ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফ্রেন্ডশিপ কাপ ফুটবলের সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে। এই কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেল ৪ টায় জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে। ৬৭ সদস্যের কমিটির বাইরে আছে একটি উপদেষ্টা পরিষদ। যেখানে প্রধান উপদেষ্টার পদে আছেন সেনাপ্রধান জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মঈন উ আহমেদ।
সাংগঠনিক কমিটির চেয়ারম্যান করা হয়েছে লে. কর্ণেল কাজী শাহেদ আহমেদকে (অব.)। কো চেয়ারম্যান হিসেবে থাকবেন অঞ্জন চৌধুরী পিন্টু, লোকমান হোসেন ভ্্ূঁইয়া ও মনির আহমেদ। এই ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক বাদল রায়। তবে এই কমিটিতে রাখা হয়েছে বাফুফে কর্মকর্তাদেরও। বাফুফে সভাপতি এস এ সুলতানকে উপদেষ্টা ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুকে ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে।
আগামী ২৮ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিশ্চিত করেছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান, কলকাতা মোহামেডান ও নেপালের এন আরটি। থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে দল আনারও চেষ্টা করছে আয়োজকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০২ঘ.
bdnews24