল। ওর বোলিং মুদাসসর নজরের ‘নজর’ এতোটাই  কেড়েছিল যে  আমার সঙ্গে ওটা শেয়ার করতে দ্বিধা করেননি।”

অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটানোর জন্য তরুণ ডলার মাহমুদকে অন্তর্ভূক্ত করাতেও কোনো দ্বিধা নেই হীরার,“আমাদের দলে কিন্তু অলরাউন্ডার বেশি নাই। ডলারের মতো খুব ভালো একজনকে নিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিলাম।” অলক ও ডলারকে নিয়ে জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দল থেকে হীরা বাদ দিচ্ছেন তুষার ইমরান এবং তাপস বৈশ্যকে। উইকেটকিপার একজনই নিচ্ছেন যখন, তখন খালেদ মাসুদের জায়গায় মুশফিকুর রহিম তার কল্পনাতেও নেই।

আরো নেই জিম্বাবুয়েতে যাওয়া দুই ওপেনার মেহরাব হোসেন জুনিয়র এবং তামিম ইকবাল,“ মেহরাবের টেকনিক ভালো। তাই ওকে টেস্টের জন্য রেখে দিলেই ভালো হয়। আর তামিম? মানছি খুব জোরে পেটাতে পারে। মাত্রই একটা ওয়ানডে খেলা ছেলেটাকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে নারাজ।”

তাহলে শাহরিয়ার নাফীসের সঙ্গে ওপেন করবেন কে? “অবশ্যই অভিজ্ঞ জাভেদ ওমর। আমি রাজিনকেও স্কোয়াডে নেব। প্রয়োজনে ওকেও ব্যবহার করা যাবে। আর রাজিনকে নিলে একজন অফস্পিনারও পাচ্ছি আমরা।”   

বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে শেষ সময়ে কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে সম্পর্কটা শীতল হয়ে গিয়েছিল তার। এই দল সূত্রে সেটা আবার উষ্ণ হতেই পারে।  খেয়াল করেছেন নিশ্চয়ই শফিকুল হক হীরার দলে হোয়াটমোরের পছন্দের মাল্টি স্কিল তত্ত্বের প্রয়োগ বেশি। কিন্তু অভিজ্ঞদের যে আবার পছন্দ হবে না বাংলাদেশ কোচের!

শফিকুল হক হীরার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : শাহরিয়ার নাফীস, জাভেদ ওমর, রাজিন সালেহ, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন,  মোহাম্মদ শরীফ, ডলার মাহমুদ এবং অলক কাপালি।

শফিকুল হক হীরার বিশ্বকাপ একাদশ : শাহরিয়ার নাফীস, জাভেদ ওমর, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক/মোহাম্মদ শরীফ, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন।