ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ ফুটবল ফেডারেশন অকার্যকর হয়ে পড়ায় সারা দেশে ফুটবল বিস্তারের চেষ্টায় নেমেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের পরামর্শেই ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে চলছে এখন ফুটবল মহোৎসব।
ফুটবলহীন ঢাকার সঙ্গে এখন মিলবে না পুরোদেশের ফুটবলের চিত্র। অনেকদিন পর গ্রামে-গঞ্জের মানুষ ফুটবলে মাতোয়ারা হওয়ার সুযোগ পেয়েছে। এসব টুর্নামেন্ট ঢাকার ফুটবলারদেরও অর্থের হাতছানি দেয়, তাই ঢাকায় খেলা না হওয়ার হতাশা ভুলে গিয়ে তারা প্রতিদিনই ছুটছেন গঞ্জের ফুটবল-মাঠ মাতাতে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দায় হয়ে পড়েছে জাতীয় ফুটবল তারকাদেরও। আজ বগুড়াতো কাল গাজীপুরে ছুটছেন অর্থকরী ফুটবলের টানে।
ফুটবলাররাও বেশ খুশি। বাংলাদেশে জাতীয় দলের অধিনায়ক হাসান আল মামুন এ পর্যন্ত ৭টি উপজেলায় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, "হঠাৎ করে পুরো দেশে উপজেলা ও জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ওসব খেলে আমাদের ভাল আয় হয়। এতে করে খেলোয়াড়দের দু তরফে লাভ হয়, টাকা আয় এবং ফিটনেস ধরে রাখা। খেলাধুলার মধ্যে না থাকলে তো ফুটবলারদেরই বেশি ক্ষতি।" ফুটবলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় ফুটবলারদের ম্যাচ প্রতি ৬ হাজার থেকে ১২ হাজার টাকা আয় হয়। ঢাকা থেকে ভেন্যুর দূরত্বের ওপর নাকি টাকার অংক নির্ভর করে।
এসব অর্থের উৎস কী ? বাফুফে যখন প্রতিনিয়ত অর্থাভাবের দোহাই দিয়ে যাচ্ছে তখন উপজেলা পর্যায়ে মহা ধুমধামে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এর অনেকখানি কৃতিত্বই উপজেলা নির্বাহী অফিসারের, শুনুন সাবেক জাতীয় ফুটবলার প্রদীপ পোদ্দারের মুখে, "আমি ৮টি জায়গায় টুর্নামেন্ট খেলেছি। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জেনেছি উপজেলা নির্বাহী অফিসার সাহেবই মূল উদ্যোগ নিয়েছেন এবং তিনি এলাকার বিত্তবানদের সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেন।"
এজন্যই স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারদের কাছে কৃতজ্ঞ জাতীয় ক্রীড়া পরিষদ। পরিষদের পরিচালক (ক্রীড়া ) হাইয়ুল কাইয়ুম খুব সন্তোষ প্রকাশ করে বলেছেন, "আমি নিজেও বিভিন্ন জায়গায় সফর করেছি এবং দেখেছি টুর্নামেন্ট নিয়ে তাদের আন্তরিকতা। আমরা তাদের সেরকম কোনো সাহায্যও করতে পারিনি, কোনো কোনো জায়াগায় কিছু ফুটবল দিয়েছি, কোথাও হাজার দশেক টাকা দিতে পেরেছি। কিন্তু এরপরও আমরা আশানুরূপ ফল পেয়েছি। প্রায় ৫০ টির মতো জেলায় ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এখনো চলছে বিভিন্ন জায়গায়।" গত জুন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন জেলা-উপজেলায় চিঠি পাঠিয়ে খেলাধুলা আয়োজনের তাগিদ দেয়। কোথাও পরিষদের কর্মকর্তারা নিজেরা সফর করে স্থানীয়দের উদ্দীপ্ত করেছেন। আর কয়েকটি জায়াগায় তো ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ নিজে সফর করে খেলাধুলার তাগিদ দেন। তার ফল পাওয়া শুরু হয় গত জুলাইয়ে টাঙ্গাইলে আন্তঃউপজেলা ও জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট দিয়ে। যা পরবর্তিতে ছড়িয়ে পড়ে রাজবাড়ী, নরসিংদী, গাজীপুর, ভোলা, বরিশাল, খুলনা, চাপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, নারায়নগঞ্জসহ আরো অনেক জায়গায়।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এসব টুর্নামেন্টে বাফুফের এতটুকু সংশ্লিষ্টতা নেই। হয়তো এসব খেলার খবর তারা জানেও না। এ ব্যাপারে বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালুর বক্তব্য ভিন্ন, "সারা দেশে ফুটবল দেখার দায়িত্ব ফেডারেশনের নয়। শুধু জাতীয় পর্যায়ে ফুটবল চালানোটাই আমাদের কাজ। জেলা, উপজেলা পর্যায়ে খেলাধুলার জন্য তো জেলা ক্রীড়া সংস্থা আছে।" এই বক্তব্য শুনে যে কেউ বিস্মিত হতে পারেন। যেমন হয়েছেন ক্রীড়া পরিষদের পরিচালক হাইয়ুল কাইয়ুম, মুখে স্মিত হাসি ফুটিয়ে নির্বাক থেকেছেন।
নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই কী বাফুফের কর্মকান্ডকে নতুনভাবে ব্যাখ্যা করছেন কর্তারা ? যদি তাই হয়ে থাকে এই প্রতিষ্ঠানের নাম কী করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয় !
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24