২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে শেষ আবাহনীর বরদুলুই অভিযান

টাইব্রেকারে হেরে বরদুলুই ট্রফি থেকে বিদায় নিল ঢাকা আবাহনী। ওএনজিসির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর তারা টাইব্রেকার সাডেন ডেথে হেরেছে ৫-৪ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 04:40 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টাইব্রেকারে হেরে বরদুলুই ট্রফি থেকে বিদায় নিল ঢাকা আবাহনী। ওএনজিসির বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর তারা টাইব্রেকার সাডেন ডেথে হেরেছে ৫-৪ গোলে। বৃহস্পতিবার ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনীর বড় আফসোস হয়ে থাকবে প্রতিপক্ষ দল ১০ জনের হয়ে যাওয়ার পরও তার সুবিধা নিতে না পারা। ওএনজিসির একজন লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ায় ৪৬ মিনিট থেকে ১০ জনের দলে পরিণত হয় তারা। সুযোগে আবাহনী বেশ চড়াও হয় প্রতিপক্ষের ওপর, গোলের অনেক সুযোগও তৈরি করেছিল, কিন্তু গোল পায়নি। নিজেদের স্ট্রাইকারদের ব্যর্থতার পাশাপাশি ওএনজিসির গোলরক্ষকের কৃতিত্ব আছে বলে গৌহাটি থেকে ফোনে জানিয়েছেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। যে কারণে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য থেকে যায় ম্যাচ। তারপর টাইব্রেকারে নির্ধারিত ৫টি করে শটেও কেউ এগিয়ে যেতে পারেনি, বজায় থাকে ৪-৪ গোলের সমতা। কিন্তু সাডেন ডেথে গিয়ে আর পারেনি আবাহনী, ৫-৪ গোলে হেরে শেষ হয় নীল-আকাশীদের বরদুলুই অভিযান। আবাহনীর পক্ষে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন প্রাণতোষ ও প্রদীপ। বাকি চারজন মনি, ঘানশা, নজরুল এবং এমিলি লক্ষ্যভেদ করেছিলেন। আগামী শনিবার ফাইনালে ওএনজিসি মুখোমুখি হবে ব্যংকক পোর্ট অথরিটি দলের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.