ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এস এ সুলতানের পদত্যাগ নাটক এখনো শেষ হয়নি। ফিফা বল ঠেলে দিয়েছে বাফুফের কোর্টে। যার অর্থ বাফুফের নির্বাহী কমিটির কাছে পদত্যাগ পত্র জমা দিতে হবে বাফুফে সভাপতিকে।
বিষয়টা বাফুফের কেউ নিশ্চিত না করলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক জন উচ্চপদস্থ কর্মকর্তা ফিফার জবাব হাতে পাওয়ার খবর নিশ্চিত করেছেন। গত ১৫ ডিসেম্বর ফিফার কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন বাফুফে সভাপতি এস এ সুলতান। তার দুদিন পরেই অর্থাৎ ১৮ ডিসেম্বর ফিফা পাল্টা চিঠি দিয়ে পদত্যাগ পত্র গ্রহণ না করার কথা জানিয়ে দেয়। তারা বলেছে, পদত্যাগ করতে হবে বাফুফের কাছেই।
বাফুফেকে বাদ দিয়ে ফিফার কাছে এস এ সুলতানের পদত্যাগ পত্র পাঠানো নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশকে চাপে ফেলার জন্যই কি ফিফায় পদত্যাগ করেছেন, এরকম নানা প্রশ্ন তুলছেন স্থানীয় সংগঠকরা। আগে বাফুফে সভায় সদস্যরাও প্রশ্ন তুলেছিলেন, "কেন তিনি ফিফার কাছে পদত্যাগ করবেন ?" সভায় বাফুফে সদস্য মোজাম্মেল হক মুক্তা বলেছিলেন, "সভাপতিকে বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদকের কাছেই পদত্যাগ করার নিয়ম। তিনি জরুরি সভা ডেকে সেটা জানাবেন সবাইকে।" কিন্তু সভাপতি ফিফায় পাঠাবেন বলে গোঁ ধরে বসেছিলেন যেন দেশে তার পদত্যাগেরও জায়গা নেই ! সেরকম হলে তো বাংলাদেশের প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে জাতিসংঘের কাছে।
এদিকে ফিফার কাছে বাফুফে সভাপতির পদত্যাগ পত্র পাঠানোর পর থেকেই বাফুফে কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। একরকম অচলাবস্থা চলছে। ঈদের ছুটির পর গত দুদিন ধরে বাফুফে ভবনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুর হোসেন মালুও মোবাইল বন্ধ করে রেখেছেন। এভাবেই যেন ফিফার ফিরতি চিঠি আসার খবরটি গোপন করতে চাইছেন তারা।
শোনা যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যেই বাফুফে সভা ডাকবে, সেখানেই সুলতানের পদত্যাগের বিষয়টি নিষ্পত্তি হবে। ওই সভাতে কমিটির আরো ৫/৬ জনের পদত্যাগের খবর শোনা যেতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৩০ঘ.
bdnews24