২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ জানুয়ারি বাফুফে নির্বাচন

ডিএফএ গঠনের রূপরেখা চূড়ান্ত হয়ে যাওয়ায় বাফুফে নির্বাচনের দিন-তারিখও ঠিক হয়ে গেছে ফুটবল ফেডারেশনের সভায়। সোমবারের সভায় আগামী ১৯ জানুয়ারি বাফুফে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ডিএফএ গঠনের রূপরেখা চূড়ান্ত হয়ে যাওয়ায় বাফুফে নির্বাচনের দিন-তারিখও ঠিক হয়ে গেছে ফুটবল ফেডারেশনের সভায়। সোমবারের সভায় আগামী ১৯ জানুয়ারি বাফুফে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তবে নির্বাচনের দিন ঠিক করার ব্যাপার এই প্রথম নয়। আগে চারবার এরকম সিদ্ধান্ত নিয়েও কারণে-অকারণে পিছিয়ে গেছে বাফুফে। এবার বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "ডিএফএ গঠন শেষ হয়ে গেলেই বাফুফে নির্বাচনে আর কোনো সমস্যা থাকবে না। আগামী ১৯ জানুয়ারি বাফুফে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।" সর্বশেষ বাধা ছিল জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন ছাড়া বাফুফে নির্বাচন আয়োজন করা যাবে না। আবার এই দুটো অ্যাসোসিয়েশন গঠনের বেলায়ও নানা বিধিনিষেধ ফিফার। সভা শেষে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "ফিফা বলেছে সরকারি কর্মকতা বা কর্মচারীরা ডিএফএ'র কাউন্সিলর হতে পারবেন না। সভায় তা মেনে নিয়ে ডিএফএ গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়েছে।" তারপরও সরকারী কর্মকর্তারা থাকতে পারবেন কিন্তু তাদের ভোটাধিকার থাকবে না বলে জানিয়েছেন সুলতান। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো গঠনের কাজ শেষ করা হবে। তারপর ১৪ ডিসেম্বরের মধ্য সম্পন্ন করা হবে বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাজ। তাদের প্রতিনিধিরাই হবেন বাফুফে নির্বাচনের কাউন্সিলর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০১৩ঘ.