২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ৩৫১ রানের পাহাড়

ইমরান নাজিরের ব্যাটে শুরুতে যে ‘ঝড়’ উঠেছিল সেই ঝড় থামতে দেননি পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান যে ৪ উইকেটে ৩৫১ রানের পাহাড়ে উঠেছে তার পেছনে ইমরান নাজির ছাড়াও বড় অবদান মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান ও শহীদ আফ্রিদির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই কামরান আকমলকে (০) পোলক এলবিডব্লু’র ফাঁদে ফেললেও দলকে ধাক্কাটা বুঝতে দেননি নাজির। ৮টি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেছেন তিনি। নাজিরের বিদায়ের পর তৃতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েছেন ইউনিস ও ইউসুফ। ইউনিস ৯৮ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৯৩ রান করে গ্রায়েম স্মিথের বলে লং অনে ধরা পড়লেও ইউসুফ সেই ভুল করেননি। ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি। ওয়ানডেতে এটি তার একাদশ সেঞ্চুরি। তবে এদের সবাইকে ছাড়িয়ে গেছেন আফ্রিদি। মাত্র ২০ বলে ফিফটি করেছেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান।

শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তার এই ‘টর্নেডো’ ইনিংসটা সাজানো ছিল ৫টি চার ও ৬টি বিশাল ছক্কায়। ইউসুফ-আফ্রিদির অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৭০ বলে উঠেছে ১২৯ রান, আর শেষ ১০ ওভারে ১২০।