২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান - সোনারগাঁ ম্যাচ টাই, চ্যাম্পিয়ন ডিওএইচএস হারছেই

ডিওএইচএসের কর্তারা সোনারগাঁ ক্রিকেটার্সের টোটকায় সাফল্য খুঁজেছিলেন কিনা কে জানে! তবে জরিমানার সুফল গতবারের রানার্স আপদের মতো পেল না বর্তমান চ্যাম্পিয়নরা। গত বছর জরিমানা গোনার পর টানা আট ম্যাচ জিতে প্রিমিয়ারে অভিষেকেই দ্বিতীয় হওয়ার আনন্দ ক্লাবকে উপহার দিয়েছিলেন সোনারগাঁ ক্রিকেটাররা। কিন্তু এবার ডিওএইচএস তাদের পদাঙ্ক অনুসরণ করে হার ঠেকাতে ব্যর্থ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে দুই বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার কাছে তাদের ৯ উইকেটের লজ্জাজনক হার কাই অ্যালটেক প্রিমিয়ারে তাদের টানা চতুর্থ। শিরোপার লড়াই থেকে তারা আগেই ছিটকে পড়েছিল। এবার সবমিলিয়ে ১০ ম্যাচে পঞ্চম হার তাদের সুপার লিগে ওঠা নিয়েও তৈরী করেছে সংশয়। এজন্য তাদের ইয়াং পেগাসাসের সঙ্গে লড়তে হতে পারে ।

যদি একাদশ রাউন্ডে সোনারগাঁর কাছে তারা হেরে যায় এবং পেগাসাস ভিক্টোরিয়াকে হারিয়ে দেয় তাহলে দুদলের পয়েন্ট সমান (১০) হয়ে যাবে। তখন সুপার লিগে যেতে হলে নেট রানরেটের ওপর নির্ভর করতে হবে দুদলকে। আর ১০ ম্যাচে অষ্টম জয় ভিক্টোরিয়াকে এককভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বসিয়েছে। কারণ এর আগের রাউন্ড পর্যন্ত তাদের সঙ্গে সমানতালেই এগুতে থাকা মোহামেডান এদিন বিকেএসপিতে সোনারগাঁ ক্রিকেটার্সের সঙ্গে টাই করে পিছিয়ে পড়েছে। আর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ইয়াং পেগাসাসকে ১ রানে হারিয়ে বিমানও সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে। এটা তাদের ষষ্ঠ জয়।

ডিওএইচএস --- ভিক্টোরিয়া

দেরিতে শুরু হওয়া ম্যাচের শুরুতেই ভিক্টোরিয়ার পেসার শাহনেওয়াজ কবীর শুভ্রর বোলিং তোপের মুখে পড়ে ডিওএইচএস। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারানোর সেই ধাক্কা পরে আর সামলে উঠতে পারেনি তারা। এই তিন উইকেটের দুটোই শ্রভ্রর, পরে উইকেট সংখ্যার বিচারে তাকে ছাড়িয়ে গেছেন জাফর কোরেশী। ডিওএইচএসের ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ করে দেয়ায় তার ২১ রানে পাওয়া ৪ উইকেটের ভূমিকাও অনেক। কিন্তু মিতব্যয়ী বোলিংয়ে শুভ্র রীতিমতো উদাহরণ হয়ে থাকার মতো। বোলিং ফিগারটা যে অবিশ্বাস্য : ৮ --- ৬ --- ৪ --- ২।  এক ওপেনার মোহাম্মদ শাহীন ৬৯ রান করেছিলেন বলে রক্ষা। নয়তো দেড়শোর কাছাকাছিও হয়তো যেতে পারতো না বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪৬ রান তাড়া করে জেতা ভিক্টোরিয়া কেবল ওপেনার ইমরুল কায়েসের (৫৭) উইকেটটি হারায়। তাও ওপেনিংয়ে ৯৮ রানের পার্টনারশিপ হওয়ার পর। মোস্তাকিমকে (২০*) সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরেছেন আরেক ওপেনার নাসিরুদ্দিন ফারুক (৬৩*)। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন শুভ্রই।

মোহামেডান --- সোনারগাঁ ক্রিকেটার্স

আর ৩ ওভার কম হলে এটাকে আক্ষরিক অর্থেই টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ বলে ফেলা যেত। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচটা ২৩ ওভারে নির্ধারিত হয়। এবং তাতে টুয়েন্টি টুয়েন্টির আমেজই নিয়ে এসেছিলেন মোহামেডানের ব্যাটসম্যানরা। জুনায়েদ সিদ্দিকী (১২ বলে ১২), সন্দ্বীপ শর্মা ( ২৪ বলে ৩৩), সগীর হোসেন (২০ বলে ২৫) এবং ফয়সাল হোসেনদের (১০ বলে ২০) চেয়ে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা নাম ওপেনার রাশেদুল হক সুমন। এক ছক্কা ও ৮ বাউন্ডারিতে তার ৭০ বলে ৭৬ রানের ঝড়েই তো ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে মতিঝিলের ক্লাবটি। সোনারগাঁ পাল্টা জবাবটাও ছিল প্রতিপক্ষের ব্যাটিংয়ের সঙ্গে তাল মেলানো। ওপেনার আল শাহরিয়ার ( ৪৬ বলে ৫০), ইলিয়াস সানি (১৯ বলে ২০), অলক কাপালি (২৩ বলে ২৭) এবং সামান জয়ান্থাদের ( ২৪ বলে ৪০) ব্যাটিং তো সেকথাই বলছে। তবে শেষ তিনজনের পাশাপাশি মার্শাল আইয়ুবও রানআউটে কাটা না পড়লে হয়তো ৭ উইকেটে ১৭৫ রানে গিয়ে থামতে হয় না সোনরগাঁকে। দুদলের রান সমান। তাই পয়েন্টও ভাগাভাগি।

বিমান --- ইয়াং পেগাসাস

এ ম্যাচেও নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। ৪০ ওভারে নির্ধারিত ম্যাচে বিমান ৮ উইকেটে ২২৭ রান তোলে মূলত ওপেনার জাভেদ ওমরের ৭৪ রানে। জবাবে রবিউল করিম (৪৬), ইফতেখার নাঈম (৪৪) ও মারুফ রেজাদের (৪২) ব্যাটিংয়ে অল্পের জন্য বিমানকে নামাতে পারেনি ইয়াং  পেগাসাস। তারা ৯ উইকেট হারিয়ে তোলে ২২৬ রান।