২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সুলতান

অনেক বিতর্কের জন্ম দিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান। এ ব্যাপারে বাফুফে সদস্যরা অন্ধকারে থাকলেও গত ১৫ ডিসেম্বর ফিফার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সুলতান। একই দিনে তার একটা অনুলিপি সেনাদপ্তরে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের কাছে জমা দিয়ে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--অনেক বিতর্কের জন্ম দিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান। এ ব্যাপারে বাফুফে সদস্যরা অন্ধকারে থাকলেও গত ১৫ ডিসেম্বর ফিফার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সুলতান। একই দিনে তার একটা অনুলিপি সেনাদপ্তরে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের কাছে জমা দিয়ে এসেছেন। সেই ৯ ডিসেম্বর থেকে গুঞ্জন শুরু হয় এস এ সুলতানের পদত্যাগ নিয়ে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তার বাগযুদ্ধে সেটা আরো জোরালো রূপ নেয়। এক পর্যায়ে তপন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জানিয়ে ক্রীড়া পরিষদ চেয়ারম্যানকে লেখা সেই বিতর্কিত চিঠি ফাঁস হয়ে গেলে বাফুফে সভাপতির পদত্যাগ যেন অবশ্যম্ভাবী হয়ে যায়। এবং তার একদিন পরেই অর্থাৎ ১৫ ডিসেম্বর সুলতান আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন ফিফাকে। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে লেখা পদত্যাগ পত্রে তিনি "অনিবার্য পরিস্থিতি ও ব্যাক্তিগত কারণ"-এর কথা উল্লেখ করেছেন। এর আগে ১৩ ডিসেম্বর অবশ্য তিনি ফিফাকে পদত্যাগের ইঙ্গিত দিয়ে একটা চিঠি দিয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের হাতে আসা ওই চিঠিতে তিনি আপাতত ডিএফএ বাদ দিয়ে ২০০৩ সালের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন ফিফার কাছে। তিনি লিখেছেন, "স্বল্প সময়ের মধ্যে বিভাগ ও জেলার ফুটবল সংগঠকরা ডিএফএ'র পুরো গঠনতন্ত্র গ্রহণ করতে পারছেন না। তারা আরো সময় চেয়েছে। আমরা তাদের অনেক সময় দিলেও তারা ডিএফএ গঠন করতে পারেনি। সাবেক ফুটবলাররাও এই পর্যায়ে ডিএফএ গঠনের বিরোধিতা করছেন।" এই বিকল্প প্রস্তাব নিয়ে ক্লাব, জেলা, সাবেক জাতীয় ফুটবলার, সরকার ও সাংবাদিকদের সঙ্গে আলাপ হয়েছে বলে তিনি দাবি করেছেন চিঠিতে। এবং লিখেছেন, "এই প্রস্তাব মেনে নিলে আমি ৪০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবো নয়তো আমার পদত্যাগ ছাড়া কোনো উপায় থাকবে না।" বাফুফের বক্তব্য অনুযায়ী বিকল্প প্রস্তাবের কোনো জবাব আসেনি ফিফা থেকে। কিন্তু ইতিমধ্যে তার বিতর্কিত কর্মকান্ড এবং মিডিয়া নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় চারদিকে সমালোচনার ঝড় উঠে। তারই পরিণতি হতে পারে সুলতানের পদত্যাগ। অবশ্য ২০০১ সালে বাফুফের সভাপতি পদে বসেই তিনি বাংলাদেশের ফুটবলের কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছিলেন। আগের নির্বাচিত কমিটি ভেঙ্গে দেওয়ার কারণে বাংলাদেশের ফুটবলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। পদত্যাগ নিয়ে কথা বলার জন্য অনেক চেষ্টা করেও সুলতানকে পাওয়া যায়নি। বাফুফে-তেও আসছেন না কয়েকদিন ধরে। অবশ্য বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালুও স্বীকার করছেন না তার পদত্যাগের কথা। সভাপতি কার কাছে পদত্যাগ করবেন, এ ব্যাপারে যেন তিনি অন্ধকারে আছেন, "প্রথম কথা হচ্ছে সুলতান সাহেবের পদত্যাগপত্র আমরা এখনো পাইনি। তবে তিনি কোথায় পদত্যাগ করবেন, সেটাও স্পষ্ট নয় আমাদের কাছে।" পরক্ষণেই আবার ফিফার নির্দেশে বাফুফের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "আমাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও ফিফা এক বছর মেয়াদ বাড়িয়ে দিয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে ফিফার কাছেই পদত্যাগ করতে হবে সভাপতিকে। ফিফাই আমাদের জানাবে।" গত এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির চার বছর মেয়াদ শেষ হয়ে গেলেও মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছিল ফিফা। তাই ফিফার কাছেই পদত্যাগ করেছেন এস এ সুলতান! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০৫ঘ.