মাদ্রিদ, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র ২১ বছর বয়সেই তিনি বিশ্বের দু নম্বর টেনিস খেলোয়াড়, তিনটি ফ্রেঞ্চ ওপেন শিরোপার মালিক। অপ্রতিরোধ্য রজার ফেদেরারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও ধরা হয় তাকে। অথচ রাফায়েল নাদালের ক্যারিয়ারের ওপরে বিশাল এক প্রশ্নচিহ্ন ঝুলছে এখনই! দু বছর ধরে পায়ের পাতার ইনজুরিতে ভুগছেন তিনি। ইনজুরিটা এতটাই মারাত্মক যে সেটা ক্যারিয়ার জুড়ে বহন করতে হতে পারে নাদালকে!
স্প্যানিশ দৈনিক 'দিয়ারিও দি মায়োর্কা'কে দেয়া এক সাক্ষাতকারে সেই আশঙ্কার কথাই ফুটে উঠেছে 'ওয়ার্ল্ড নাম্বার টু'র চাচা ও কোচ টনি নাদালের কণ্ঠে, "২০০৫ থেকে পায়ের পাতার ইনজুরিতে ভুগছে সে। এর সঙ্গে লড়াই করা শিখতে হয়েছে তাকে। এবং দু বছর ধরে সে তা করছেও।"
ইনজুরিটা কতটা মারাত্মক এমন প্রশ্নে তার উত্তরটা শুনলে শঙ্কিত হয়েই পড়বেন নাদাল-ভক্তরা, "এই প্রশ্নের জবাব না দেয়াই ভাল। এটা খুবই মারাত্মক। আমি ঠিক জানি না এটা তার ক্যারিয়ারের জন্য হুমকি কিনা। আমি ডাক্তারদের ওপরেই উত্তর দেয়ার ভার ছেড়ে দিলাম। খেলার সময় তাকে অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। সবচেয়ে বড় সমস্যা হল শারীরিক সক্ষমতা ও ফিটনেস লেভেল দুটোই বজায় রাখতে হয় তাকে। এর সঙ্গে লড়াই করা ছাড়া তার আর কোনো উপায় নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24