২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেন্ডশিপ কাপকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে আবাহনী-মোহামেডান

ফ্রেন্ডশিপ কাপ ফুটবলের আঁচ লেগেছে আবাহনী-মোহামেডানের গায়ে। ঢাকার দুই ফুটবল পরাশক্তিই প্র্যাকটিসে নেমে পড়েছে, নেমেছে ভাল বিদেশীর সন্ধানে। যেন আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তারা বাংলাদেশের ফুটবলকে সম্মানজনকভাবে বিজ্ঞাপিত করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফ্রেন্ডশিপ কাপ ফুটবলের আঁচ লেগেছে আবাহনী-মোহামেডানের গায়ে। ঢাকার দুই ফুটবল পরাশক্তিই প্র্যাকটিসে নেমে পড়েছে, নেমেছে ভাল বিদেশীর সন্ধানে। যেন আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তারা বাংলাদেশের ফুটবলকে সম্মানজনকভাবে বিজ্ঞাপিত করতে পারে। ঢাকা আবাহনীর প্র্যাকটিস শুরু হয়েছে গত মাসে। দু' সপ্তাহের বেশি প্র্যাকটিসের পর দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, "মনে হচ্ছে ফুটবলারদের ফিটনেসের খুব হেরফের হয়নি। বেশ কিছু ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে থাকায় আমাদের জন্য লাভ হয়েছে। অন্যরাও বিভিন্ন জায়গায় লিগ টুর্নামেন্ট খেলায় ব্যস্ত ছিল।" তবে বি. লিগে খেলা কোনো বিদেশীকে পাচ্ছে না তারা। এই শূন্যস্থান পূরনের জন্য মুক্তিযোদ্ধার ঘানসা ও ব্রাদার্সে খেলা জুনিয়রকে দলে টেনেছে আবাহনী। নিয়মিত প্র্যাকটিস করে দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ সুজন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এখনো এই ডিফেন্ডারকে নিয়ে সংশয়ে আছেন আবাহনীর ম্যানেজার, "সুজন এখন হয়তো ম্যাচ খেলতে পারবে। তবে ইনজুরির কারণে তার পায়ের মাংসপেশিগুলো এখনো ঠিক আগের অবস্থায় আসেনি। আগের সুজনকে মাঠে খুঁজে পেতে একটু সময় লাগবে।" তারপরও তাকে নিয়েই আগামী ১৬ নভেম্বর আবাহনী ভারতে যাচ্ছে বরদোলুই ট্রফি খেলতে। ফ্রেন্ডশিপ কাপের আগে এই টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে চায় আকাশী-হলুদরা। সেখানে ম্যাচ প্র্যাকটিসের পর দেশের মাঠে প্রথম বি. লিগ চ্যাম্পিয়নরা অতিথিদের বিপক্ষে নিজেদের পুরোপুরি ফিরে পেতে চায়। আবাহনী বি. লিগের দল নিয়ে প্রস্তুতি নিলেও ব্যাপক পরিবর্তন হচ্ছে ঢাকা মোহামেডানে। মূলত তরুণদের নিয়ে গড়া দলের ওপরে তারা আস্থা রাখতে পারছে না। তাই দলের সঙ্গে যোগ হচ্ছে মুক্তিযোদ্ধা ও ক্যামেরুনের কয়েক জন ফুটবলার। মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জানিয়েছেন, "আমাদের ফুটবলাররা সবাই মোটামুটি ক্যাম্পে চলে এসেছে। পাঁচ দিনের মতো প্র্যাকটিস হলেও বুধবার থেকে পুরোদমে প্র্যাকটিস শুরু হবে। ক্যামেরুনের একজন ফুটবলার চলে এসেছে। আজ (সোমবার) রাতে আরেকজন আসবে।" এসেছেন ব্যাংকক লিগে খেলা বেঞ্জামিন নামের এক স্ট্রাইকার আর আসছেন মিডফিল্ডার হেনরি। এছাড়া মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল, দুই ডিফেন্ডার রজনী ও হাসান আল মামুন এবং মিডফিল্ডার আরমান আজিজকে ফ্রেন্ডশিপ কাপে দেখা যাবে সাদা-কালো জার্সিতে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৪০ঘ.