২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতোদ্যম পাকিস্তানের সামনে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচের টেস্ট সিরিজ ২ --- ১ ব্যবধানে জয়ের অনুপ্রেরণা তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হলো  পাকিস্তানকে একমাত্র টুয়েন্টি --- টুয়েন্টি ম্যাচে বিধ্বস্ত করার আনন্দও। শুক্রবার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যানের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতে নিয়েছে ১০ উইকেটে। এই বিশাল জয়ের টাটকা আনন্দ নিয়ে রোববার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

টুয়েন্টি ---- টুয়েন্টি ম্যাচটাতে স্বাগতিকদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিল পাকিস্তানী ব্যাটসম্যানদের। কামরান আকমলের ২১ ও মোহাম্মদ হাফিজের ২৫ রান সত্ত্বেও ১৮ ওভার শেষে ৮ উইকেটে ১০৫ তুলে ধুকছিল তাদের ইনিংস। শেষ দুই ওভারে যে তারা আর কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে তার পূর্ণ কৃতিত্ব রানা নাভেদ --- উল --- হাসানের। শেষ দুই বলে ছক্কা হাঁকানো নাভেদ ৭ বল খেলে অপরাজিত ছিলেন  ১৭ রানে। ২৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার আলফনসো টমাস।

২০ ওভারে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ সাবধানীই ছিলেন স্মিথ ও বসম্যান। প্রথম ২ ওভার শেষে ৮ রানের বেশি তুলতে পারেননি তারা। কিন্তু তার পরই শুরু হয়েছে ‘ঝড়’! দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১১ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৯টি চার ও ৪টি বিশাল ছক্কায় ৪০ বলে অপরাজিত ৭১ রানের এক অধিনায়কোচিত ইনিংস খেলেছেন স্মিথ। ম্যান অফ দ্য ম্যাচ বসম্যানের ব্যাট থেকে এসেছে  ৩২ বলে ৫৩ রানের আরেকটি ‘টর্পেডো’ ইনিংস। সেটা সাজানো ছিল ৫টি বাউন্ডারি ও দুটি ছক্কায়। এ ম্যাচের স্মৃতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিশ্চয়ই প্রেরণা জোগাবে গ্রায়েম স্মিথের দলকে। আর পাকিস্তানকে? নিশ্চয়ই ম্যাচের দু দিন আগে কী হয়েছিল তা ভুলেই থাকতে চাইবে তারা!