২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যান হাবিবুলের দিকেও অর্জনের হাতছানি

আগেরবার হারারে থেকে হেরে আসার পরও ওই জিম্বাবুয়ে সিরিজটাকে মনে রাখার অনেক কারণ ছিল। শাহরিয়ার নাফীস তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়েছিলেন হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সেখানেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে হ্যাটট্টিকের বিরল সৌভাগ্য ছুঁয়েছিল শাহাদাত হোসেনের কপাল। তাই হারলেও ঐ সিরিজটা পুরোপুরি ভুলে যাওয়ার নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তবে চলতি সিরিজ ভবিষ্যতে শুধুই সুখস্মৃতি হবে, এমন লক্ষ্য নিয়ে এবার হারারেতে যাওয়া হাবিবুল বাশাররা শুরুটা দারুন করেছেন। সিরিজ জিতলে সেটা হবে বিরাট সাফল্য, অধিনায়ক হাবিবুলের সাফল্যের মুকুটে পালক যোগ হবে, কিন্তু তার আগে ব্যাটসম্যান হাবিবুলের দিকে একটা অর্জনের হাতছানি। ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে বাংলাদেশ অধিনায়কের আর দরকার মাত্র ৮২ রান। দলীয় সাফল্যের স্বপ্নে বুঁদ হয়ে থাকা অধিনায়ককে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচের আগে এটা বোধ হয় ভাবাচ্ছেই না। কথাবার্তা অন্ত সেরকমই,“দ্বিতীয় ম্যাচটাও কঠিন হবে আমাদের জন্য। জিততে হলে এ ম্যাচেও অনেক কষ্ট করতে হবে আমাদের।” প্রথম ম্যাচে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৮ রান তাকে ওই অর্জনের খুব কাছে নিয়ে গেছে। ১৩ সংখ্যাটাকে ‘অপয়া’ বলা হলেও সবক্ষেত্রে যে তা প্রযোজ্য নয় তার প্রমান বাংলাদেশ অধিনায়কের ত্রয়োদশ হাফসেঞ্চুরি। তার সম্পর্কে বলা হয়, টেস্টের তুলনায় ওয়ানডের হাবিবুল অনেক ম্লান। অথচ টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশের সবচেয়ে বেশি রান কিন্তু তারই।  ৯৫ ম্যাচে ২২ দশমিক ৩০ গড়ে ১৯১৮ রান। যেভাবে সিরিজটা শুরু করেছেন এবং সামনে তিনটা ম্যাচ --- এবারই তা ছুঁয়ে ফেলা অসম্ভব নয় মোটেও।

কিন্তু বাংলাদেশ অধিনায়ক আপাতত মশগুল সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতার ভাবনায়। জিম্বাবুয়ের ‘দি হেরাল্ড’ পত্রিকায় ছাপা হওয়া তার কথায় সেটারই প্রতিচ্ছবি,“দ্বিতীয় ম্যাচটাতে জেতাই এখন আমাদের প্রধান লক্ষ্য। যাতে তৃতীয় ম্যাচটা খেলতে নামার সময় সুবিধাজনক অবস্থানে থাকি।” সেজন্য দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন না ভাঙ্গারই সম্ভাবনা সবচেয়ে বেশি। একাদশটা জানানো হয়নি, আগের ম্যাচের মতোই ১২ জনের দল ঘোষণা করা হয়েছে। তাতে পরিবর্তন একটাই। প্রথম ম্যাচ না খেলা মোহাম্মদ শরীফের জায়গায় বারোজনে ঢুকেছেন আরেক পেসার তাপস বৈশ্য এবং খুব সম্ভব শরীফের মতো ড্রিংকস ট্রলিরই দায়িত্ব নিতে হবে তাপসকে। এ ম্যাচেও বারোজনের বাইরে থাকছেন তুষার ইমরান ও তামিম ইকবাল।

এ ম্যাচের আগে দলের ব্যাটিং নিয়ে দারুন সন্তুষ্টিই ঝরেছে অধিনায়কের কন্ঠে,“ওয়ানডেতে ২৬০ রান সবসময়ই ভালো স্কোর। বিশেষ করে যে উইকেটে আমরা খেললাম সেখানে তো অবশ্যই।” তবে বোলারদের কৃতিত্বের কথাও ভুলে যাচ্ছেন না,“বোলাররাও আমাদের জয়ে দারুন ভূমিকা রেখেছে। তারা ভালো ফর্মে ছিল। পাওয়ার প্লের সময় করা তাদের বোলিংটার কথা আলাদা করে বলতে হয়।”

প্রথম ম্যাচে ব্যাটিং দিয়ে অধিনায়ক নিজেও আলাদা করে বলার মতো হয়ে ছিলেন!

দ্বিতীয় ম্যাচের জন্য বারোজনের দল : শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং তাপস বৈশ্য।