ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্রীড়া উপদেষ্টার পর এবার সাবেক ফুটবলার ও সংগঠকরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকান্ডের সমালোচনা করেছেন। বাফুফেকে তারা এক সপ্তাহ সময় দিয়েছেন ডিএফএ গঠন স্থগিত করে সবার জন্য গ্রহণযোগ্য একটা সমাধানে আসার। সমাধানের রাস্তা হচ্ছে স্থানীয় সংগঠক, ফুটবলার, ফিফা-এএফসি, বাফুফে ও মন্ত্রণালয়ের সঙ্গে মিলে মিশে সিদ্ধান্ত নেওয়া।
মূল সমস্যাটা ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন নিয়েই। এই সংগঠনকে সরকারের সংশ্লিষ্টতামুক্ত রাখার বাফুফের উদ্যোগকে কেউ ভাল চোখে দেখছেন না। সেজন্যই সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে আয়োজিত গোল টেবিলে অংশ নিয়েছিলেন বাফুফের বাইরে থাকা সংগঠক ও সাবেক ফুটবলাররা।
গোল টেবিলের মূল বক্তব্যটা উঠে এসেছে সাবেক বাফুফে সম্পাদক হারুনুর রশিদের কথায়, "বর্তমান প্রক্রিয়ায় ডিএফএ গঠন স্থগিত করে এক সপ্তাহের মধ্যে ফিফা-এএফসি, মন্ত্রণালয়, সংগঠক ও সাবেক ফুটবলারদের সঙ্গে বসে বাফুফের একটা সিদ্ধান্ত নিতে হবে।" সবাইকে একসঙ্গে নিয়ে বসবে বাফুফে, এটা বেশ কদিন ধরে শোনা গেলেও এখনো বসা হয়নি। এ নিয়ে হারুন রশিদ বলেছেন, "কয়েকবার বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে এবং বসার প্রতিশ্র"তি দিয়েছেন। কিন্তু সহকর্মীদের প্রতিবাদের মুখে সুলতান ভাই আলোচনায় বসতে পারেননি।"
এদিকে সাবেক ফুটবলার কায়সার হামিদ ফুটবলের দুরবস্থার কথা তুলে ধরে বলেছেন, "বাংলাদেশের ফুটবল এখন আইসিইউ-তে আছে। তাকে বাঁচাতে হলে বর্তমান কমিটিকে পদত্যাগে বাধ্য করতে হবে।" গত এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও ফিফা থেকে বাড়তি এক বছরের বৈধতাপত্র নিয়ে এসে তারা এখন বাফুফে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ফিফার পরামর্শ অনুযায়ী বাফুফে নির্বাচনের আগে ডিএফএ গঠন করতে হবে। কিন্তু সরকারি কর্মকর্তাদের বাদ দিয়ে বাফুফে ডিএফএ গঠনের উদ্যোগ নিয়েছে। যা সাবেক ফুটবলার নুরুন্নবীর চোখে একটা ভুল পথে যাত্রা, "আমাদের বাস্তবতায় ফুটবলের জন্য আলাদা কমিটির প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখতে হবে। তাছাড়া ডিসি, এসপি, ইউএনও-কে বাদ দিয়ে কিছু করলে তা কতটুকু সচল হবে বলা মুশকিল।" কিন্তু সাংবাদিক মঞ্জুরুল ইসলাম ডিএফএ গঠনের যৌক্তিকতা তুলে ধরেছেন এভাবে, " ডিএফএ গঠন যৌক্তিক। তার আগে গঠন প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো সবার কাছে ব্যাখ্যা করতে হবে বিশেষ সাধারণ সভা ডেকে। আরেকটা বিষয় হচ্ছে, সরকারও এদেশের ফুটবলের ভাল চায়।"
অথচ ফুটবলের প্রতি সরকারের ইতিবাচক মনোভাব নিয়ে বাফুফে কর্তারা যেন দ্বিধায় আছেন। অন্তত গত কয়েকদিনের বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেছে। এই প্রসঙ্গ তুলে ধরে সাবেক ফুটবলার বাদল রায় বলেছেন, "ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে বাফুফে সভাপতি যেভাবে পাল্টা বক্তব্য দিয়েছেন তাতে ফুটবলেরই ক্ষতি হবে। বাফুফে কর্তাদের বলছি, ফিফা-এএফসির ভয় দেখাবেন না আমাদের। তাড়াতাড়ি বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করুন।" এর সূত্র ধরেই আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদের পরামর্শ, "সরকারের সঙ্গে বাফুফের দূরত্ব কমাতে হবে। নইলে ভীষণ বিপদে পড়ে যাবে বাফুফে।"
যে ফুটবলের জন্য বাফুফে, সেই ফুটবলের স্বার্থ কেউ দেখছে না। সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপুর আক্ষেপ, "চার বছরে একবার লিগ আয়োজন করে তো ফুটবল উন্নয়ন করা যায় না। স্পষ্টতই বাফুফের কর্ণধাররা ফুটবলের প্রতি সুবিচার করেননি।" আরেক সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফীন টুটুলের চোখে বি. লিগ আয়োজন করার মাধ্যমে তার নীচের লিগ তথা ফুটবলের অপমৃত্যু হয়েছে।
তাই মোহামেডান সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া মাঠের খেলাকে সর্বাগ্রে স্থান দেওয়ার ডাক দিয়েছেন, "বাফুফে, ডিএফএ এসব বুঝি না, মাঠে ফুটবল গড়াতে হবে।" এছাড়াও সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন, শওকত আলী জাহাঙ্গীর, নুরুল আলম চৌধুরী বক্তব্য রেখেছেন গোল টেবিল বৈঠকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৩০ঘ.
bdnews24