২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড - নিউজিল্যান্ড ‘সেমিফাইনাল’

পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে খেতে জয়ের স্বপ্ন দেখতেই ভুলে গিয়েছিল তারা। আগামী বুধবার লন্ডনের প্লেনে ওঠার পরিকল্পনা মোটামুটি পাকা করেই নেমেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু ওই ম্যাচেই স্বপ্ন তার গুটানো ডানা  আবার মেলে দিয়েছে। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯২ রানে হারানো ইংল্যান্ড এখন কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বপ্নও দেখে! মঙ্গলবার সিডনিতে তারা গ্র“প পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এ ম্যাচের জয় মানেই ফাইনালে আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি। আর হেরে গেলে? সদলবলে দেশে ফেরা যাবে বুধবারই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এই সিরিজে নিউজিল্যান্ডকে প্রথমবার হারালেও পরের দু ম্যাচে হেরেছে ইংল্যান্ড। তাই মঙ্গলবারের ম্যাচে স্টিভেন ফ্লেমিংয়ের দলেরই পাওয়া উচিত ফেবারিটের মর্যাদা। কিন্তু ওই ‘উচিত’ কাজটি ভুলেও  যেন করবেন না, হিসেবে ভুল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে সেখানে। এ ম্যাচে দলের শক্তি ও অভিজ্ঞতা বাড়াতে ফিরতে পারেন মাইকেল ভন। হ্যাঁ, হ্যামস্ট্রিং ইনজুরির জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা থাকলেও ইংল্যান্ড অধিনায়ক যে এখন ফেরার মতো ফিট তা জানিয়ে অবাক করেছেন অ্যান্ড্রু স্ট্রাউস,“ ফিটনেস পরীক্ষা করার জন্য যা কিছু করতে বলা হয়েছে আজ (সোমবার) প্র্যাকটিস সেশনে তার সবই নির্ভুলভাবে করেছে ও। প্র্যাকটিসে ও এতটাই সাবলীল ছিল যে এরপরও কেন আগামীকালের ম্যাচ খেলতে পারবে না, বুঝতে পারছি না।” ভন নেট প্র্যাকটিসে ফিটনেস সমস্যাকে দূরে ঠেলার ইঙ্গিত রাখলেও ইংল্যান্ডকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছেন পল কলিংউড। না বলা এক অসুস্থতার জন্য মঙ্গলবারের ‘সেমিফাইনাল’ না খেলেই দেশে ফিরতে হতে পারে তাকে।

এমন দুশ্চিন্তা অবশ্য নিউজিল্যান্ডেরও আছে। হাঁটুর ইনজুরির জন্য এ ম্যাচ খেলতে পারবেন না পেসার কাইল মিলস। তবে এ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না কোচ জন ব্রেসওয়েল। তাকে খানিকটা নিশ্চিন্ত করেছেন শন বন্ড। পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সারিয়ে তুলতে বন্ডকে টানা দু ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্রেসওয়েল খুশি মনে জানিয়েছেন বন্ড নিজেই নাকি সে নিয়ম ভেঙ্গে লড়াইয়ে নামতে উদগ্রীব,“ বিশ্রাম কমিয়ে ও নিজেই এখন পরপর দুটো ম্যাচ খেলতে চায়।” সেক্ষেত্রে বোলিং নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না পুরো সিরিজেই ভালো খেলা নিউজিল্যান্ডের।

ছোটখাটো সমস্যা থাকলেও সেগুলো দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারবে বলে মনে করেন না স্ট্রাউস। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান মনে করেন গত রোববার অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকে তারা আত্মবিশ্বাসে বলীয়ান এক নতুন দল,“ অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখিয়েছি গেম -- প্ল্যান ঠিক রেখে খেললে বিশ্বসেরা দলকেও আমরা হারাতে পারি। এমন একটা বিশ্বাস নিয়ে মাঠে নামতে পারা সত্যিই দারুণ।”