২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেন পন্টিং আর হজ

ক’দিন আগে মাঠে অস্ট্রেলিয়ার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন লু ভিনসেন্ট। বিশ্বসেরা দলটি নাকি শুধু খেলাতেই নয়, স্লেজিংয়ের নিষ্ঠুরতাতেও সেরা। অস্ট্রেলিয়া নাকি প্রতিপক্ষের সঙ্গে অনেকটা কুকুরের মতো আচরণ করে! ভিনসেন্টের এ মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন রিকি পন্টিং। রোববার কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ম্যাচে লু ভিনসেন্টের ৯০ রানের ইনিংস দল হিসেবে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব নিয়েও প্রশ্ন তুলতে বসেছিল। তার আর ফুলটনের (৬০) ফিফটিতে ৭ উইকেটে ২৯০ রান করে অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় হারের দিকে ঠেলে দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু ব্র্যাড হজকে নিয়ে দাঁড়িয়ে গেলেন পন্টিং। অধিনায়ক ক্যারিয়ারের ২২ তম ওয়ানডে সেঞ্চুরি পেলেও হজ ‘ম্যাজিক ফিগারে’ পৌঁছতে পারলেন না মাত্র ১ রানের জন্য। অবশ্য এ জন্যে তার বেশি আফসোস করার কথা নয়। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ৫ উইকেটে  --- পন্টিং আর হজ --- এর কাছে সেটাই তো বড় কথা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 07:43 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত --- এই হিসেব নিয়েই টসে জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক ফ্লেমিং মাত্র ১২ রানে ব্রেট লির শিকার হলে ওপেনার ভিনসেন্ট সঙ্গী হিসেবে পান পিটার ফুলটনকে। এই জুটিতে আসে ১৫১ রান। এমন ভিত্তি পেলে নিউজিল্যান্ড চোখ রাঙ্গানোর মতো কিছু করবে না তা কী করে হয়?

অবশ্য ২৯১ রানের টার্গেট দিয়েও রস টেলর (২১), স্কট স্টাইরিস (৩৪), জ্যাকব ওরাম (১৫), জেমস ফ্রাঙ্কলিদের (১৯) শেষ পর্যন্ত আফসোসেই পুড়তে হয়েছে। গিলক্রিস্ট --- হেইডেনরা যেভাবে শুরু করেছিলেন সেরকম চলতে থাকলে অনেক আগেই হয়তো শেষ হয়ে যেতো ম্যাচ। কিন্তু স্কোরবোর্ডে ৫৬ রান তোলার পর ফ্রাঙ্কলিনের টানা দু ওভারে গিলক্রিস্ট (২৯) আর হেইডেন (২৮) ফিরে যাওয়ায় হঠাৎই বদলে যায় পরিস্থিতি। পন্টিংয়ের সঙ্গে উইকেটে জমে গিয়েছিলেন মাইকেল ক্লার্ক (৯)। তাকে উইকেটের পেছনে ম্যাককালামের ক্যাচ বানান ভেট্টোরি (১১২/৩)। তারপর ওভার প্রতি রানের হিসেবে যেভাবে পিছিয়ে পড়ছিল তাতে ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও হেরে যেতেই পারত অস্ট্রেলিয়া। তা হতে পারেনি পন্টিং আর হজের জন্য। জুটিতে ১৫৪ রান তুলে পন্টিং যখন আউট হলেন তখন তার নামের পাশে লেখা হয়ে গেছে ১১৩ বলে ৬টি চার ও ১ টি ছক্কায় সাজানো আরেকটি ম্যাচ জেতানো ইনিংসের কথা। বলতে পারেন, পন্টিং ম্যাচ জেতালেন কোথায়? মাইক হাসিকে রান আউট করে নিউজিল্যান্ড তো ঠিকই আবার ‘শেষ রাতের মার’ দেওয়ার স্বপ্ন দেখছিল, সেখান থেকে অস্ট্রেলিয়াকে জেতানোর কৃতিত্বটা তো ৮৬ বলে অপরাজিত ৯৯ রান করা ব্র্যাড হজেরই! কারো কারো মতে তা হতেও পারে, তবে অ্যাডজুডিকেটরদের বিবেচনায় কিন্তু রিকি পন্টিংই ম্যান অব দ্য ম্যাচ!