২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে বাঁচাতে এগিয়ে এলেন সাবেক তারকারা

তারা আর বসে থাকতে পারেননি। সাবেক ফুটবল তারকারা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অধঃপতনের কিনারায় গিয়ে ঠেকা ফুটবলকে বাঁচানোর ডাক দিয়েছেন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতার বিস্তারিত তুলে ধরে ডিএফএ গঠনের আগে ফুটবল সংশ্লিষ্ট সবার সঙ্গে মত বিনিময়ের দাবি জানিয়েছেন এককালের মাঠ কাঁপানো ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তারা আর বসে থাকতে পারেননি। সাবেক ফুটবল তারকারা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অধঃপতনের কিনারায় গিয়ে ঠেকা ফুটবলকে বাঁচানোর ডাক দিয়েছেন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতার বিস্তারিত তুলে ধরে ডিএফএ গঠনের আগে ফুটবল সংশ্লিষ্ট সবার সঙ্গে মত বিনিময়ের দাবি জানিয়েছেন এককালের মাঠ কাঁপানো ফুটবলাররা। লিখিত বক্তব্যে সাবেক খ্যাতিমান ফুটবলাররা তাদের বক্তব্যের সারাংশটা তুলে ধরেছেন এভবে,"সরকারি প্রশাসনের সহযোগিতা ছাড়া ফুটবল পরিচালনা সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়টা ফিফা-এএফসির কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের জন্য ফিফার দিকনির্দেশনার বিরুদ্ধে নই আমরা। তবে যতোদিন ফুটবল নিজস্ব শক্তিতে বলীয়ান হতে না পারে, নিজস্ব মাঠ ও অর্থের নিশ্চিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকুক এ কথাটুকুই আমরা সকলকে জানাতে চাই।" মূলত জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন নিয়েই জটিলতা তৈরি হয়েছে। ফিফার নির্দেশ হচ্ছে, ডিএফএ কমিটিতে কোনো সরকারী কর্মকর্তা থাকতে পারবে না। এই প্রেক্ষিতে কায়সার হামিদ বলেছেন, "ফুটবল ফেডারেশন স্বয়ংম্পূর্ণ হলে, নিজেদের মাঠ থাকলে ডিএফএ কার্যকরী করা যেতো। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের সহযোগিতার কথা ফিফার কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।" সাবেক ফুটবলার বাদল রায় তার সঙ্গে যোগ করে বলেছেন, "বাফুফের কতিপয় কর্মকর্তা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এ কাজ করেছে। ডিএফএ গঠনের ব্যাপারে সবাইকে অন্ধকারে রাখা হয়েছে। ডিএফএ গঠনের ব্যাপারে ফুটবল সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা করা উচিত বাফুফের। কাউন্সিলরদের না জানিয়ে বাফুফের গঠনতন্ত্রে এতবড় একটা পরিবর্তন হয়ে যাবে, এটা হয় না। কাউন্সিলরদের জানাতে সমস্যা কোথায় সেটা আমি বুঝতে পারছি না।" আরেক তারকা সালাম মুর্শেদী এই কমিটির ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেছেন, "গত ৫ বছরে এই কমিটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফেডারেশনে যারা মূল জায়গায় ছিলেন তারা কতোবার বিদেশ সফর করেছে তা আপনারাই জানেন। কিন্তু মাঠের ফুটবল ছিল না।" গোলাম সারওয়ার টিপু ফেডারেশনের সাফল্য-ব্যর্থতার মধ্যে না গিয়ে এককথায় শুধু বলেছেন, "আমরা চাই মাঠের খেলা।" এই সংবাদ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন খোরশেদ বাবুল, সাব্বির, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাস রূপু, ইমতিয়াজ আহমেদ নকীবও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৪০ঘ.