ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চারদিকে ২০০৮ সালের আবাহন শুরু হয়ে গেছে। আর বাংলাদেশের ফুটবল পড়ে আছে এখনো সেই ২০০৬ সালে, আগামী ১০ জানুয়ারি থেকে তারা পাইওনিয়ার ফুটবল লিগ '০৬-এর খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দিয়েছে !
ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি গত ২৭ ডিসেম্বর সভা করে সিদ্ধান্ত নিয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে সিটি করপোরেশন পাইওনিয়ার ফুটবল লিগ '০৬ এর খেলোয়াড় রেজিস্ট্রেশন। এক মাসব্যাপী রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের আগে আগ্রহী খেলোয়াড়দের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে "বয়স নির্ধারণ" কমিটির মুখোমুখি হতে হবে।
নিয়ম হচ্ছে, ১৮ বছরের কম বয়সীরাই পাইওনিয়ার লিগে খেলার সুযোগ পাবেন। এছাড়া ২০০৩-২০০৪ মৌসুমে রেজিস্ট্রেশন করানো খেলোয়াড়দেরও বয়স যাচাই করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.
bdnews24