২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ

গত জুলাইতে সিরিজ জেতার স্বপ্ন নিয়ে জিম্বাবুয়েতে গিয়ে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। হার দিয়ে শুরু হওয়া সিরিজটা শেষপর্যন্ত ২ --- ৩ এ হারতে হয়েছিল। তবে এবার চার ম্যাচের সিরিজ জয় দিয়েই শুরু করেছে হাবিবুল বাশারের দল। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৪৫ রানে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে ১ --- ০ তে এগিয়ে গেছে  তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 10:22 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

যদিও জয়ের ব্যবধান নিয়ে একটু বিভ্রান্তিই তৈরী হয়েছিল প্রথমে। দল সূত্রে জানা গিয়েছিল বাংলাদেশ জিতেছে ৪৫ রানে। কিন্তু ক্রিকইনফো জানাচ্ছিল ব্যবধান ৪৪ রানের। পরে ওই ক্রিকেট ওয়েবসাইট তা সংশোধন করে ৪৫ রানের জয়ই লিখেছে। 

এ ম্যাচে বাংলাদেশের সম্মিলিত পারফরম্যান্সের জয়ধ্বনিই শোনা গেছে। টসে হেরে আগে ব্যাট করতে নামা দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিজেই। শেষদিকে ১২ রানে দ্রুত ৪টি উইকেট হারালেও বাংলাদেশের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে সমস্যা হয়নি। এতো রানের পুঁজি পাওয়ার পর বোলাররা ৪৯ ওভারে জিম্বাবুয়েকে অলআউট করে দিয়েছে ২১৫ রানে।

ব্যাটিংয়ে যেমন হাবিবুল, তেমনি বোলিংয়ে এদিন দলের সেরা পারফরমার মাশরাফি বিন মর্তুজা। গত বছর ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেটধারী এই পেসার এদিন ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। জিম্বাবুয়ের রান যখন ২ উইকেটে ১৪২, তখন ৯ রানের ভেতর প্রতিপক্ষের মিডল অর্ডার একাই ধসিয়ে দেন দেশসেরা এই পেসার। একে একে ফিরিয়ে দেন হ্যামিল্টন মাসাকাদজা (৩১), শিন উইলিয়ামস (২) ও মুফাম্বিসিকে (২)। আর এই তিনটি শিকারের প্রতিটিতেই তার সহযোগী  উইকেটকিপার মুশফিকুর রহিম; তিনজন ব্যাটসম্যানই হয়েছেন কট বিহাইন্ড। এরপর মাত্র ২৭ বলে ২ বাউন্ডারি ও তিন ছক্কায় ৪৭ রান তোলা এলটন চিগুম্বুরাকেও বোল্ড করে ক্ষীণ হয়ে জ্বলতে থাকা জিম্বাবুয়ের ম্যাচ জেতার আশার সলতেটাও নিভিয়ে দেন মাশরাফিই। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের বাহাতি স্পিনে নিয়েছেন ৩৭ রানে ২ উইকেট । এরমধ্যে ওপেনার ভুসিমুজি সিবান্দার (৪৭) উইকেটও আছে। আর জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোরার জাস্টিস চিবাবাকে (৫৭) মুশফিকের ক্যাচ বানিয়েছেন দেশসেরা বাহাতি স্পিনার মোহাম্মদ রফিক। আর এই ক্যাচের সুবাদে ম্যাচে বাংলাদেশ উইকেটকিপারের ডিসমিসাল ৪টি। প্রথম দিকে মার খাওয়া আরেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক জিম্বাবুয়ের ইনিংসের লেজ ছেঁটে দেন। তাই খালি হাতে নয়, ৪৪ রান খরচায় ২ উইকেট তার দখলে। আর ওপেনার টেরেন্স ডাফিনকে (২) বোল্ড করে জিম্বাবুয়ের ইনিংসে প্রথম আঘাত হেনেছিলেন মাশরাফির নতুন বলের সঙ্গী শাহাদাত হোসেন।

এর আগে বাংলাদেশ দ্রুতই হারায় ওপেনার মেহরাব হোসেন জুনিয়রের (১২) উইকেটটি। গত বছর এক হাজারের বেশি রান করা শাহরিয়ার নাফীসের ৩৪ রানের ইনিংসটা দুর্ভাগ্যজনকভাবে শেষ হয় রান আউটের খাড়ায় কাটা পড়ে। আরেকটি ভালো ইনিংসের সম্ভাবনা জাগানো আফতাবও (মাত্র ২৬ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৩১ রান) দলকে ৯৩ রানে  রেখে আউট হয়ে গেল কিছূটা বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক হাবিবুল ও সাকিব আল হাসানের ১০৫ রানের জুটি দলকে বড় সংগ্রহের পথ দেখায়। হাবিবুল করেছেন ম্যাচ সর্বোচ্চ ৭৮ রান।  আর সাকিব করেন ৬৮ রান। অন্য উল্লেখযোগ্য স্কোরার মোহাম্মদ আশরাফুল, তিনি করেছেন ২২ রান।