২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার এড়াতে ব্রাদার্সের ম্যাচ পণ্ডের চেষ্টা

সন্ধ্যা নামার আগে দুদলের ক্রিকেটাররাই তখন ভুগছেন নিরাপত্তাহীনতায়। ব্রাদার্সের ক্রিকেটাররা তো আরো বেশি। তাদের কয়েকজনকে বেশ উদ্বেগের সঙ্গেই বলতে শোনা গেল,“এখানেই যা হল, আজ ক্লাবে গেলে তো আর কোনো রক্ষে নেই।” এদের অনেকেরই ঢাকায় কোনো ঠিকানা নেই। তাই একজনকে উদ্যোগী হয়ে অন্যদের জন্য থাকার বন্দোবস্ত করতে ছুটতে দেখা গেল। ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়াতে এখন তাদের দিকে রেলিগেশনের স্পষ্ট হুমকি। আর তাই ক্লাবে নিজেদের নিরাপত্তা নিয়ে ওদের এমন উদ্বেগ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ ম্যাচে টসে জেতা ব্রাদার্স আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৪৪ রান। এই রান তাড়া করে পারটেক্স ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলে ম্যাচটার জমজমাট সমাপ্তির পথ তৈরি করে। জিততে হলে শেষ ২ ওভারে তাদের করতে হবে ১২ রান। ৪৯ তম ওভারে ব্রাদার্সের ওপেনিং পেসার শফিউল ইসলাম প্রথম ২ বলে ৬ রান দিয়ে ফেলার পর পারটেক্সের জয় একরকম নিশ্চিতই হয়ে যায়। ১০ বলে তখন দরকার ৬ রান। এসময়েই মাঠে ঢুকে দুটো স্টাম্প তুলে নিয়ে আবাহনী ক্লাবের দিকে ছূট লাগান একজন। তার আগে শফিউলকে ধাক্কাও দেন। আবার ফিরে এসে ব্রাদার্সের কয়েকজন ফিল্ডারকেও দু ঘা লাগিয়ে দেন।  তার সঙ্গে তখন আরো কয়েকজনও জুটে গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। দারুন একটা ম্যাচ দেখার আশায় ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আসা দর্শকরাও তা সহ্য করতে পারেননি। তাই তাদের উত্তম মধ্যমের শিকার হন ম্যাচ বানচালের চেষ্টায় জড়িতরাও। তবে শুরুটা যিনি করেছিলেন, তাকে অনেকেই ব্রাদার্সের বয় ‘শহীদ’ বলে চিহ্নিত করেছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। এতে ব্রাদার্স কর্মকর্তাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলেও অভিযোগ আছে। যদিও এ ঘটনার দায় ব্রাদার্সের পক্ষ থেকে পারটেক্সের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা জিততে যাচ্ছে তারা কেন খামোখা মাচ পন্ড করার চেষ্টা করবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই ব্রাদার্স কর্তাদের নিশ্চুপ হয়ে যাওয়ার কথা।

ওই ঘটনার পর ক্রিকেট বোর্ডের তরফ থেকে র্যাবের সাহায্য চাওয়া হয়। র্যাব সাড়াও দিয়েছে। তবে ডিএল মেথড অনুযায়ী পারটেক্সকে বিজয়ী ঘোষণা করা হবে জানার পর ব্রাদার্স ম্যাচের বাকি অংশটুকু খেলতে রাজি হয়। কিন্তু ততোক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। লাইট মিটার পর্যাপ্ত আলোর অভাবের কথা জানালে আম্পায়াররা দুদলের খেলোয়াড়দের নিয়ে প্যাভিলিয়নে  ফিরে আসেন। ডিএল মেথড অনুযায়ী অবশ্য তখনই পারটেক্সকে ৮ রানে জয়ী ঘোষনা করতে পারেননি আখতার আহমেদ শিপার। কারণ ব্রাদার্সের ম্যানেজার আমিন খানের হুঙ্কার,“এখানে কোনো কিছু ডিক্লেয়ার হইলে অবস্থা খারাপ হইয়া যাইবো। যা হওয়ার বোর্ডে (ক্রিকেট বোর্ডে)  হইবো।” এরপর ম্যাচ রেফারি আম্পায়ারদের নিয়ে বিসিবির বঙ্গবন্ধু স্টেডিয়ামের উদ্দেশে খুব ভয়ে ভয়ে পা বাড়ান। ম্যাচ রেফারির রিপোর্ট পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব আদনান রহমান দীপন। তবে বিক্ষুদ্ধ ব্রাদার্স সমর্থকদের মুখ থেকে ঘটনার আসল রহস্য কিছুটা উদ্ধার করা গেল। এবার রেলিগেশন লিগে খেলবে তিনটি দল। সম্ভাব্য দলগুলোর মধ্যে ব্রাদার্সই সবচেয়ে পিছিয়ে। এই ম্যাচ হেরে গেলে তো প্রথম বিভাগে নেমে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। অগত্যা ম্যাচটা পন্ড করে দিতে পারলে যদি...

তবে এই ঘটনা পুরনো একটা বিষয় আবারো চোখে আঙ্গুল দিয়ে  দেখিয়ে দিল। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আসলে ক্রিকেটারদের কোনো নিরাপত্তাই নেই।