বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর ইস্পাহানী
জাতীয় দলের অফিসিয়াল স্পনসর গ্রামীণফোনের চেষ্টা সফল হলে একরকম হাঁফ ছেড়েই বাঁচতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন হন্যে হয়ে আর বিশ্বকাপের জন্য স্পনসর খুঁজতে হতো না। কিন্তু আইসিসির অন্যতম গ্লোবাল পার্টনার ভারতীয় মুঠোফোন সংস্থা হাচ গ্রামীণফোনকে ‘না’ বলে দেয়ায় সেই বিসিবিকেই নামতে হয়েছে স্পনসরের সন্ধানে। খুব বেশি সন্ধান না করেই অবশ্য একটা প্রতিষ্ঠানকে পাওয়া গেছে আর প্রতিষ্ঠানটিও বাংলাদেশ ক্রিকেটে স্পনসরশিপের ক্ষেত্রে নতুন নাম নয়। সবকিছূ ঠিকঠাক থাকলে জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে নিয়মিত জড়িয়ে থাকা ইস্পাহানী মির্জাপুর চা এর লোগোই বিশ্বকাপে শোভা পাবে হাবিবুল বাশারদের জার্সিতে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক উর্ধ্বতন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে এমনই জানিয়েছেন।
এখন বিসিবি আইসিসির ছাড়পত্রের অপেক্ষায় আছে। নিয়মানুযায়ী আইসিসির গ্লোবাল পার্টনারদের সঙ্গে বিরোধ তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠান বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার টুর্নামেন্টে প্রবেশাধিকার পায় না। ইস্পাহানীর ক্ষেত্রে সে সমস্যা হওয়ার কথাও না। তবুও আইসিসির অনুমোদন নিয়ে নিয়মরক্ষার অপেক্ষায় আছে বিসিবি,“আশা করছি আগামী সোমবারের মধ্যেই আইসিসির ছাড়পত্রটা পেয়ে যাবো আমরা। এরপরই আমরা আনুষ্ঠানিকভাবে স্পনসরের নাম ঘোষণা করবো।”
তবে ইস্পাহানীর সঙ্গে চুক্তির অর্থমূল্য সম্পর্কে যে ধারণা পাওয়া গেল ওই কর্মকর্তার কাছ থেকে, তা মোটেও আশাপ্রদ নয়,“খুব সম্ভবত ২৫ লাখ টাকা দিচ্ছে ইস্পাহানী।” আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্পনসর খুঁজতে গলদঘর্ম হওয়ার অভিজ্ঞতা থেকেই হয়তো এবার তাড়াতাড়ি অল্পতে রফা করে ফেলল বিসিবি। গত অক্টোবরে শেষপর্যন্ত বিসিবির যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুনের প্রতিষ্ঠান ইপিলিয়নকে ধরেবেঁধে আনা হয়েছিল। তবে এবার গ্রামীনফোন বিশ্বকাপের মাঠে ঢুকতে পারবে এই আশায় ছিল। ক্যারিবীয় অঞ্চলের মোবাইল সংস্থা কেবল অ্যান্ড ওয়্যারলেসকে হাচের ছাড় দেয়াই ছিল গ্রামীনের আশার ভিত্তি। প্রসঙ্গত ২০০৩ এর বিশ্বকাপে বাংলাদেশের স্পনসর ছিল আন্তর্জাতিক পেট্রোলিয়াম সংস্থা মবিল।
