বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এখন ‘‘কেলেংকারি--চ্যাম্পিয়ন’’ হওয়ার পথে
্রবার ইতালিয়ান সিরি ‘এ’-র ক্যাটানিয়া---পালেরমো ম্যাচটা শুরু হয়েছিল এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। ২৭ জানুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর লুজ্জির অপেশাদার লিগের একটি ম্যাচে দর্শকদের গন্ডগোলের মাঝে পড়ে গুরুতরভাবে আহত হয়ে মারা যান এক জন ক্লাব কর্মকর্তা। এরমানো লিকুর্সি নামের সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতেই নীরবতা পালন। অথচ শান্তির প্রতিশ্র“তি দিয়ে শুরু হওয়া সেই ম্যাচেই সহিংসতা এমন জায়গায় পৌছালো যে প্রাণ দিতে হয়েছে ফিলিপ্পো রেসিটি নামের এক পুলিশ অফিসারকে। ফল ইতালিয়ান লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত। আর তাতে এসি মিলানের জার্সি গায়ে রোনালদোর অভিষেকটাই পিছিয়ে গেলো।
ইতালির ঘরোয়া ফুটবলে যেন বিতর্ক আর গন্ডগোল হাত ধরাধরি করে চলে সব সময়। কয়েক মাস আগে গোটা ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেয়া ঘুষ ও ম্যাচ পাতানো কেলেঙ্কারির রেশ কেটে যায়নি এখনো। সেই কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে জুভেন্টাসকে আগের দুই মৌসুমের সিরি ‘এ’র শিরোপাই শুধু হারাতে হয়নি, নেমে যেতে হয়েছে দ্বিতীয় বিভাগেও। এখন তার সঙ্গে যোগ হচ্ছে ফুটবল মাঠে একের পর এক সহিংস ঘটনাও। ইদানিং ইতালির লিগ ম্যাচগুলোতে দর্শক কমে যাওয়ার সেটাও একটা বড় কারণ। দর্শক---সহিংসতার কুপ্রভাব অবশ্য বহুদিন ধরেই ইতালির ঘরোয়া ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ১৯৭৯তে রোমার দর্শকদের ছোড়া আতশবাজির আঘাতে মারা গিয়েছিলেন লাৎসিওর এক সমর্থক। ’৯৫তে এসি মিলান সমর্থকদের ছুরিকাঘাতে প্রাণ হারাতে হয়েছিল এক জেনোয়া---ভক্তকে। শুধু ইতালিয়ান লিগই নয়, ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগও সে দেশের ফুটবল দাঙ্গাবাজদের হাত থেকে রেহাই পায়নি। ২০০৪--এর সেপ্টেম্বরে ডায়নামো কিয়েভের সঙ্গে এক ম্যাচে রোমার সমর্থকদের ছুড়ে মারা ঢিলের আঘাতে মাথা ফেটে গিয়েছিল রেফারি অ্যান্ডার্স ফ্রিস্কের। সেজন্য শাস্তি হিসাবে চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটা হোম ম্যাচ দর্শকবিহীন স্টেডিয়ামেও খেলতে হয়েছিল রোমাকে। সেই মৌসুমেই এসি মিলান---ইন্টার মিলানের সেমিফাইনালে খেলা থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন রেফারি। কারণ ইন্টার সমর্থকদের ছুড়ে মারা আতশবাজি আঘাত করেছিল মিলান গোলকিপার দিদাকে। এবং এ ধরনের দুঃখজনক ঘটনা ইতালির ঘরোয়া ফুটবলাঙ্গনে নিয়মিতই ঘটে থাকে। উদাহরণ হিসাবে ধরা যাক লিকুর্সির মৃত্যুর পরের দিনের ঘটনাগুলো। সেদিন ফিওরেন্টিনার সমর্থকদের ছুরি আঘাত হেনেছে এক জন লিভরনো---ভক্তকে, আটলান্টার সমর্থকরা মারামারি করেছে পুলিশের সঙ্গে আর সিরি ‘ডি’ অর্থাৎ চতুর্থ বিভাগের একটি ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে সহকারী রেফারির গায়ে ড্রাম ছুড়ে মারায়!
ফুটবল মাঠে এ ধরনের সহিংসতায় সাধারণ ফুটবলপ্রেমী থেকে শুরু করে ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি পর্যন্ত এখন ভীষণ দুশ্চিন্তায়। যত তাড়াতাড়ি সম্ভব এ ধরনের অনাকাাক্সিক্ষত ঘটনা সমূলে উৎপাটন করার জন্য প্রোদির ঘোষণা,“আমরা আর কোনো পুলিশ অফিসারের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। সমর্থকদের সহিংসতার দায় নিতে হবে ফুটবল ক্লাবগুলোকেই। এবং খুবই দ্রুত এই ধরনের পরিস্থিতি পরিবর্তন করা দরকার।” ভ্যাটিকানের একটি পত্রিকা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এভাবে,“ঐ পুলিশ অফিসারের সঙ্গে সঙ্গে ইতালির ফুটবলেরও মৃত্যু হয়েছে কাল সন্ধ্যায়।” ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জিও কামপানা তো অন্তত এক বছরের জন্য লিগ বন্ধ করে দেয়ারই পক্ষে।
তবে সেটা তো কোনো সমাধান হতে পারে না। ইদানিং একটু জৌলুস হারালেও সিরি ‘এ’র আকর্ষণ ফুটবলপ্রেমীদের কাছে এখনো যথেষ্টই আছে। এখনো বহু তারকার পদচারণায় মুখরিত হয়ে ওঠে সেদেশের ঘরোয়া ফুটবলের আসর। সে সব থেকে ফুটবলপ্রেমীদের বঞ্চিত করলে সেটা হবে ঘোরতর অন্যায়। অবশ্য সহিংসতা বন্ধ করার জন্য কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে আসতে হবে ইতালির সাধারণ ফুটবল দর্শকদেরও। নইলে কে জানে একদিন হয়তো মাঠের বদলে গ্যালারির ‘খেলা’র জন্যই বেশি আলোচিত হবে বিশ্বের অন্যতম ফুটবল লিগ সিরি ‘এ’! আর তার মাশুলও নির্মমভাবে দিতে হতে পারে তাদের।
