২২৮ রানেই থামতে হলো বাংলাদেশকে
অধিনায়ক শাহরিয়ার নাফীসের পর অধিনায়ক হাবিবুল বাশার চেষ্টা করেছিলেন বিপর্যস্ত দলকে টেনে তোলার। নাফীসের মতো অতোটা পারেননি, তবে মাশরাফিকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে তার তোলা ৫১ রানের সুবাদে বাংলাদেশ পেরিয়েছে দুশো। আউট হওয়ার আগে হাবিবুল করেছেন ৩১। মাশরাফির রান ২৯। শেষ দিকে সিরিজে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া তাপস বৈশ্যও (২৮*) দ্রুত কিছু রান তোলায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে বাংলাদেশ।
নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দিকে এগুতে থাকা নাফীস শুরুর বিপর্যয় দারুণ সামলে দিয়েছিলেন। এক্ষেত্রে তার সঙ্গী ছিলেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া উইকেটকিপার মুশফিকুর রহিম। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর তারা দুজনে চতুর্থ উইকেটে ৯৬ রান যোগ করেছেন। গ্যারি ব্রেন্টের বলে আউট হওয়ার আগে মুশফিক মূল্যবান ৪২ রান দিয়ে গেছেন দলকে। তখন ৬৬ রানে থাকা নাফীসও এরপর বেশিক্ষণ টেকেননি। ৬৯ রান করে আউট হয়ে যান। ১০ রানের ভেতর নাফীস ও মুশফিকের উইকেট হারানো বাংলাদেশকে আরো বিপদে ফেলে গেছেন মোহাম্মদ আশরাফুল। মাত্র ৩ রান করে দলকে টেনে নেয়ার দায়িত্ব পালনে আবারো ব্যর্থ তিনি।
এর আগে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা হয়েছে তামিম ইকবালের মতোই। ওপেনিংয়ে মেহরাব হোসেন জুনিয়রের ক্রমাগত ব্যর্থতা এদিন ওয়ানডে অভিষেকের সুযোগ করে দেয় তাকে। কিন্তু একেবারে নিরানন্দ অভিষেক। মাত্র ৫ রান করে আউট হয়ে গেছেন এই বাঁ হাতি হার্ড হিটার।
তবে তার চেয়েও অল্পতে ফিরে গেছেন আফতাব আহমেদ (১)। টসে হেরে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যেই দুজনের উইকেট খুইয়ে দ্বিতীয় ওয়ানডের মতোই ধুঁকতে শুরু করা বাংলাদেশের বিপদ আরো বাড়ে সাকিব আল হাসানও মাত্র ১১ রান করে এলটন চিগুম্বুরার বলে উইকেটের পেছনে ব্রেন্ডন টেলরকে ক্যাচ দেয়ায়। প্রথম দুটো উইকেট পাওয়া আয়ারল্যান্ডের শিকার ৩।
