ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবশেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স ভেঙ্গে পড়ার ঘটনার তদন্ত রিপোর্ট পৌঁছে দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের কাছে। যা দেখে দু-একদিনের মধ্যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন পরিষদকে।
সপ্তাহ দুয়েক আগে রিপোর্ট চূড়ান্ত হয়ে গেলেও তদন্ত কমিটির একজন সদস্য দেশের বাইরে থাকায় তা জমা দিতে দেরি হয়। রোববার তা পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের কাছে জমা দিয়ে এসেছেন পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব রশীদুজ্জামান সেরনিয়াবাত।
গত ৮ অক্টোবর প্রচন্ড বৃষ্টির রাতে ভেঙ্গে পড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স। তারপর একদিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট হয়ে গেলেও পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করতে দেড় মাসেরও বেশি সময় লেগে গেছে। দেরির কারণ বুয়েট ও এমআইএসটি (মিলিটারি ইনিস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি) থেকে ল্যাবরেটরি রিপোর্ট বিলম্বে আসা। সেখানে নির্মান সামগ্রীগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
রিপোর্টে স্পষ্ট করেই নির্মান সামগ্রীর মানের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এবং অঘটনের জন্য দায়ী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কমিটি সূত্র জানিয়েছে। তবে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম খান এ ব্যাপারে মুখ খুলতে নারাজ, "অশা করছি চেয়ারম্যান সাহেব দেখেই আগামী দু-একদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবেন আমাদের।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24