ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্ধারিত সময়ে গোলের কথা ভুলে গিয়ে মোহামেডান বন্ধুত্ব পাতিয়েছে টাইব্রেকারের সঙ্গে। এই টাইব্রেকারই প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও পার করে দিয়েছে সাদাকালোদের। টেলিটক সিরিজের শেষ ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর তারা টাইব্রেকারে ৪-২ গোলে আবাহনীকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
যদিও ফুটবলের আন্তর্জাতিক নিয়মে এভাবে সিরিজ নির্ধারনের কোনো সুযোগ নেই। কারণ টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচের ফল ড্র হিসেবেই উল্লেখ থাকে রেকর্ডবুকে। কিন্তু বাফুফে সিরিজে তিনটি ম্যাচে উত্তেজনা-বর্ধক ওষুধ হিসেবে টাইব্রেকারের ব্যবস্থা রেখে নিজেদের মতো করে সিরিজের নিষ্পত্তি করে দিয়েছে।
প্রত্যেক ম্যাচে টাইব্রেকার-- বাফুফে আবিস্কৃত সিরিজে টাইব্রেকার ভাগ্যে মোহামেডানই বাজিমাৎ করেছে ! এটা যথার্থ শোনায় না, বলা ভালো আমিনুল ভাগ্যেই মোহামেডান পার হয়ে গেছে। নির্ধারিত সময়ে বাকি ১০ জন ব্যর্থতার দায় মাথায় নিয়ে এই অতিথি গোলরক্ষক টাইব্রেকারে অসাধারণ নৈপুন্যে বিজয়রথে চড়িয়েছেন সাদাকালোদের। প্রথম ম্যাচের মতো সিরিজ নির্ধারনী ম্যাচেও নজরুল ও আবুলের শট ঠেকিয়ে সাদাকালো জার্সিতে সিরিজসেরা মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধার এই গোলরক্ষক। অন্যদিকে মোহামেডানের আরিফ, হাসান আল মামুন, ফরহাদ ও রিপনের শট লক্ষ্যভেদী হলে মোহামেডান গ্যালারিতে খুশির হিল্লোল বয়ে যায়।
তবে জমজমাট সিরিজের শেষ ম্যাচের হাজার পনের দর্শক নিশ্চয় এরকম নিষ্পত্তি আশা করেনি। হয়তো-বা শ্রেষ্ঠত্ব নিরূপনও মেনে নিতে পারেনি। তারা নিশ্চয় আশা করেছিল দুই পরাশক্তির জমজমাট লাড়ইয়ের সমাপ্তি ঘটবে দর্শনীয় গোলে। সুযোগ যথারীতি মোহামেডানই বেশি পেয়েছে। ৭৭ মিনিটে রিপন খানের ভলিটা ক্রসবার উচিঁয়ে না গেলে দারুন একটি গোলের সম্ভাবনা ছিল। পরের মনিটেই বাঁদিক থেকে ফরহাদ দারুন এক ক্রস পাঠান, তা একেবারে মাথায় পেয়েও চার্লস ফিগো পোস্টের সামনে দাঁড়িয়ে অবিশ্বাস্য দক্ষতায় বাইরে পাঠিয়ে দেন। এই সুযোগ যখন কাজে লাগাতে পারেননি তখন এই নাইজেরিয়ানের আগের হাফ-চান্সগুলো নিয়ে তো প্রশ্নই ওঠে না। আসলে মাঠে দৌড়ঝাপ করে সুযোগ তৈরি করে মিস-মাস্টার হওয়া পর্যন্তই এই বিদেশীর কৃতিত্ব ! আর দেশী স্ট্রাইকার আরিফুল কবির ফরহাদের বাঁ-পায়ের চমকও যেন ফুরিয়ে গেছে।
যার জের টানতে হচ্ছে মোহামেডানকে। গত ১৫ দিনে ৫টি ম্যাচ খেলেও তাদের সম্বল মাত্র একটি পেনাল্টি গোল। মানে মাঠে যতো ভাল খেলুক গোল নিয়ে সমর্থকদের আক্ষেপ থেকেই যাচ্ছে। সেজন্যই তাদের কৃতজ্ঞ থাকতে হবে অতিথি গোলরক্ষক আমিনুল হকের কাছে।
অবাহনী আগের দুটোর তুলনায় অনেক বেশি উজ্জ্বল ছিল শেষ ম্যাচে। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আরিফ খান জয় মাঠে ফিরেছেন পুরো কর্তৃত্ব নিয়েই। প্রথমার্ধে খেলেছেন তিনি মাঝমাঠের নেতা হয়েই। তার সুবাদেই ১৬ মিনিটে গোল পেয়ে যেতো পারতো তারা। ডি বক্সের ভেতর জয়ের বাড়ানো বলটি এমিলি মোহামেডানের গোলে জমা করে দেন, তারপর জয়োৎসব করবে এমন সময় লাইন্সম্যানের উত্থিত পতাকায় ফাউলের সংকেত! এরপর অবশ্য মোহামেডানের কৌশলের ফাঁদে পড়ে গেছেন এই মিডফিল্ডার। তাকে মার্কিংয়ে ফেলে বারবার উত্তেজিত করে মাঝমাঠে আবাহনীর ছন্দই নষ্ট করে দিয়েছে মোহামেডান। তারপরও ৮৬ মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু মিডফিল্ডার আবুল হোসেন মোহামেডানের পোস্টের সামনে দাঁড়িয়ে আমিনুলের শরীর-সোজা শট মেরে নষ্ট করেছেন।
এরপরও ভাগ্য ভাল যে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। দুপক্ষের খেলোয়াড়রা যে মেজাজে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাতে রসদের অভাব ছিল না। কিন্তু এই ম্যাচে আর ভুল করেননি, সর্বাগ্রে স্থান দিয়েছেন তারা মানবতাকেই। আর সিরিজ শেষে দুপক্ষের মধ্যে প্রীতির সম্পর্ক পুনঃস্থাপিতও হয়ে গেছে। মোহামেডানের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন আবাহনী পরিচালক কাজী নাবিল আহমেদ। আর মোহামেডানের সাধারন সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া রানার্স আপ ট্রফি দিয়েছেন আবাহনীকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24