ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জোট সরকারের আমলে জাতীয় ক্রীড়া পরিষদে (এন এস সি) দুর্নীতি ও অনিয়মের কারণে ৮০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে সরকারের।
জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠিত কমিটি দুর্নীতির এই ভয়াবহ চিত্র খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর কাছে।
রিপোর্টে এই দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের শাস্তির আওতায় আনার সুপারিশও করা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য। এছাড়া ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে ৬০টি সুপারিশও দিয়েছে তদন্ত কমিটি।
অভিযুক্তদের তালিকার শীর্ষে থাকছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের নাম। ক্রীড়া পরিষদের সাবেক এক পরিচালকসহ আরো বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও উঠেছে অভিযোগের আঙুল।
শুধু স্টেডিয়াম এলাকার দোকান-পাট থেকেই এনএসসি গত ৫ বছরে প্রায় ৫০ কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানা গেছে তদন্ত কমিটি সূত্রে।
এনএসসি টাওয়ারসহ গত ৫ বছরে বিভিন্ন নির্মাণ কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তা বলেছেন, "গত ৫ বছরে যতো নির্মাণ কাজ হয়েছে তাতে এমন একটি কাজ খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি-অনিয়ম হয়নি।"
এসব অনিয়ম চিিহ্নত করতে আড়াইশ জনেরও বেশি সংশ্লিষ্ট লোকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন অভিযুক্ত ফজলুর রহমান পটলও। জেল গেটে গিয়ে তার সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৫২ ঘ.
bdnews24