২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালাদোলিদের মাঠে বার্সেলোনার হোঁচট

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান সমান রাখার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু সেই সুযোগটা হেলায় হারিয়েছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। বৃহস্পতিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ভ্যালাদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। প্রতিপক্ষ স্ট্রাইকার জোসেবা লরেন্তের গোলে পিছিয়ে পড়ার রোনালদিনিয়োর লক্ষ্যভেদ মান বাঁচিয়েছে 'বার্সা'র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

মাদ্রিদ, ২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান সমান রাখার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু সেই সুযোগটা হেলায় হারিয়েছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। বৃহস্পতিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ভ্যালাদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। প্রতিপক্ষ স্ট্রাইকার জোসেবা লরেন্তের গোলে পিছিয়ে পড়ার রোনালদিনিয়োর লক্ষ্যভেদ মান বাঁচিয়েছে 'বার্সা'র। এ মৌসুমে ভ্যালাদোলিদের অবস্থা একদমই ভাল নয়। প্রথম ম্যাচে এসপানিওলকে হারালেও এর পর আর কোনো ম্যাচে জয় পায়নি তারা। ঘরের মাঠ জোরিল্লায় সেই ভ্যালাদোলিদই শুরু থেকে চাপের মধ্যে ফেলে দেয় বার্সেলোনাকে। প্রতিপক্ষ অধিনায়ক কার্লোস পুয়োলকে পেছনে ফেলে জোনাথন সেসমার শট জালের পাশে জড়িয়ে যাওয়া এবং সিসির প্রচেষ্টা ভিক্টর ভালদেসের ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেয়ার পর এগিয়ে যায় স্বাগতিকরা। ১৬ মিনিটে ডান দিক থেকে বাড়ানো সেসমার দারুণ এক ক্রস থেকে তাদের এগিয়ে দেন লরেন্তে। বিরতির আগেই অবশ্য সমতায় ফিরেছে স্প্যানিশ লিগের রানার্সআপরা। বিরতির তিন মিনিট আগে জাভির ডিফেন্স-চেরা এক থ্রু ধরে, 'মার্কার'কে বোকা বানিয়ে, ভ্যালাদোলিদের গোলকিপার আলবার্তোর মাথার ওপর দিয়ে দারুণ এক গোল করেছেন ইদানিং বাজে ফর্মের জন্য সমালোচিত রোনালদিনিয়ো। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে এগিয়ে যাবার সুযোগও এসেছিল 'বার্সা'র সামনে। কিন্তু লিওনেল মেসির গড়া আক্রমণ থেকে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড বোজান কিরকিচের শট বাধা পায় পোস্টে। এর পর সেসমার দুটো প্রচেষ্টা নষ্ট করে দিয়ে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনাকে পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়েছেন গোলকিপার ভালদেস। ড্র করায় ১০ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ হল ২১ পয়েন্ট। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদে চেয়ে তারা এখন ৪ পয়েন্ট পিছিয়ে। ভিলারিয়ালের পয়েন্টও ২১, তবে গোলগড়ে দ্বিতীয় স্থানে আছে 'বার্সা'। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৩ঘ.