২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ডিএফএ'র অনেক খুঁত দেখতে পাচ্ছেন সুলতান

ডিএফএ এখন আর ফুটবল উন্নয়নের সহায়ক শক্তি নয় ! সোমবার সন্ধ্যায় বাফুফে সভাপতি হঠাৎ সুর পাল্টে ডিএফএ'র পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে বলতে শুরু করছেন ! হারুন-বাদলসহ কয়েকজন সংগঠকের সঙ্গে সভা করার পর পরই এস এ সুলতানের এই বিস্ময়কর ইউ-টার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডিএফএ এখন আর ফুটবল উন্নয়নের সহায়ক শক্তি নয় ! সোমবার সন্ধ্যায় বাফুফে সভাপতি হঠাৎ সুর পাল্টে ডিএফএ'র পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে বলতে শুরু করছেন ! হারুন-বাদলসহ কয়েকজন সংগঠকের সঙ্গে সভা করার পর পরই এস এ সুলতানের এই বিস্ময়কর ইউ-টার্ন। সোমবার বিকেলে বাফুফে সভাপতি এস এ সুলতান বাফুফে সভাকক্ষে বসেছিলেন বাফুফের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ, সাবেক সহকারী সম্পাদক বাদল রায়, শওকত আলী খান জাহাঙ্গীর, ফজলুর রহমান বাবুল, সাবেক দুই ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদের সঙ্গে। তাদের সঙ্গে আলোচনা শেষ করে বাফুফে সভাপতি ডিএফএ খুঁত ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন, "ডিএফএ নিয়ে কিছু কথা হয়েছে আমাদের মধ্যে। এতদিন ফিফা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই আমরা করেছি। কিন্তু এখন আমি বুঝছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো কার্যকর করা অনেক কঠিন হবে।" মানে গত কয়েক মাস ধরে হারুন-বাদলসহ অন্যান্যরা সরকার-বিযুক্ত ডিএফএ করার যে ক্ষতিকর দিকগুলোর কথা তুলে ধরছিলেন সেটাই অবশেষে বুঝেছেন এস এ সুলতান। তাই তিনি বলছেন, "যদিও দেরিতে বুঝেছি আমরা তারপরও শোধরানোর সময় আছে এখনো।" সংগঠক ও সাবেক ফুটবলারদের সঙ্গে আলোচনা শেষে সুলতান বলেছেন, "এই সভা খুব ফলপ্রসু হয়েছে এবং কিছু পরামর্শ ফিফাকে জানাতে চাই আমি। কারণ বাস্তবতা হচ্ছে, যেভাবে আমরা ডিএফএ গঠন করছি তাতে আইনি ও টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে।" এই সমস্যাগুলো চিহ্নিত করে তিনি ফিফাকে জানাবেন। সভাশেষে এই প্রেস ব্রিফিংয়ে সুলতানের কমিটির কাউকে দেখা না গেলেও ছিলেন সাবেক বাফুফে সম্পাদক হারুনুর রশিদ। তিনি সভার ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেছেন, "আমাদের দেশের প্রেক্ষাপটে ডিএফএ যে কার্যকরী হবে না সভাপতিকে তা বোঝাতে সমর্থ হয়েছি আমরা। ফিফা যেভাবে চেয়েছে আমাদের দেশে সেরকম অবকাঠামো না থাকায় তা সম্ভব নয়।" তাই হারুনুর রশিদ ডিএফএ গঠনতন্ত্র পরিবর্তনের জন্য বাফুফে সভাপতিকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন, "এ নিয়ে সভাপতি ফিফার সঙ্গে কথা বললেই ভাল হয়। আমরা ওনাকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো ফিফার কাছে ব্যখ্যা করবেন তিনি।" তার আগে অবশ্য বুধবারের বাফুফে সভায় বাফুফে সদস্যদের মতামত নিতে হবে বাফুফে সভাপতিকে। সেটাই হচ্ছে কঠিন কাজ কারণ বাফুফে এখন স্পষ্টতই দ্বিধা-বিভক্ত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.