রকিবুল হাসান বিশ্বকাপ দলে দেখতে চান ডলার মাহমুদকে
বাংলাদেশের বিশ্বকাপ দল হবে আর সেটা নিয়ে বিতর্ক হবে না, তা কী করে হয়! এদেশের প্রথম দুটো বিশ্বকাপের দল জানানোর পরও যে হয়েছিল!
১৯৯৯ র বিশ্বকাপের দল ঘোষণার পর দেখা গেল দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনই দলে নেই। অথচ দল গঠনের সূচক প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স অন্য সবার চেয়ে এগিয়ে রেখেছিল তাকেই। পরে গণদাবির মুখে তাকে দলভুক্ত করার সুফলও পেয়েছিল বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিষেকেই। পরেরবারের বিতর্ক শুরু ৩০ জনের প্রাথমিক দল ঘোষণার পর থেকেই। একগাঁদা সিনিয়র ক্রিকেটারকে ছেঁটে ফেলে নির্বাচকদের শুধুই তারুণ্যে ডুবে থাকার বিলাস ব্যর্থতায় মাথাকুটে মরেছিল শেষপর্যন্ত। এবার অবশ্য তেমন কোনো বিতর্কের আশঙ্কা একদমই করছেন না আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের প্রথম অধিনায়কত্ব করা রকিবুল হাসান। এখনকার তরুণরা পাল্টা যুক্তি তৈরী করে ফেলেছেন বলেই দাবি তার,“এবারো তারুণ্যনির্ভর দলই হতে যাচ্ছে। তবে ২০০৩ র দলের সঙ্গে পার্থক্য অনেক। সেই দলে সুযোগ পাওয়া তরুণরা আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপের সঙ্গে পরিচিত ছিল না তেমন একটা। এবার যে দলটা হতে যাচ্ছে, তার বেশিরভাগ সদস্যের বয়সই যদিও কম কিন্তু অভিজ্ঞতায় সমৃদ্ধ। এরা প্রায় সবাই অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে।”
এজন্য এবার বিতর্কের অবকাশ না দেখা রকিবুল তার গড়া দলেও রেখেছেন তরুণদেরই। যদিও বলছেন,“আরো কিছু সিনিয়র ক্রিকেটার থাকলে ভালো হত।” এখন ১৫ সদস্যের যে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর করছে, তার সঙ্গে রকিবুলের দলের পার্থক্য বলতে দুটো। মুশফিকুর রহিমের জায়গায় খালেদ মাসুদ। এটা তো অনুমিতই। তবে তাপস বৈশ্যের জায়গায় তার ‘সারপ্রাইজ ইনক্লুশন’ ডলার মাহমুদ। প্রিমিয়ার ক্রিকেটের ম্যাচ রেফারি হিসেবে মাঠ থেকে মাঠে ঘুরে বেড়ানো রকিবুলের চোখ ডিওএইচএসের ওই পেসারের বোলিংই শুধু কাড়েনি,“হি ইজ এ ভেরি গুড অলরাউন্ডার। একেবারে জেনুইন অলরাউন্ডার। ভাববেন না ব্যাটিংয়ের সময় ও স্লগিং করে। বোঝানোর জন্য বলছি, ওর ব্যাটিংটা এমন যে ওকে চার নাম্বারেও খেলিয়ে দেওয়া যায়।”
এমনকি ডলারকে একাদশেও জায়গা দেয়ার পক্ষপাতী এই সাবেক অধিনায়ক। এবং এক্ষেত্রে তার যুক্তিটাকেও বেশ জোরালো বলেই মনে করেন,“এমনিতে আমি একাদশে দুজন স্পেশালিস্ট স্পিনার খেলানোর পক্ষে। বিশ্বকাপের উইকেট তো আর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো হবে না। ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটাই ভারতীয় উপমহাদেশের মতো। সেখানে রফিক আর রাজ্জাকের সঙ্গে সাকিব তো থাকবেই। তবে এটাও মাথায় রাখতে হবে গ্র“পে আমাদের প্রতিপক্ষ ভারত ও শ্রীলংকার মতো দল। যারা স্পিনটা ভালো খেলে। তাদের বিপক্ষে আমি একজন স্পেশালিস্ট স্পিনারকেই খেলাবো। রফিকের অভিজ্ঞতাকে কাজে লাগাবো আমি। আর রাজ্জাকের জায়গায় ডলার। মাশরাফি আর শাহাদাতের সঙ্গে ওর বোলিং দলের পেস আক্রমণের শক্তি তো বাড়াবেই। সেই সঙ্গে বাড়বে দলের ব্যাটিং গভীরতাও। এ জায়গাটায় শরীফও আসতে পারে। কারণ ওর ব্যাটিংয়ের হাতও পেকেছে। তবে আমি ডলারকেই এগিয়ে রাখবো। আর বারমুডা ম্যাচে দুই স্পিনার। তৃতীয় পেসার হিসেবে আফতাবকে ব্যবহার করা যাবে।”
ভারত, শ্রীলংকা রকিবুলের মাথায় বিকল্প চিন্তা আনছে। কিন্তু ওপেনিংয়ে নাফীসের সঙ্গী হিসেবে তামিম ইকবালের বিকল্প দেখছেন না বাংলাদেশ দলের এই সাবেক ওপেনার,“তিন, চার, পাঁচ ও ছয়ে আফতাব, সাকিব, বাশার ও আশরাফুলরা অটোমেটিক চয়েস। একে নাফীস তো থাকছেই। ওপেনিংয়ে দেশের সবচেয়ে নিখুঁত ব্যাটসম্যান। তার সঙ্গে মেহরাব নয়, আমি তামিমকে পাঠিয়ে জুয়া খেলতে চাইবো।” এর ব্যাখ্যাটা এরকম,“ওয়ানডেতে যে অ্যাপ্রোচের ব্যাটিং দরকার, তা মেহরাবের কাছ থেকে আমরা এখনো পাইনি। কিন্তু স্কোরবোর্ডে আমার রান দরকার। তামিমের মতো আক্রমনাতœক ওপেনারই পারে পাওয়ার প্লের সুবিধা নিয়ে দ্রুত কিছু রান তুলে দিতে। তাই আমি তামিমকেই খেলাবো।”
অথচ এখনো যে ওয়ানডে অভিষেকই হয়নি তামিমের। এটাকে রকিবুল কোনো সমস্যাই মনে করছেন না। কারণ,“ঘরোয়া ক্রিকেটের সেঞ্চুরির কথা বাদ দিচ্ছি। ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে শতরান আছে ওর। সেদিন স্কটল্যান্ডের বিপক্ষেও একটা করল। অনুর্ধ্ব ১৯ পর্যায়ে তো আছেই। কাজেই আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগে যে ভয় ও জড়তা কাজ করার কথা, সেটা তামিমের কেটে গেছে।” জিম্বাবুয়েতে প্রথম দুই ম্যাচে তামিমকে না খেলানোটা তাই রকিবুলকে বিস্মিতই করছে,“যদি তামিম বিশ্বকাপের চিন্তাভাবনায় থেকেই থাকে, তাহলে কেন খেলানো হচ্ছে না? এটা আমার প্রশ্ন। আমি খুবই অবাক হয়েছি।”
বোলারদের তেঁড়েফুঁড়ে আক্রমণ করতে জানা ব্যাটসম্যান তামিম বিশ্বকাপে রকিবুলের বাজির ঘোড়া। এখন তাকে অযতেœ ফেলে রাখা নিয়ে রকিবুলের বিস্ময়ে তাই আশ্চর্যের কিছু নেই!
রকিবুল হাসানের গড়া বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড : শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, খালেদ মাসুদ, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শরীফ এবং ডলার মাহমুদ।
রকিবুল হাসানের চোখে বাংলাদেশের একাদশ হওয়া উচিত এমন : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, আব্দুর রাজ্জাক/ডলার মাহমুদ, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং মোহাম্মদ রফিক।
