২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আশা করে বাংলাদেশের ৩ গোলের হার

বিরাট এক ধাক্কা খেয়েছেন আবু ইউসুফ। বাংলাদেশ কোচের ধারনা ছিল উলসান হুন্দাইয়ের তুলনায় দূর্বল হবে হংকং অলিম্পিক দলটি। খেলোয়াড়দের ওপর বিশ্বাস রেখে সুন্দর খেলা উপহার দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন। এমনকি দুঃসাহস দেখিয়ে জয়ের কথাও বলেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 03:04 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এক লহমায় সবই মিথ্যে হয়ে গেল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকঙের কাছে ০----৩ গোলে হেরে গিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব----২৩ দল প্রমাণ করেছে তারা সবদিক দিয়েই অতিথিদের চেয়ে পিছিয়ে। উলসান হুন্দাইয়ের সঙ্গে ২----৩ গোলে হেরে যাওয়া ম্যাচটি ছিল আসলেই প্রীতি ম্যাচ। আর সেই ম্যাচে পাওয়া ভেজাল আত্মবিশ্বাসের সবটুকুই উবে গেছে হংকঙের সঙ্গে ম্যাচের পর।

প্রথমার্ধে তো কিছুই করতে পারেনি বাংলাদেশ। একমাসের প্র্যাকটিসে যে ভাল একটি দল হয়েছে, দলের মধ্যে ভাল সমঝোতা হয়েছে তার কিছুই দেখা যায়নি। যেন তারা কেউ কাউকে চেনে না, ভিনদেশীদের নিয়েই একটা একাদশ গড়েছে বাংলাদেশ। এই অক্ষমতার সুযোগে বাংলাদেশকে চেপে ধরে হংকং। এক পর্যায়ে হংকঙের আক্রমনের তোপে রীতিমতো দিশেহারা অবস্থা হয়েছিল বাংলাদেশ দলের। ২৪ মিনিটে ডানদিক থেকে লামের ফ্রি---কিকে চমৎকার হেড করে সান সিউ কি এগিয়ে নেন অতিথিদের।

৩৫ মিনিটে হজম করে আরো একটি গোল। যদিও সান সিউ কির শট প্রথম দফায় গোললাইন থেকে ঠেকিয়ে দিয়েছিলেন মারুফ, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরবর্তী জটলা থেকে ব্যকভলি দিয়ে দারুন সুন্দর একটি গোল করেছেন চান মিং কিং। দু গোল খাওয়ার পর বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা একেবারে উবে যায় এবং ওই ব্যবধান নিয়েই শেষ করে তারা প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে একটু উজ্জিবীত হয়ে গুছিয়ে খেলার চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি। বরং ৬৩ মিনিটে আরেকটি গোল দিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় হংকং। গোলটি ছিল সান সিউ কি’র একক নৈপুন্যে ভাস্বর। এই স্ট্রাইকার মাঝমাঠ থেকে বল আয়ত্তে নিয়ে বাঁদিক দিয়ে বাংলাদেশের ডিফেন্সে হানা দেয় এবং গতিতে ডিফেন্ডার জহিরুলকে ছিটকে ফেলে কোনাকুনি শটে গোলরক্ষক হিমেলকে পরাস্ত করেন।

হংকঙের জয় যখন নিশ্চিত তখন স্বাগতিক দর্শকরা বাংলাদেশের একটা চেষ্টা দেখেছে। ৭৬ মিনিটে বাংলাদেশের নাসিরুলের দুরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং সেটাই ছিল বাংলাদেশের গোলের কাছাকাছি যাওয়ার একমাত্র ঘটনা। বাংলাদেশের এই ব্যর্থতার জন্য কোচ আবু ইউসুফ কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা খেলতে না পারাকেই কারণ হিসেবে দেখিয়েছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব---২৩ ঃ হিমেল, আরিফুল, জহিরুল, ওয়ালী ফয়সাল, জাহেদ পারভেজ, আমিনুল (নাসিরুল), জহিদ হোসেন, মারুফ (মামুন), অরূপ, এমিলি ও উজ্জ্বল।