আর্সেনাল ও লিভারপুলের হোচট
চেলসি ন্যুনতম ব্যবধানে জয় পেলেও আবার হোঁচট খেয়েছে আর্সেনাল ও লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে গত দু বারের চ্যাম্পিয়ন চেলসি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্যভেদে ১-০ গোলে হারিয়েছে চার্লটন অ্যাথলেটিককে। এই জয়ে লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ‘ব্লুজ’এর পয়েন্টের ব্যবধান কমে দাঁড়ালো ৩ এ।
ম্যানইউ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে চেলসির চেয়ে। ল্যাম্পার্ডের মতোই দুর্দান্ত ফর্মে থাকা থিয়েরি অঁরি গোল পেয়েছেন আবার। কিন্তু তার পরও মিডলসবরোর সঙ্গে ১-১ গোলে ড্র করে মূল্যবান দুটো পয়েন্ট নষ্ট করেছে আর্সেনাল। আর ‘মার্সেসাইড ডার্বি’ তে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্সেনালের মতো শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে পড়েছে লিভারপুল।
এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’ শিরোপা পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রেখেছে ভ্যালেন্সিয়া। দুই গোল করেছেন ফার্নান্দো মরিয়েন্তেস, অন্য গোলটা রবার্তো আয়ালার। ৩৯ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার ৪২, ওসাসুনার ৪১ ও রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।
