আবার রিয়ালের জার্সি পরতে চান বেকহাম
ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে তার মনোমালিন্য আর লুকোছাপার বিষয় নয়। সেটা এতটাই যে রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ডেভিড বেকহামকে আর মাঠে নামাতে তিনি অনিচ্ছুক। রিয়ালের বহু দিনের ‘সৈনিক’ রাউল ও গুতি অবশ্য এই মৌসুমের শেষ পর্যন্ত বেকহামকে খেলানোরই পক্ষে। এতদিন এ নিয়ে কিছু না বললেও অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র সঙ্গে কথা বলার সময় আবারো রিয়ালের জার্সি গায়ে মাঠে নামার আকুতিই ফুটে উঠেছে বেকহামের কণ্ঠে।
২৫ কোটি ডলারে যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সির সঙ্গে মাস খানেক আগে চুক্তিবদ্ধ হয়েছেন বেকহাম। ৫ বছর মেয়াদী এই চুক্তি কার্যকর হবে আগামী জুলাই থেকে। কিন্তু তার বহু আগে থেকেই বেকহাম রিয়াল মাদ্রিদে বিশেষ করে কোচ ক্যাপেলোর কাছে হয়ে পড়েছেন অপাঙক্তেয়। সর্বশেষ ৭ জানুয়ারি দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গুতির বদলি হিসাবে মাঠে নেমেছিলেন, তার পর থেকে আর সুযোগই পাননি। কিন্তু ৪ বছরের মাদ্রিদ-জীবনের শেষ লগ্নটাকে খানিকটা হলেও স্মরণীয় করে রাখতে তিনি ব্যাকুল,“এটা আমার জন্য ভীষণ কষ্টের এক অনুভূতি। কারণ আমি সব সময়ই আমার দলকে সাহায্য করতে চাই। আবারো খেলার জন্য মুখিয়ে আছি আমি...যদিও জানি না তা পারবো কি না। তবে দলের সঙ্গে প্র্যাকটিস চালিয়েই যাবো। সম্মান নিয়েই এই দল থেকে বিদায় নিতে চাই আমি।”
বেকহামের মতোই এই মৌসুম শেষে দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে বার্সেলোনার হাভিয়ের স্যাভিওলা এবং ভ্যালেন্সিয়ার রবার্তো আয়ালার। তবে এই দুই আর্জেন্টাইন তারকা বেকহামের মতো এতটা দুর্ভাগা নন। দুজনই তাদের দলের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন নিয়মিত। ক্যাপেলো অবশ্য ক’দিন আগে বেকহামের ব্যাপারে তার মনোভাব নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন। টানা দু ম্যাচ হেরে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শিরোপা--দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়া রিয়ালের কোচের তাছাড়া আর কোনো উপায়ও বোধহয় নেই!
