এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি আরো প্রত্যয়ী নিউজিল্যান্ড
টানা ১০ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়লো শুক্রবার, ইংল্যান্ডের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরে। তাতে অবশ্য তেমন ক্ষতি হয়নি ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ডের অধিকারী অস্ট্রেলিয়ার। কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনাল তো অনেক আগেই নিশ্চিত করেছে রিকি পন্টিং--এর দল। তবে অস্ট্রেলিয়ার ক্ষতি না হলেও এই জয়ে ইংল্যান্ড দারুণভাবে লাভবান। ওই ম্যাচটা হারলেই যে টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত তাদের! তবে বিস্ময়কর ব্যাপার, সমান ৯ পয়েন্ট নিয়ে ইংলিশদের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে থাকা নিউজিল্যান্ডও ইংল্যান্ডের সর্বশেষ জয়ে আনন্দিত! রোববার অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং ইংল্যান্ডের জয়টাকে স্বাগতই জানিয়েছেন দ্বিধাহীন চিত্তে!
“আমরা ঠিক এটাই চাইছিলাম। সেমিফাইনালের মতো স্নায়ুক্ষয়ী ম্যাচের আবহই এখন চাইছি। তাহলে যে সাবলীল ছন্দে আমরা এগিয়ে যাচ্ছি তা ধরে রাখতে পারবো”- ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় সম্পর্কে ফ্লেমিংয়ের মন্তব্য। কিউই অধিনায়কের কথাটা অবশ্য ঠিকই। এই টুর্নামেন্টে চাপের মুখে সত্যিই ভালো খেলছে তার দল। ইংল্যান্ডকে দু বার হারানো ছাড়াও অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল তারা। ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া --- নিউজিল্যান্ডের সর্বশেষ লড়াইটা তো কিউইদের অদম্য লড়াইয়ের এক অনুপম দৃষ্টান্ত। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৩৪৩ রানের ভীষণ কঠিন লক্ষ্য তাড়া করে মাত্র ৮ রানে হেরেছে ফ্লেমিংয়ের দল। সেদিন ১০১ রানে অপরাজিত থাকা জ্যাকব ওরাম আছেন দারুণ ফর্মে। সর্বশেষ তিন ম্যাচে ওই সেঞ্চুরি ছাড়াও তার ব্যাট থেকে এসেছে ৮৬ ও অপরাজিত ৫৪ রানের দুটো দুর্দান্ত ইনিংস। রোববার জ্যাকবের কাছ থেকে তেমনই একটা ইনিংস নিশ্চয়ই আশা করছেন ফ্লেমিং। এই ম্যাচে হেরে গেলেও ফাইনালে যাওয়ার আশা অবশ্য ধূলিস্যাত হয়ে যাবে না নিউজিল্যান্ডের। তবে সেজন্য মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে তাদের।
নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দুটো সংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। তার একটি সুসংবাদ হলেও অন্যটি ভয়ঙ্কর দুঃসংবাদ। ইনজুরিতে পড়ে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচটা খেলতে পারেননি রিকি পন্টিং। অস্ট্রেলীয়দের জন্য সুখবর --- ইনজুরিকে পেছনে ফেলে এ ম্যাচে মাঠে ফিরছেন তাদের অধিনায়ক। তবে বাইসেপের পেশি ছিড়ে যাওয়ায় পুরো টুর্নামেন্টই মিস করবেন অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার সবাইকে ঘুরিয়ে -- ফিরিয়ে খেলানোর নীতির কারণে এ ম্যাচে আবার বিশ্রাম দেওয়া হচ্ছে গ্লেন ম্যাকগ্রা ও নাথান ব্র্যাকেনকে। তাদের জায়গায় খেলবেন ব্রেট লি ও মিশেল জনসন।
