পর্তুগালের বিপক্ষে ম্যাচেও নেই রোনালদিনহো
ডুঙ্গার অধীনে এখনো পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৪টিতেই বিজয়ী ব্রাজিল। কিন্তু এই ৫ ম্যাচের মাত্র একটিতেই প্রথম একাদশে থাকার সৌভাগ্য হয়েছে রোনালদিনহোর। দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দুর্ভাগ্য, মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নামারই সুযোগ পাচ্ছেন না তিনি। না, বাজে ফর্মের জন্য নয়।
রোনালদিনহোকে এই ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে ইনজুরির কারণে। কাফ মাসলের ইনজুরিতে পড়ে রোববার স্প্যানিশ লিগে ওসাসুনার সঙ্গে খেলতে পারেননি। ঐ ইনজুরিই পর্তুগালের বিপক্ষে রোনালদিনহোর মাঠে নামার সম্ভাবনা শেষ করে দিয়েছে। আর গত মৌসুমে বার্সেলোনার ‘ডাবল’ জয়ের অন্যতম নায়কের কপাল পোড়ায় ভাগ্য ফিরেছে আদ্রিয়ানোর। বিশ্বকাপের পর থেকে উপেক্ষিত এই স্ট্রাইকারকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ ডুঙ্গা।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটা পর্তুগাল কোচ লুই ফেলিপে স্কলারির মনে অন্য রকম এক অনুভূতি জাগাতেই পারে। তার অধীনেই যে ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছিল ব্রাজিল! তবে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে কোনো রকম আবেগের ধার দিয়েও হাঁটেননি ‘বিগ ফিল’। মার্চে ‘ইওরো ২০০৮’-এর বাছাইপর্বে বেলজিয়াম ও সার্বিয়ার সঙ্গে দুটো ম্যাচ খেলবে পর্তুগাল। এই ম্যাচ দুটোর প্রস্তুতি হিসাবেই ব্রাজিলের ম্যাচটাকে দেখছেন স্কলারি,“মার্চের ম্যাচগুলোর জন্য এটাকে (ব্রাজিলের ম্যাচটাকে) শুধুই একটা ওয়ার্ম আপ হিসাবে ধরা হবে। বেলজিয়াম ও সার্বিয়ার মুখোমুখি হওয়ার আগে নিজেদের আরো শানিত করার এবং আত্মবিশ্বাস বাড়ানোর এটা একটা বড় সুযোগ।’
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : জুলিও সিজার, ড্যানিয়েল আলভেস, লুসিও, হুয়ান, গিলবার্তো, গিলবার্তো সিলভা, দুদু সিয়ারেন্স, এলানো, কাকা, ফ্রেড ও রবিনহো।
